প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্তব্য করেছেন যে, শিশুদের শৈশবকাল থেকেই দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা দলগত কাজ, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের সেবায় আত্মনিয়োগের শিক্ষা অর্জন করে। এই গুণাবলী একজন শিশুকে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
রোববার (০১ আগস্ট) সন্ধ্যার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরি ২০২৬’-এর মহা তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক এবং নৈতিক বিকাশ নিশ্চিত করা। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং এবং সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নেতৃত্বের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাথমিক শিক্ষায় এসব কার্যক্রমকে আরও উৎসাহিত করতে হবে।
তিনি যোগ করেন, শিশুরা যেন আনন্দের মাধ্যমে শিখতে পারে এবং নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন