০৬:৫৪ পি.এম
ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ইতালির বিভিন্ন স্থানে একই ধরনের হুমকিবার্তা আসার পর শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভ্যালদিতারা গণমাধ্যমকে জানান, দেশজুড়ে অন্তত ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি এসেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। তবে তিনি মনে করেন যে, হুমকিগুলো ভুয়া হতে পারে।
রাজধানী রোমের একটি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের মেসেজিং অ্যাপের মাধ্যমে জানায়, দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকির কারণে সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। শিক্ষকেরা তাদের তত্ত্বাবধানে রয়েছেন।
আরও পড়ুন: আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম ৩ লাখ ডলার
ভ্যালদিতারা বলেন, বিপুলসংখ্যক স্কুলে একই ধরনের হুমকি আসার কারণে এসব হুমকির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
রয়টার্সের হাতে আসা হুমকিবার্তার একটি অনুলিপি অনুযায়ী, ইমেইলটি ‘মিখাইল আন্দ্রোপভ, ভিলায়াত অব মিসোজিনিস্তানের নেতা’ পরিচয়ে পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে একই পরিচয়ে ইমেইলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। ওই হুমকিগুলোর দায়ও একই ব্যক্তি বা গোষ্ঠী দাবি করেছিল।
রোম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ইতালির পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আরও পড়ুন: শীতের জ্বালানি সহায়তায় ১ হাজার ৮৬ ডলার পাবে নিম্ন-মধ্যম আয়ের পরিবার
ইউরোপজুড়ে সাম্প্রতিক সময়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধের’ হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা ও টেলিভিশন সম্প্রচারকেন্দ্রকে লক্ষ্য করে এ ধরনের হুমকি ও হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন