ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

তেলের দাম বৃদ্ধির প্রভাবে চীনের বৈদ্যুতিক গাড়ি রফতানি ১৪৫% বেড়েছে


তেলের দাম বৃদ্ধির প্রভাবে চীনের বৈদ্যুতিক গাড়ি রফতানি ১৪৫% বেড়েছে

মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র মূল্যবৃদ্ধির ফলে আন্তর্জাতিক অঙ্গনে চীনা বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট শিল্প খাতের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসে চীনের ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড যাত্রীবাহী গাড়ির বৈশ্বিক রফতানি গত বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ১৪৪ দশমিক ৭ শতাংশ (প্রায় ১৪৫%) বৃদ্ধি পেয়েছে।

চীনের যাত্রীবাহী গাড়ি সমিতি (সিপিসিএ)-এর প্রকাশিত তথ্যে জানা গেছে, অক্টোবর মাসে দেশটি থেকে মোট ৫ লাখ ৮২ হাজার নতুন জ্বালানির যাত্রীবাহী গাড়ি (এনইভি) বিদেশে রফতানি হয়েছে, যা সেপ্টেম্বর মাসের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি। এর ফলে টানা দ্বিতীয় মাসের মতো চীনা ইভি রপ্তানি নতুন সর্বকালের রেকর্ড স্পর্শ করেছে। এছাড়া চীনের সামগ্রিক যাত্রীবাহী গাড়ি রফতানির মধ্যে ইভি ও হাইব্রিড গাড়ির অংশ ৬২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে, যা এক বছর আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রথম দশ মাসে চীনের নতুন জ্বালানিচালিত গাড়ি রফতানি প্রায় ৪৪ লাখ ৭২ হাজার ইউনিটে পৌঁছেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ১৩৯ দশমিক ৭ শতাংশ বেশি। অক্টোবর মাসের মোট রফতানিকৃত ইভির মধ্যে পূর্ণাঙ্গ ব্যাটারিচালিত গাড়ির অংশ ৬১ দশমিক ৭ শতাংশ এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ির অংশ ৩৩ দশমিক ৭ শতাংশ ছিল।

আরও পড়ুন: জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামিপূর্ণ’ বললেন গ্রেটা থুনবার্গ

একক কোম্পানি হিসেবে গাড়ি রফতানিতে শীর্ষে রয়েছে বিওয়াইডি, যাদের একক রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৬৫ হাজার ১৯৪টি। তাদের পরেই রয়েছে চেরি, গিলি এবং টেসলা চায়না।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংকটের কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং পেট্রল-ডিজেলের উচ্চমূল্য সাধারণ ভোক্তাদের দ্রুত অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন (আইসিই) চালিত সনাতন গাড়ির বদলে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকতে বাধ্য করেছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি, টেকসই ব্যাটারি সক্ষমতা এবং পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সাশ্রয়ী মূল্যের কারণে বিশ্ববাজারে চীনা নির্মাতাদের অবস্থান আরো সুসংহত হচ্ছে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ এগ্রো ফিড পেল আন্তর্জাতিক মানের আইএসও, জিএমপি ও এইচএসিসিপি সনদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


আকিজ এগ্রো ফিড পেল আন্তর্জাতিক মানের আইএসও, জিএমপি ও এইচএসিসিপি সনদ

আন্তর্জাতিক মানের উৎপাদনব্যবস্থা, পশুখাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) সনদ পেয়েছে।

ইন্টারটেক বাংলাদেশের কাছ থেকে এসব সনদ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, "আন্তর্জাতিক সনদ অর্জন এককালীন সাফল্য নয়, বরং ধারাবাহিক উন্নয়নের যাত্রা। এ ধরনের স্বীকৃতি গ্রাহকের আস্থা বৃদ্ধি, অন্যান্য প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে উৎসাহিত করা এবং দেশের পশুখাদ্য শিল্পের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, "শুধু বিক্রয় ও মুনাফা নয়, পণ্যের গুণগত মান, উৎপাদনব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টিই শিল্প খাতে নেতৃত্ব অর্জনের মূল ভিত্তি।" উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সনদ অর্জনে ইন্টারটেক বাংলাদেশসহ সংশ্লিষ্ট দলগুলোর অবদানের প্রশংসা করেন।

আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, "দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নকে সমন্বিত করার বিষয়ে আকিজ রিসোর্স প্রতিশ্রুতিবদ্ধ।" সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি, ইএসজি কার্যক্রমের মূল্যায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে আকিজ রিসোর্সকে দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক উৎকর্ষের অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন ও সরবরাহ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগির খাদ্য, দুগ্ধজাত গবাদিপশুর খাদ্য এবং তেলাপিয়াসহ বিভিন্ন মাছের খাদ্য।

প্রতিষ্ঠানটির দাবি, আন্তর্জাতিক এসব সনদ অর্জনের ফলে উৎপাদনব্যবস্থার মানোন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় তাদের সক্ষমতা আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির অর্থ পরিশোধে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির অর্থ পরিশোধে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান সংক্রান্ত নতুন ব্যাখ্যা দিয়েছে। ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এলসি) অথবা অন্য কোনো ধরনের পেমেন্ট কমিটমেন্ট ইস্যুর বিষয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে কি না, তার ভিত্তিতে অর্থ পরিশোধের নিশ্চয়তা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) বুধবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসকে নির্দেশনাটি জানাতে বলা হয়েছে।

সার্কুলারের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩২-এর পার্ট-এ-এর ৮(৫) অনুচ্ছেদে বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা উদ্বৃত্ত অর্থের বিপরীতে তাদের এজেন্ট গ্রাহকদের পক্ষে ব্যাংক গ্যারান্টি, স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট অথবা অন্য কোনো ধরনের পেমেন্ট কমিটমেন্ট ইস্যুর অনুমতি দেওয়া হয়েছিল।

নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এই সুবিধা কেবল তাদের জন্য প্রযোজ্য হবে, যারা বিদেশি এয়ারলাইনস বা শিপিং কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেন, যেসব প্রতিষ্ঠানের বাংলাদেশে কোনো ব্যবসায়িক কার্যক্রম নেই। বিষয়টি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ১৮-বি ধারার বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

অন্যদিকে, যেসব বিদেশি এয়ারলাইনস বা শিপিং কোম্পানির বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে, তাদের ক্ষেত্রে পেমেন্ট কমিটমেন্ট ইস্যু করতে হবে স্থানীয় কার্যক্রমের জন্য এবং তা বাংলাদেশি মুদ্রা অর্থাৎ টাকায় প্রদান করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এই ব্যাখ্যার ফলে বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির এজেন্টদের পাওনা অর্থ পরিশোধের নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে কোন পরিস্থিতিতে কী ধরনের পেমেন্ট কমিটমেন্ট প্রদান করা যাবে, তা আরও পরিষ্কার হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতরা।

এদিকে ডাকাতির কয়েক ঘণ্টা পর পাশের একটি পোস্ট অফিসের ভেতর থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্ব রাত আড়াইটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে ডাকাতির ওই ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ছয়জনের একটি মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে মোজাহারুল ইসলাম তালুকদারের বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের সবার পরনে শর্ট প্যান্ট ও মাথায় টুপি ছিল। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র (বন্দুক) এবং অন্যদের হাতে দেশীয় অস্ত্র (চাপাতি) ছিল।

ভেতরে ঢুকেই তারা মোজাহারুল ইসলাম তালুকদারের স্ত্রী ও এক গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘর তল্লাশি করে নগদ ৫-৬ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

এদিকে, ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একই গ্রামের নগরবাড়ী পোস্ট অফিসের ভেতর থেকে সুমন (৩০) নামে এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। সুমন ওই গ্রামের ওমর আলী ড্রাইভারের ছেলে। পোস্ট অফিসের কর্মচারীরা সকালে অফিস খুলতে গিয়ে দেখেন, ভেতরের দুটি তালা কাটা এবং সুমন ভেতরে আটকা পড়ে আছেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ডাকাত দলের সদস্যরা পালানোর সময় সুমনকে পোস্ট অফিসের ভেতরে রেখে যেতে পারে। তবে তিনি নিজেও এ ডাকাতির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) ওসি এবিএমএস দোহাসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, পোস্ট অফিসের ভেতর থেকে উদ্ধার হওয়া সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার গুজব, পোস্টকারীর ভুল স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার গুজব, পোস্টকারীর ভুল স্বীকার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়ার সাউদপাড়াস্থ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে—এমন একটি ফেসবুক পোস্টের কারণে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে গিয়ে হামলা বা ভাঙচুরের কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারাও এমন কোনো ঘটনার কথা অস্বীকার করেছেন। পরে ওই পোস্টের তথ্যের সত্যতা যাচাই না করে প্রকাশের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন পোস্টদাতা সাংবাদিক শাহ আলী তৌফিক রিপন।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দৈনিক আমার দেশ পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি শাহ আলী তৌফিক রিপন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে (Shah Ali Toufiq Ripon) একটি পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, আগের দিন ৯ নভেম্বর কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (যদিও হবে যুগ্ম সম্পাদক হবে) কামরুল হাসান ভূঁইয়ার সাউদপাড়াস্থ বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। একই পোস্টে ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

তাঁর ওই ফেসবুক পোস্টের সূত্র ধরে বুধবার (১১ নভেম্বর) বেলা ১টার দিকে সরেজমিনে বাড়িটিতে গিয়ে সাম্প্রতিক হামলা বা ভাঙচুরের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িটিতে হামলা কিংবা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। এমনকি এ ধরনের কোনো ঘটনার খবরও তাঁরা শোনেননি। তাঁদের ভাষ্য, বাড়িটি দীর্ঘদিন ধরে লোকজনশূন্য অবস্থায় পড়ে আছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা বলেন, ফেসবুকে প্রচারিত হামলা ও ভাঙচুরের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচারের ঘটনায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পোস্টদাতা শাহ আলী তৌফিক রিপন মুঠোফোনে জানান, অন্য একটি ফেসবুক পোস্টের তথ্যের ভিত্তিতে তিনি ওই পোস্টটি করেছিলেন। সরেজমিনে তথ্য যাচাই না করে এমন পোস্ট করা তাঁর ঠিক হয়নি। পরবর্তী সময়ে তিনি একটি সংশোধিত পোস্টও দিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ তাঁদের কাছে নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%