১১:১৩ পি.এম
ফরিদপুরে কোচিংয়ে যাওয়ার সময় সৌম্যদীপ সিকদার (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে। দুর্ঘটনায় তার বাবা সুমন সিকদারও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে স্কুল শিক্ষার্থীর মরদেহ বাড়িতে নিয়ে আসার সময় পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
দুর্ঘটনাটি ঘটেছিল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন
নিহত সৌম্যদীপ ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ‘ঘ’ শাখার শিক্ষার্থী ছিল। তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের ব্যবসায়ী সুমন সিকদারের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাবা সুমন সিকদার মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে ছেলে সৌম্যদীপকে নিয়ে শহরের একটি কোচিং সেন্টারে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী রাস্তার মোড়ে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সৌম্যদীপের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সৌম্যদীপ মারা যান।
এদিকে দুর্ঘটনায় আহত বাবা সুমন সিকদার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতে সৌম্যদীপের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের পায়নি। পরে জানতে পারি স্কুল শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে। পুলিশ ট্রাকটিকে খুঁজে বের করতে কাজ করছে।
আরও পড়ুন: দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপি কার্যালয়ের তালা কেটে অগ্নিসংযোগ, আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন