প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজায় ইসরাইলের সামরিক অভিযানের ফলে ব্যাপক প্রাণহানি ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও, ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি মনে করেন, ভারতের জাতীয় ও কৌশলগত স্বার্থের জন্য ইসরাইলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অপরিহার্য। একইসঙ্গে, দিল্লির স্বাধীনভাবে অস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত।
বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপের সঙ্গে আলোচনার সময় রাহুল গান্ধী এসব কথা বলেন। তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত ওই আলোচনায় ভারতীয় পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে দেশের অবস্থান নিয়েও আলোচনা হয়।
রাহুল গান্ধী বলেন, "ইসরাইলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা দেশটি থেকে অস্ত্র কিনি। ইসরাইলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টিকে আমি পুরোপুরি সমর্থন করি।"
তিনি আরও বলেন, "ভারতের সশস্ত্র বাহিনীর জন্য যেসব অস্ত্র সবচেয়ে উপযোগী, সেগুলো কেনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিল্লির থাকা উচিত। অন্য কোনো দেশের অগ্রাধিকার বা পররাষ্ট্রনীতির দ্বারা ভারতের সিদ্ধান্ত পরিচালিত হওয়া উচিত নয়।"
রাহুল গান্ধী উল্লেখ করেন, "আমরা অনেক বড় একটি দেশ। আমাদের জনসংখ্যা ১৫০ কোটি। তাই আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত ভারতের জন্য কোনটি ভালো, তা বিবেচনা করে; অন্যদের জন্য কোনটি ভালো, সেটি দিয়ে নয়।"
গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করলেও, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানাতে ভুলেননি তিনি। তার ভাষায়, "বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলোচনার ভিডিও প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন কংগ্রেস নেতা।
রাহুল গান্ধীর এই বক্তব্যের দিনেই ইসরাইলের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতার নতুন একটি চুক্তির তথ্য সামনে আসে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তি ঘোষণা করে।
গত ১৮ নভেম্বর স্বাক্ষরিত চুক্তির আওতায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে স্থাপিত বারাক পয়েন্ট ডিফেন্স ক্ষেপণাস্ত্রব্যবস্থার আধুনিকায়ন করা হবে। এতে হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নয়নের পাশাপাশি পুরোনো যন্ত্রাংশ ব্যবস্থাপনার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
রাহুল গান্ধীর বক্তব্য ও নতুন এই চুক্তি আবারও প্রমাণ করে যে, ইসরাইলের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা ভারতের রাজনৈতিক অঙ্গনে গভীরভাবে প্রতিষ্ঠিত।
চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরাইলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলেব্রাইটের কাছ থেকে ফোন আনলক করার একটি প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এই প্রযুক্তি কেনার উদ্যোগ নিয়েছে।
এ ছাড়া কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যের বিরুদ্ধে ইসরাইলি প্রতিষ্ঠানের কাছ থেকে মোবাইল ফোনের তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনার অভিযোগ তুলেছেন অধিকারকর্মীরা।
রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এক স্থানীয় অধিকারকর্মী বলেন, "তার বক্তব্যে স্ববিরোধিতা রয়েছে।" পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মী বলেন, "একদিকে রাহুল বলছেন ভারতের পররাষ্ট্রনীতি দেশের স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত, অন্যদিকে তিনি এমন একটি দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে কথা বলছেন, যার কর্মকাণ্ড গত তিন বছরে আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।"
ওই কর্মীর মতে, "ভারতের সঙ্গে আরো ভালো সম্পর্ক বজায় রাখার প্রয়োজন ইসরাইলেরই বেশি, ভারতের নয়।"
দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ ঝাও রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করেছেন। তার মতে, ৭ অক্টোবরের হামলাকে গাজায় গণহত্যার সঙ্গে একইভাবে তুলনা করা আপত্তিকর।
তিনি বলেন, "ভারতের সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ভারত দেশটি থেকে অস্ত্র কেনে—এগুলো বাস্তবতা। কিন্তু এমন অস্ত্র বাণিজ্য শান্তির জন্য ক্ষতিকর। রাহুল গান্ধীর উচিত ছিল বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ভারত ও ইসরাইলের সম্পর্ক আরো গভীর হয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর কিছুদিন আগে ইসরাইল সফর করেন মোদি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বিভিন্ন সময়ে ভারতের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা ও বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়লেও ভারতে দেশটির প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
দ্য ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে জানা যায়, নেতানিয়াহু ভারতে ইসরাইলের প্রতি সমর্থনকে ‘অবিশ্বাস্য রকমের বেশি’ বলে বর্ণনা করেছিলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত জুলাইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরাইলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের বিভিন্ন অংশ পাঠানো হয়েছে। এসব চালানের মধ্যে ছিল কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যান তৈরির উপকরণ।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, গাজায় আন্তর্জাতিক অপরাধ সংঘটনের বিষয়ে ক্রমবর্ধমান তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও ইসরাইলে সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহযোগিতার দায়ে ভারতও আইনি জটিলতায় পড়তে পারে।
১৯৯২ সালের জানুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
তবে এর আগেই সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছিল। রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৮০-এর দশকে ইসরায়েলের সঙ্গে ভারতের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেন।
১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার আগে এটিকে গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের যোগাযোগ হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধীর শাসনামলে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার ভিত্তি তৈরি হয়েছিল।
কংগ্রেসের কয়েকজন নেতা গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে মোদি সরকারের অবস্থানের সমালোচনা করলেও, দলটি এখন পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানায়নি। এমনকি দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে মামলায় ভারতের যুক্ত হওয়ার দাবিও তোলেনি দলটি। ফলে ইসরাইলের সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রাখার প্রশ্নে ভারতের ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক শিবিরের অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য কতটা, তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন