০৭:০৬ পি.এম
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন। জীবনের এই বিশেষ অধ্যায়ের বিভিন্ন মুহূর্ত তিনি তার ভক্ত-অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন। তবে বর্তমানে প্রচলিত জাঁকজমকপূর্ণ মাতৃত্বকালীন ফটোশুটের পথে হাঁটেননি এই অভিনেত্রী। বরং, ঘরোয়া পরিবেশে সোফায় বসে স্ফীতোদরের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সামাজিক মাধ্যমে একটি স্ফীতোদরের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সোফায় কুশনের ওপর হেলান দিয়ে আরাম করে বসে আছেন তিনি। তার পরনে লাল রঙের ছাপা কুর্তা ও সাদা পাজামা, এবং চোখে সানগ্লাস— দুই হাত দিয়ে আগলে রেখেছেন স্ফীতোদর।
ছবির ক্যাপশনে অভিনেত্রী উল্লেখ করেছেন— 'এটাকেই আমার মাতৃত্বকালীন ফটোশুট বলে ধরে নিন।' কারণ, তিনি আলাদা করে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন করতে চাননি, বরং নিজের স্বাভাবিক ছন্দে এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে চেয়েছেন। ছবিটি প্রকাশিত হওয়ার পর থেকেই সামান্থাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
আরও পড়ুন: নিরাপত্তার কারণে বাতিল লাকি আলীর বাংলাদেশ সফর
অভিনেত্রীর স্বামী এবং পরিচালক রাজ নিদিমোরুর সাথে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন সামান্থা রুথ প্রভু। ২০২৫ সালের ১ ডিসেম্বর ইশা যোগ কেন্দ্রে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। চলতি বছরের জুন মাসে, নিজের ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন তিনি। সেই সময়, তিনি জানিয়েছিলেন, পেশাগত কাজের দায়িত্ব শেষ করে কিছু দিনের জন্য অভিনয় থেকে বিরতি নেবেন।
সম্প্রতি, তার জীবনের এই বিশেষ অধ্যায়কে কেন্দ্র করে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নাম সীমন্তম। সেই ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সামান্থা রুথ প্রভু। ঐতিহ্য মেনে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ নিদিমোরুও। হবু বাবা হিসেবে রাজের দায়িত্ব পালনের কিছু ঝলকও ভক্ত-অনুরাগীদের সাথে শেয়ার করেছেন অভিনেত্রী। এমনকি সন্তানের আসার প্রস্তুতিতে রাজকে ‘বেবি মনিটরের স্ট্যান্ড’ তৈরি করতে দেখা গেছে।
মাতৃত্বের শেষ পর্যায়ে পৌঁছেও, নিজের শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম মাস থেকে নবম মাস পর্যন্ত শরীরচর্চার বিভিন্ন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন তিনি। একদিকে মাতৃত্বের প্রস্তুতি, অন্যদিকে কাজ থেকে সাময়িক বিরতি— সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়কে নিজের মতো করে উপভোগ করছেন অভিনেত্রী।
আরও পড়ুন: আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনা কাপুরকে আইনি নোটিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন