ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অ্যাপেক সম্মেলনে ট্রাম্পের ঘুমিয়ে পড়া নিয়ে বিতর্ক, হোয়াইট হাউসের প্রতিবাদ


অ্যাপেক সম্মেলনে ট্রাম্পের ঘুমিয়ে পড়া নিয়ে বিতর্ক, হোয়াইট হাউসের প্রতিবাদ

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তৃতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুমিয়ে পড়ার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনে অনুষ্ঠিত ওই সম্মেলনের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচকদের মধ্যে বিভিন্ন মন্তব্য শুরু হয়েছে, তবে হোয়াইট হাউস এই অভিযোগগুলো সম্পূর্ণরূপে অস্বীকার করেছে।

ফুটেজে দেখা যায়, শি জিনপিং বিশ্ব বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় ৮০ বছর বয়সী ট্রাম্পের মাথা কিছুটা নিচের দিকে ঝুঁকে আসে এবং তাঁর দুই হাত সামনে জড়ো করা অবস্থায় প্রায় ১০ সেকেন্ডের মতো চোখ বন্ধ থাকে। এই ঘটনা ঘটে চীনের শেনঝেনে পৌঁছানোর দুই দিন পর, যখন ট্রাম্প এশিয়া সফরের শুরুতে ফিলিপাইনে গিয়েছিলেন। পর্যবেক্ষণে উঠে এসেছে যে, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বা জেট ল্যাগের কারণে এমনটি হতে পারে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সম্মেলনের ওই মুহূর্তের ভিডিও সামনে আসার পর ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সমালোচকরা তাঁর মনোযোগ এবং শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠান ও বৈঠকে ট্রাম্পের চোখ বন্ধ থাকা বা ক্লান্ত দেখানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তবে হোয়াইট হাউস এসব দাবিকে ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চিউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানান, বক্তব্য চলাকালীন প্রেসিডেন্ট ট্রাম্প ঘুমিয়ে পড়েননি; বরং তিনি সামনে থাকা কাগজপত্র মনোযোগ দিয়ে দেখছিলেন এবং তাঁর চোখ এদিক-ওদিক নড়ছিল। গণমাধ্যমের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলেন তিনি।

অ্যাপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা বিশ্বরাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

আরও পড়ুন: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ ডিসেম্বর জকিগঞ্জে আসছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


৩ ডিসেম্বর জকিগঞ্জে আসছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম আগামী ৩ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সফরে আসছেন। সফরের উদ্দেশ্য হলো জকিগঞ্জকে মুক্তিযুদ্ধের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করা। এই সফরটি সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে।

সফরের সময় স্পিকার কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করবেন। এরপর তিনি জকিগঞ্জের চারিগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন এবং উপজেলা সদরে জেলা প্রশাসনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন সম্মুখযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। ২২ নভেম্বর কানাইঘাটের চাপনগরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম। ওই যুদ্ধে মেজর হাফিজও অংশ নেন এবং তাঁর সামনে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। পরে তাঁকে কানাইঘাটের মাটিতেই সমাহিত করা হয়।

জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং ঐতিহাসিক স্থানগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তিনি গত ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

সফর বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি সিলেট সার্কিট হাউসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি। এতে সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এম এ কাইয়ূম চৌধুরী, মুফতি মোহাম্মদ আবুল হাসানসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সিলেট বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যরা সফরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ১০টায় হেলিকপ্টারে জকিগঞ্জে পৌঁছে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন স্পিকার। বিকেল ৪টায় তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের ২১ নভেম্বর সশস্ত্র যুদ্ধের মাধ্যমে জকিগঞ্জ হানাদারমুক্ত হয়। দিনটি স্থানীয়ভাবে ‘জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। মুক্তিযোদ্ধা ও স্থানীয় সচেতন নাগরিকেরা দীর্ঘদিন ধরে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন।

স্থানীয়দের প্রত্যাশা, স্পিকারের সফরের মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬ হাজার মানুষের চোখের চিকিৎসা ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬ হাজার মানুষের চোখের চিকিৎসা ক্যাম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ৬ হাজার মানুষের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সালমান ওমরের উদ্যোগে অনুষ্ঠিত এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সালমান ওমর উল্লেখ করেন, ২০১২ সাল থেকে তিনি হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসার কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষ এই কার্যক্রমের আওতায় চিকিৎসাসেবা লাভ করেছেন। তাদের মধ্যে প্রায় ৭ হাজার মানুষের ছানি অস্ত্রোপচার করা হয়েছে এবং ৫ হাজার মানুষকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।

সালমান ওমর আরো বলেন, এই চক্ষু চিকিৎসার কার্যক্রম কখনো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মানুষের জন্য সীমাবদ্ধ ছিল না। তিনি একটি রাজনৈতিক দলের সদস্য হলেও চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে কখনো কাউকে তার রাজনৈতিক পরিচয় বা এলাকার ভিত্তিতে বিচার করেননি। হালুয়াঘাট ও ধোবাউড়ার পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলার মানুষও এখানে চিকিৎসা নিতে এসেছেন। তার মূল লক্ষ্য ছিল এলাকার মানুষের সেবা করা।

তিনি আরও বলেন, একটি ভালো কাজ শুরু করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। চক্ষু ক্যাম্পের কার্যক্রম শুরুর সময়ও অনেক ধরনের অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু মানুষের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে তারা কাজটি চালিয়ে যেতে সক্ষম হয়েছেন। সংসদ সদস্য হওয়ার আগে যা করেছেন, এখনো তাই করে চলেছেন। তার এই কাজের মেয়াদ হয়তো পাঁচ বছর, এরপর তিনি সংসদ সদস্য থাকবেন কি না, তা জানেন না। তবে তিনি সকলের সন্তান, ভাই ও বন্ধু হিসেবে সারা জীবন পাশে থাকতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মারা গেলেন জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ বিপ্লব হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


মারা গেলেন জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ বিপ্লব হোসেন

জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বিপ্লব হোসেন মারা গেছেন।

তিনি শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বিপ্লব হোসেন সুরুজ মিয়ার পুত্র। জুলাই গণ-অভ্যুত্থানের গেজেট নম্বর ১১৬৩-ভুক্ত এই যোদ্ধা গত ১২ জুলাই রংপুর শহরে আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে আহত হন। আহত হওয়ার সময় তার শরীরে ছররা গুলি বিদ্ধ হয়। এরপর থেকে তিনি শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকদের মতে, তিনি ট্রমাজনিত সমস্যার পাশাপাশি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন।

দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করতেন বিপ্লব। তিনি ঝালমুড়ি বিক্রি করে কোনোরকমে সংসার চালাতেন। তার আয়ের ওপর নির্ভরশীল ছিলেন বৃদ্ধা মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করলেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি।

বিপ্লবের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চিকিৎসার জন্য অনেক জায়গায় ঘুরেছি। টাকা নেই বলে ভালো চিকিৎসা করাতে পারিনি। তিনি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন, সন্তানদের লেখাপড়া করাতেন। এখন আমরা কীভাবে বাঁচব, সন্তানদের ভবিষ্যৎ কী হবে?’

এদিকে শনিবার সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিপ্লবের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে উপজেলার হলদিবাড়ি পাবলিক কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় তিনি পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় সংসদ সদস্য আখতার হোসেন ঢাকা থেকে মোবাইল ফোনে পরিবারের খোঁজখবর নেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠার ৪৭ বছরেও এনালগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেবা সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


প্রতিষ্ঠার ৪৭ বছরেও এনালগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেবা সমস্যা

স্বাধীনতাত্তোর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিশ্ববিদ্যালয়টির। তবে ৪৭ বছরের দীর্ঘ এ পথচলায় উচ্চশিক্ষা ও গবেষণার পরিসর বৃদ্ধি পেলেও একাডেমিক ও প্রশাসনিক সেবাখাতে বিশ্ববিদ্যালয়টি এখনো ‘মান্ধাতার আমলের’ ম্যানুয়াল পদ্ধতিতে আটকে রয়েছে।

অনলাইন সেবার অভাবের কারণে ফি জমা দেওয়া, সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ কিংবা হলের আসনের আবেদনের মতো দৈনন্দিন কার্যক্রমে শিক্ষার্থীরা ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এসব স্থবিরতা বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করছে, এবং কর্মকর্তা-কর্মচারীদের অদক্ষতা ও প্রশাসনিক গাফিলতির কারণে শিক্ষার্থীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও একাডেমিক কাজের বড় অংশ ডিজিটাল হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো সশরীরে ব্যাংক ও দপ্তরে দৌড়াতে হয়। ভর্তি ও নোটিশ প্রকাশের বাইরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( iu.ac.bd ) শিক্ষার্থীদের জন্য কোনো কার্যকর পোর্টাল নেই। ওয়েবসাইটের নকশা পুরোনো, এবং তথ্য নিয়মিত হালনাগাদ করা হয় না। ৪৪ জন শিক্ষকের প্রোফাইলে ছবি অনুপস্থিত, পুরোনো ও অসম্পূর্ণ জীবনবৃত্তান্ত রয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে যাওয়া ও প্রয়াত শিক্ষকদের নাম তালিকায় থাকার মতো অসঙ্গতি বিদ্যমান। কয়েকজন শিক্ষকের প্রোফাইলে প্রাতিষ্ঠানিক ছবির বদলে পারিবারিক ও ভ্রমণের ছবি রয়েছে।

ফি পরিশোধের ক্ষেত্রে সবচেয়ে বড় ভোগান্তি দেখা দিয়েছে। ভর্তি, সেমিস্টার, পরীক্ষা ও হল ফি জমা দিতে শিক্ষার্থীদের এখনো ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। নির্ধারিত ব্যাংকিং সময় পেরিয়ে গেলে পরবর্তী কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই জটিলতা কাটাতে গত বছরের ৮ নভেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চুক্তির এক বছর হতে চললেও দৃশ্যমান অগ্রগতি নেই। চলতি বছরের মাঝামাঝি প্রশাসনে পরিবর্তনের পর থেকে এ উদ্যোগে গতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।

২০১৬ সালের ৩০ অক্টোবর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টাল উদ্বোধন করেছিলেন। পরের বছর ২১ আগস্ট অনলাইনে ফল প্রকাশ ও সনদ-ট্রান্সক্রিপ্টের সুবিধার কথা বলে চালু করা হয় ‘অনলাইন রেজাল্ট প্রসেস অ্যান্ড পাবলিকেশন সিস্টেম’। কিন্তু এক দশকের কাছাকাছি সময়েও এসব উদ্যোগ পূর্ণাঙ্গ রূপ পায়নি।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সেমিস্টারের ফি এবং ২০২৫-২৬ বর্ষের প্রথম শ্রেণির ভর্তি ফি পরীক্ষামূলকভাবে অনলাইনে নেওয়া হলেও বাকি সেবাগুলো চালু হয়নি। ইসলামী ব্যাংকের শেখপাড়া সাব-ব্রাঞ্চের ইনচার্জ সূত্রে জানা যায়, প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর তথ্য হালনাগাদসহ কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ না থাকায় সেবাটি চালু করা যাচ্ছে না।

অন্যদিকে একাডেমিক শাখায় তথ্য সংরক্ষণে গাফিলতির কারণে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরও অনেক শিক্ষার্থীর নামে বকেয়া দেখানোর অভিযোগ রয়েছে। রসিদ দেখাতে না পারলে পুনরায় ফি দিতে বাধ্য করার মতো ঘটনাও ঘটছে। সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহে ব্যাংকে টাকা জমা দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের আনুষ্ঠানিকতা সারতে একাধিক ধাপ পার হতে হয়। হলের আসন বরাদ্দেও নেই সমন্বিত অনলাইন ব্যবস্থা। মাত্র দুটি সেশনের শিক্ষার্থীদের মধ্যে স্মার্ট আইডি কার্ড দেওয়া হলেও তা সাধারণ পরিচয়পত্রে সীমাবদ্ধ; মেডিকেল সেবা ও লাইব্রেরিতে আলাদা কার্ড প্রয়োজন। ইউজিসির হিট প্রকল্পের আওতায় ইন্টারনেট সংযোগ সংস্কার করা হলেও কাঙ্ক্ষিত গতি না পাওয়ার অভিযোগ রয়েছে।

আইসিটি সেলের পরিচালক ড. জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সেবাখাত পূর্ণাঙ্গ ডিজিটাল সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে।

উপাচার্য ড. একেএম মতিনুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের আওতায় আনাসহ বেশ কিছু কাজ হাতে নেওয়া হয়েছে। তবে সবকিছু একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয়। ওয়েবসাইটসহ সবকিছু একটি সমন্বিত পোর্টালে আনার জন্য কমিটি গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%