০৭:৪৮ পি.এম
শীতের আগমন ধীরে ধীরে অনুভূত হচ্ছে। প্রকৃতিতে শীতের আগমনী বার্তার প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। এই শীতের আগমনী বার্তা উপলক্ষে যশোরের অভয়নগরে খেজুর গাছ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। গাছের মাথা পরিষ্কার করা থেকে শুরু করে রস সংগ্রহের প্রস্তুতি—সব মিলিয়ে গাছিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁদের বক্তব্য, "খেজুরের রস আর গুড়ের মিষ্টি ঘ্রাণে জমে উঠবে গ্রামবাংলার শীতের আমেজ।" স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবছর অভয়নগর উপজেলায় প্রায় ৪২০ জন গাছি গাছ তোলা ও রস সংগ্রহের কাজ শুরু করেছেন। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে গুড় উৎপাদন শুরু হবে।
বিভিন্ন রঙের ফুলের মেলা, খেজুর গুড়ের জন্য যশোর জেলা প্রসিদ্ধ। শীত এলেই খেজুরের রস ও গুড়ের মিষ্টি ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে এই অঞ্চলের গ্রামবাংলা। শীতের আগমনী বার্তা পেতেই অভয়নগরের গ্রামে গ্রামে খেজুর গাছ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। রাস্তার ধারে কিংবা ফসলি জমির আইলে দাঁড়িয়ে থাকা খেজুর গাছের মাথা পরিষ্কার করতে ব্যস্ত গাছিরা। তাঁরা হাতে ধারালো দা, কোমরে দড়ি নিয়ে নিপুণ হাতে গাছের মাথা পরিষ্কার করে রস সংগ্রহের উপযোগী করে তুলছেন।
নওয়াপাড়া গ্রামের গাছি নওশের আলী জানিয়েছেন, গাছের মাথা পরিষ্কারের পর নির্দিষ্ট সময়ের জন্য গাছগুলোকে বিশ্রামে রাখা হবে। এরপর শুরু হবে রস সংগ্রহের প্রক্রিয়া। সেই রস জ্বালিয়ে তৈরি হবে সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি। খেজুরের রস গ্রামবাংলার ঐতিহ্য ও শীতকালীন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শীতের সকালে, কুয়াশাভেজা পরিবেশে এবং টাটকা খেজুরের রস—সব মিলিয়ে তৈরি হবে এক চিরচেনা আবহ। এই মৌসুমে খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে শীতের আমেজ শুরু হয়। শীত যত বাড়বে, ততই বাড়বে খেজুরের রস সংগ্রহের ব্যস্ততা। সেই রস থেকে তৈরি হয় গুড় ও পাটালি। খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠাপুলির স্বাদে পূর্ণতা পায় বাঙালির শীতকালীন উৎসব।
আরও পড়ুন: হবিগঞ্জে প্রশাসনিক সিদ্ধান্তে বাউল গানের আসর বন্ধ
অভয়নগর উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন জানিয়েছেন, বর্তমানে এই উপজেলায় ২৮ হাজার রস আহরণকারী খেজুরের গাছ রয়েছে, যা থেকে প্রায় ৩১৬ মেট্রিক টন পর্যন্ত গুড় উৎপাদন হবে।
‘যশোরের যশ খেজুরের রস’—এ যেন এই অঞ্চলের মানুষের গর্ব এবং গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য। সচেতন মহল খেজুরের গাছ রোপণের পরামর্শ দিয়েছেন, যাতে এই রসের ঐতিহ্য রক্ষা করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন