০৮:৩২ পি.এম
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র উপায় হলো আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ। তার মতে, তাকে ফিরিয়ে আনার জন্য দ্বিতীয় কোনো বিকল্প নেই।
শনিবার (২১ নভেম্বর) সুনামগঞ্জের দিরাইয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
শিশির মনির উল্লেখ করেছেন যে, প্রত্যর্পণ চুক্তির পদ্ধতি অনুসারে, বাংলাদেশ সরকার যদি অনুরোধ পাঠায়, তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে তিনবার জানতে চেয়েছে।
আরও পড়ুন: মারা গেলেন জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ বিপ্লব হোসেন
তিনি আরও বলেন, চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে হলে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই দেশে গ্রেফতার করা প্রয়োজন। পরে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এই ম্যাজিস্ট্রেটকে ‘এক্সট্রাডাইটিং ম্যাজিস্ট্রেট’ বলা হয়। যদিও তিনি ম্যাজিস্ট্রেট, তার ক্ষমতা হাইকোর্টের সমান। বাংলাদেশ থেকে পাঠানো কাগজপত্র সঠিক মনে হলে, তিনি প্রত্যর্পণের আদেশ দেবেন। এরপর দুই সরকারের সুবিধাজনক সময় ও স্থান নির্ধারণ করে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
উদাহরণ হিসেবে শিশির মনির বলেন, এ আইনের আওতায় ইতোমধ্যে দুজনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে একজন হলেন অনুপ চেটিয়া এবং অন্যজন নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেন।
শেখ হাসিনার স্ট্যাটাস সম্পর্কে তিনি জানান, লোকসভার রিপোর্ট অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তির স্ট্যাটাস হলো ‘হিউম্যানিটারিয়ান রিফিউজ’, যা মানবিক আশ্রয়। অস্তিত্বের সংকটে থাকা ব্যক্তিদের এ ধরনের আশ্রয় দেওয়া হয়। ব্যক্তিগতভাবে এই স্ট্যাটাস বাতিল করা সম্ভব নয়। এজন্য ভারত সরকারকে আগে স্ট্যাটাস পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই। এক সরকার অন্য সরকারের কাছে প্রত্যর্পণ করে।
জামায়াত ও বিএনপির ঐক্য প্রসঙ্গে শিশির মনির বলেন, সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সমালোচনার পরিবেশ থাকা প্রয়োজন। গালাগালি, বাজে শব্দের ব্যবহার ও অপমান বন্ধ করা উচিত। বিরোধী দল কিংবা সরকারি দল, যে পক্ষই এমন আচরণ করুক না কেন, তাকে থামাতে হবে। জুলাই আন্দোলনের প্রাপ্তি ও গণভোটের গুরুত্ব দিতে হবে। ৫ আগস্টের চেতনার বাইরে গেলে রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ হবে, এ বিষয়ে সবাই একমত।
আরও পড়ুন: ৩ ডিসেম্বর জকিগঞ্জে আসছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
ওসমান হাদী হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে শিশির মনির বলেন, এ মামলায় একটি অভিযোগপত্র দেওয়া হলেও বাদীপক্ষ তা গ্রহণ না করে নারাজি আবেদন করেছে। ফলে মামলাটি আবার অধিকতর তদন্তে গেছে। এখন মূল প্রশ্ন হলো, মোটরসাইকেল থেকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, সেটির সরবরাহ কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা ষড়যন্ত্রকারী ছিল। শুধু কে গুলি করেছে, তা বের করলেই হবে না; এটি কোনো পরিকল্পনা বা নকশার অংশ কি না, তাও খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা দক্ষ। তবে তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তদন্তে হস্তক্ষেপ করা হলে তা দুর্বল হয়ে যায়। সাগর-রুনি হত্যা মামলার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল। সরকার বিচার চায়। আদালত নারাজি আবেদন গ্রহণ করায় এখন অধিকতর তদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করতে হবে।
মতবিনিময় সভায় দিরাই প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাবেক আহ্বায়ক শোয়েব হাসান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চরমোনাইয়ের মাহফিলের নতুন তারিখ ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন