০৬:০৬ পি.এম
বাংলাদেশে হৃদ্রোগের মৃত্যুর প্রধান কারণ হিসেবে উচ্চ রক্তচাপ চিহ্নিত হয়েছে। ২০২৪ সালে দেশে হৃদ্রোগে মৃত্যুর সংখ্যা প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ জন। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ। এই পরিস্থিতির মোকাবিলায় বিশেষজ্ঞরা স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন এবং উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা অত্যাবশ্যক।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক একটি সাংবাদিক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগের কারণে প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জনের মৃত্যু ঘটে। মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই এসব রোগের কারণে ঘটে। এসব মৃত্যুর মধ্যে ১৯ শতাংশ অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে উচ্চ রক্তচাপ প্রথম অবস্থানে রয়েছে।
এত বড় স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারি বরাদ্দ কম রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ ব্যয় হয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে। পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নারগুলোতে বিনা মূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ ব্যাহত হচ্ছে।
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, ‘চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা প্রশংসনীয়। এখন এই বর্ধিত বরাদ্দের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনিয়োগ করা জরুরি।’
গণমাধ্যমে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে চ্যানেল 24-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচারণা চালানোর প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— জিএইচএআইয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম, বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
এছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা দেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন