ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সার বিতরণ তদারকিতে বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত : কৃষিমন্ত্রী


সার বিতরণ তদারকিতে বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত : কৃষিমন্ত্রী

সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : মাঠপর্যায়ে সারের প্রাপ্যতা ও বিতরণ সুনিশ্চিত করতে সরকার বিশেষ টাস্কফোর্স এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সারের সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয়ের কার্যক্রমের সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ে একটি সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এম রফিকুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরে সার ভর্তুকির জন্য সরকার ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। মাঠপর্যায়ে সারের সরবরাহ ও বিতরণে সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি উল্লেখ করেন, দেশের ৬৪ জেলায় সার মনিটরিং কার্যক্রম জোরদার করার জন্য মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সার পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের দুইজন যুগ্মসচিব ও দুইজন উপসচিবের সমন্বয়ে একটি চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিয়মিতভাবে সার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের জন্য সরকার ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় কৃষকদের ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কুষ্টিয়া-২ আসনের বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য এম আব্দুল গফুরের আরেকটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সমন্বিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা, ২০২৬’ অনুযায়ী সার ডিলার নিয়োগ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই নীতিমালার আওতায় বিদ্যমান ডিলারদের পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে একজন করে নতুন সার ডিলার নিয়োগের কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, সারের প্রকৃত চাহিদা নিরূপণ, পর্যাপ্ত মজুত নিশ্চিত করা, আমদানি, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ, মাঠপর্যায়ে বিতরণ এবং সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত তদারকির মাধ্যমে সার পরিস্থিতি স্থিতিশীল রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম

নীলফামারী-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য এম আব্দুস সাত্তারের অপর এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, ‘সমন্বিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা, ২০২৬’ অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে সার ডিলার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তদন্তে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, নতুন নিয়োগপ্রাপ্ত ডিলারদের কার্যক্রম প্রথম তিন মাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এই সময়ে কোনো ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেলে তাঁর ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের বিধান রাখা হয়েছে।

আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

আনতালিয়া (তুরস্ক), ১১ নভেম্বর, ২০২৬ : উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

আজ বিকেলে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে সম্মেলনস্থলে দুই নেতা বৈঠকটি সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকটি বিকেল পৌনে ৩টায় শুরু হয়ে প্রায় আধাঘণ্টা ধরে চলেছিল।

বৈঠকের সময় বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দুই নেতা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে সাংবাদিকদের ২ ঘণ্টা অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিলেন ডিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


মুন্সীগঞ্জে সাংবাদিকদের ২ ঘণ্টা অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিলেন ডিসি

মুন্সীগঞ্জের মেঘনা ও ফুলদী নদীসংলগ্ন অঞ্চলে নদী, খাল এবং তিন ফসলি জমি ভরাট করে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ‘থ্রি অ্যাঙ্গেল মেরিন’ প্রতিষ্ঠার অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের বক্তব্য নিতে গিয়ে তিন সাংবাদিক প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করে ফিরে এসেছেন।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করেও তারা বক্তব্য সংগ্রহে ব্যর্থ হন। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সূত্রে জানা যায়, থ্রি অ্যাঙ্গেল মেরিনের বিরুদ্ধে সরকারি খাসজমি, নদী, খাল এবং স্থানীয়দের ফসলি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর বক্তব্য জানার জন্য আরটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ এবং বাংলা এডিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন তার কার্যালয়ে যান।

সাংবাদিকরা অভিযোগ করেন, বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে স্টাফ অফিসার ও সহকারী কমিশনার উম্মে নাজনীন নিশাতের মাধ্যমে সাক্ষাতের চেষ্টা করেন। এ সময় তাদের ভিজিটিং কার্ড নিয়ে অপেক্ষা করতে বলা হয়। একাধিকবার আলোচনার বিষয় জানতে চাওয়া হলেও থ্রি অ্যাঙ্গেল মেরিনের বিষয়ে বক্তব্য নেওয়ার কথা জানানো হয়। এরপরও প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও জেলা প্রশাসকের বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভির প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন বলেন, "প্রায় তিন মাস আগে একই বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য জানতে চাওয়ার পর তিনি দুই দিন সময় নিয়েছিলেন। পরবর্তী সময়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। বুধবার সরাসরি কার্যালয়ে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পর বক্তব্য ছাড়াই ফিরে আসতে হয়েছে।"

তিনি আরও জানান, সাংবাদিকরা অসন্তোষ প্রকাশ করলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জেলা প্রশাসকের ব্যস্ততার কথা উল্লেখ করে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান বলে অভিযোগ করেন লিংকন।

বাংলা এডিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন বলেন, "গুরুত্বপূর্ণ একটি জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদে বক্তব্য নিতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এতে আমাদের অন্যান্য সংবাদ সংগ্রহ ও প্রচার কার্যক্রম ব্যাহত হয়েছে। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ জানাবেন বলেও জানান তিনি।"

বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ বলেন, "জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বক্তব্য চাইতে গিয়ে সাংবাদিকদের প্রায়ই অসহযোগিতার মুখে পড়তে হয়। একাধিকবার ফোন করেও জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা জরুরি।"

এ বিষয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করেন। তিনি জানান, বিভাগীয় কমিশনার বৈঠকে রয়েছেন এবং বিষয়টি তাকে অবহিত করা হবে। তবে পরবর্তী সময়ে একাধিকবার ফোন করেও বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছরে ৫ লাখ পরিবারকে খাসজমি প্রদান: ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


১৫ বছরে ৫ লাখ পরিবারকে খাসজমি প্রদান: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানিয়েছেন, ২০১১-২০১২ অর্থবছর থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত মোট ৪ লাখ ৯৪ হাজার ৮৬৯টি পরিবারকে ১,২২,৫৪৪.৩০৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নিলোফার চৌধুরী মনি প্রশ্নে জানতে চান, (ক) বিগত ১৫ বছরে সারা দেশে কতজন ভূমিহীনকে কী পরিমাণ খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে; জমির পরিমাণসহ উপজেলা-ওয়ারি ভূমিহীনদের নাম ও ঠিকানা কী; এবং (খ) কী কী শর্তে উক্ত জমি বরাদ্দ দেওয়া হয়েছে?

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জবাবে বলেন, সারাদেশে ২০১১-২০১২ অর্থবছর থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত মোট ৪,৯৪,৮৬৯টি পরিবারকে ১,২২,৫৪৪.৩০৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, কৃষি খাসজমি বন্দোবস্তের তথ্য জেলা ও উপজেলা পর্যায়ে সংরক্ষিত রয়েছে।

তিনি আরও জানান, কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ অনুযায়ী বন্দোবস্ত-সংক্রান্ত সকল কার্যক্রম জেলা প্রশাসকরা পরিচালনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরের অভয়নগরে খেজুর গাছ প্রস্তুতের কাজ শুরু, ব্যস্ত সময় পার করছেন গাছিরা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


যশোরের অভয়নগরে খেজুর গাছ প্রস্তুতের কাজ শুরু, ব্যস্ত সময় পার করছেন গাছিরা

শীতের আগমন ধীরে ধীরে অনুভূত হচ্ছে। প্রকৃতিতে শীতের আগমনী বার্তার প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। এই শীতের আগমনী বার্তা উপলক্ষে যশোরের অভয়নগরে খেজুর গাছ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। গাছের মাথা পরিষ্কার করা থেকে শুরু করে রস সংগ্রহের প্রস্তুতি—সব মিলিয়ে গাছিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁদের বক্তব্য, "খেজুরের রস আর গুড়ের মিষ্টি ঘ্রাণে জমে উঠবে গ্রামবাংলার শীতের আমেজ।" স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবছর অভয়নগর উপজেলায় প্রায় ৪২০ জন গাছি গাছ তোলা ও রস সংগ্রহের কাজ শুরু করেছেন। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে গুড় উৎপাদন শুরু হবে।

বিভিন্ন রঙের ফুলের মেলা, খেজুর গুড়ের জন্য যশোর জেলা প্রসিদ্ধ। শীত এলেই খেজুরের রস ও গুড়ের মিষ্টি ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে এই অঞ্চলের গ্রামবাংলা। শীতের আগমনী বার্তা পেতেই অভয়নগরের গ্রামে গ্রামে খেজুর গাছ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। রাস্তার ধারে কিংবা ফসলি জমির আইলে দাঁড়িয়ে থাকা খেজুর গাছের মাথা পরিষ্কার করতে ব্যস্ত গাছিরা। তাঁরা হাতে ধারালো দা, কোমরে দড়ি নিয়ে নিপুণ হাতে গাছের মাথা পরিষ্কার করে রস সংগ্রহের উপযোগী করে তুলছেন।

নওয়াপাড়া গ্রামের গাছি নওশের আলী জানিয়েছেন, গাছের মাথা পরিষ্কারের পর নির্দিষ্ট সময়ের জন্য গাছগুলোকে বিশ্রামে রাখা হবে। এরপর শুরু হবে রস সংগ্রহের প্রক্রিয়া। সেই রস জ্বালিয়ে তৈরি হবে সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি। খেজুরের রস গ্রামবাংলার ঐতিহ্য ও শীতকালীন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতের সকালে, কুয়াশাভেজা পরিবেশে এবং টাটকা খেজুরের রস—সব মিলিয়ে তৈরি হবে এক চিরচেনা আবহ। এই মৌসুমে খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে শীতের আমেজ শুরু হয়। শীত যত বাড়বে, ততই বাড়বে খেজুরের রস সংগ্রহের ব্যস্ততা। সেই রস থেকে তৈরি হয় গুড় ও পাটালি। খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠাপুলির স্বাদে পূর্ণতা পায় বাঙালির শীতকালীন উৎসব।

অভয়নগর উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন জানিয়েছেন, বর্তমানে এই উপজেলায় ২৮ হাজার রস আহরণকারী খেজুরের গাছ রয়েছে, যা থেকে প্রায় ৩১৬ মেট্রিক টন পর্যন্ত গুড় উৎপাদন হবে।

‘যশোরের যশ খেজুরের রস’—এ যেন এই অঞ্চলের মানুষের গর্ব এবং গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য। সচেতন মহল খেজুরের গাছ রোপণের পরামর্শ দিয়েছেন, যাতে এই রসের ঐতিহ্য রক্ষা করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%