ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ধনাগোদা নদীতে কচুরিপানার দখলে খেলার মাঠ, নৌযান চলাচল বন্ধে জনদুর্ভোগ


ধনাগোদা নদীতে কচুরিপানার দখলে খেলার মাঠ, নৌযান চলাচল বন্ধে জনদুর্ভোগ

চাঁদপুরের মতলব উত্তরের কালীপুর থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা জমা হয়েছে, যার মধ্যে কালীরবাজার লঞ্চঘাট থেকে শ্রীরায়েরচর ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার অংশে নৌযান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। পাশাপাশি কালীপুরা-মতলব নৌরুটেও ট্রলারসহ নৌযান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

নদীর দুই পাড়ে অবৈধ মাছ ধরার ঝাঁক ও ঝোপের মধ্যে কচুরিপানা আটকে ঘন স্তর তৈরি হয়েছে; কিছু স্থানে এর ওপর দিয়ে মানুষ হেঁটে পারাপারও করছে।

এক সময় বৃহত্তর মতলবের নৌযান চলাচলের প্রধান পথ হিসেবে চাঁদপুরের ধনাগোদা নদী পরিচিত ছিল। ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নদীটির অন্তত ১০ কিলোমিটার এলাকা বর্তমানে কচুরিপানায় ঢেকে গেছে। কোথাও কচুরিপানার স্তর এতটাই ঘন যে তার ওপর দিয়ে মানুষ হেঁটে চলাচল করছে। এর ফলে নৌযান চলাচল ও কয়েকটি লঞ্চঘাট বন্ধ হয়ে গেছে। নদীর দুই পাড়ের বাসিন্দা, শিক্ষার্থী ও নৌযান শ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুন: দেশ বিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয়, নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যাবস্থা: প্রতিমন্ত্রী ফরিদুল

শনিবার (২১ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর ব্রিজ থেকে কালিরবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার নদীজুড়ে কচুরিপানার ঘন স্তর জমেছে।

কালীরবাজার লঞ্চঘাট থেকে শ্রীরায়েরচর ব্রিজ পর্যন্ত এ অংশে একেবারেই বন্ধ রয়েছে নৌযান চলাচল। মতলব ধনাগোদার খেয়াঘাট, দুর্গাপুর, শ্রীরায়েরচর, বাংলাবাজার, রায়েরকান্দি, কালিরবাজার, নন্দলালপুর, বাইশপুর, গাজীপুর মোড়, সাহেববাজার, লক্ষ্মীপুর, টরকী, মাছুয়াখাল, শাহপুর ও নায়েরগাঁওসহ বিভিন্ন এলাকায় একই অবস্থা বিরাজমান।

কচুরিপানার কারণে নদীতে আটকে পড়েছে কয়েকটি বালুবাহী বাল্কহেড। শ্রমিকদের অভিযোগ, প্রায় এক মাস ধরে তারা শ্রীরায়েরচর ব্রিজ এলাকায় আটকে আছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে নৌযানেই দিন কাটাতে হচ্ছে তাদের।

নদীর এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দুই পাড়ের বাসিন্দা ও শিক্ষার্থীরা। দাউদকান্দি অংশ থেকে ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের নদীপথ ব্যবহার করতে না পেরে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ১৫-২১ নভেম্বর পরিচ্ছন্নতা অভিযান

শিক্ষার্থী রুহান, ফাতেমা ও জান্নাতী আক্তার জানিয়েছেন, নদীতে কচুরিপানা জমে থাকায় তাদের যাতায়াতে চরম সমস্যা হচ্ছে। আগে যে পথে সহজেই যাতায়াত করা যেত, এখন সেই পথ ব্যবহার করতে না পেরে দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে।

ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম বলেছেন, নদীর দুই পাড়ে অসংখ্য অবৈধ মাছ ধরার ঝাঁক রয়েছে। এসব ঝাঁকে কচুরিপানা আটকে থাকায় নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ থেকে সাত বছরে নদীর নাব্য কমে যাওয়া, অবৈধ দখল এবং মাছ ধরার ঝাঁক স্থাপনের কারণে ধনাগোদা নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এর সঙ্গে শ্রীরায়েরচর ব্রিজের অপরিকল্পিত নির্মাণও পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এসব কারণে কচুরিপানা আটকে নদীটি এখন জলাভূমিতে পরিণত হয়েছে।

মতলবের জৈষ্ঠ্য সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন বলেছেন, ধনাগোদা নদীকে বাঁচাতে হলে অবৈধ দখল ও মাছ ধরার ঝাঁক উচ্ছেদের পাশাপাশি নদীর নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কার্যকর ও স্থায়ী পরিকল্পনা প্রয়োজন।

আরও পড়ুন: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে ঋণ দিচ্ছে

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেছেন, বিষয়টি তাদের নজরে এসেছে। এ বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। স্থায়ীভাবে সমস্যা সমাধানে কচুরিপানা অপসারণ ও অবৈধ মাছ ধরার ঝাঁক উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেছেন, জেলার নদীগুলোকে অবৈধ দখলমুক্ত করতে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে। চাঁদপুর শহরসংলগ্ন ডাকাতিয়া নদীতে ৭৩৬টি অবৈধ দখল চিহ্নিত করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে সেখানে উচ্ছেদ অভিযান শুরু হবে।

তিনি আরো বলেছেন, মেঘনা-ধনাগোদা নদীর অবৈধ দখল এবং নদীর মধ্যে কচুরিপানা ও মাছ ধরার ঝাঁক দিয়ে মাছ চাষের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। পর্যায়ক্রমে প্রতিটি নদী অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব শুরু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


ঢাকায় দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব শুরু

ঢাকায় দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ধানমন্ডির ২৬ মিরপুর রোডে অবস্থিত অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা গ্যালারি’তে পাঁচ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ আলোকচিত্রীরা।

‘ফ্রেঞ্চ উইক ২০২৬’-এর অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করছে অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্স (এওপি)। সহযোগিতায় রয়েছে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশে ফ্রান্স দূতাবাস ও সিটি ব্যাংক। উৎসব চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।

আয়োজকদের দেওয়া তথ্যমতে, উৎসবে দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী মোট ২ হাজার ৭২১টি আলোকচিত্র জমা দেন। বিচারকমণ্ডলীর বাছাই শেষে প্রদর্শনীর জন্য ৪৪টি আলোকচিত্র নির্বাচিত হয়েছে। এছাড়াও ডিজিটাল স্ক্রিনিংয়ের মাধ্যমে আরও ৫০টি ছবি প্রদর্শিত হচ্ছে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন আলোকচিত্রী রাহুল তালুকদার, সৌদ আল ফয়সাল ও আবীর আবদুল্লাহ।

অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্সের প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল স্ট্রিট ফটো ফেস্টিভ্যাল ২০২৬-এর পরিচালক আবীর আবদুল্লাহ বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো তরুণ আলোকচিত্রীদের অনুপ্রাণিত করা এবং তাঁদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি করা। আমরা এমন একটি জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে চেয়েছি, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ আলোকচিত্রীরা নিজেদের দৃষ্টিভঙ্গি ও ভাবনা ছবির মাধ্যমে তুলে ধরতে পারবেন এবং পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। সারা দেশ থেকে পাওয়া সাড়া আমাদের আশাবাদী করেছে। একই সঙ্গে আলোকচিত্রের ২০০ বছর পূর্তি উদ্‌যাপন এবং কিংবদন্তি ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁর প্রতি শ্রদ্ধা নিবেদনও এবারের উৎসবের অন্যতম উদ্দেশ্য। আমরা আশা করি, এই উৎসব নিয়মিত আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা আবিষ্কার এবং বাংলাদেশের আলোকচিত্র সম্প্রদায়কে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের মিশন উপ-প্রধান ফ্রেদেরিক ইনজা, বিশিষ্ট আলোকচিত্রী শংকর শাওজাল এবং আলোকচিত্রী সৌদ আল ফয়সাল।

ফ্রেদেরিক ইনজা বলেন, “আলোকচিত্রকে শিল্পমাধ্যম হিসেবে উদ্‌যাপন এবং ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁর মতো কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর এই আয়োজন অত্যন্ত আনন্দের। স্ট্রিট ফটোগ্রাফি সাধারণ দৃশ্যকেও একজন আলোকচিত্রীয়ের প্রতিভা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিল্পকর্মে রূপ দেওয়ার সুযোগ করে দেয় এবং আলোকচিত্রের শিল্পকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসে। দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৭২১টি আলোকচিত্র জমা পড়াই এই উৎসবের সাফল্যের পরিচয়। তরুণ আলোকচিত্রীদের এমন প্রতিভার বিকাশের সুযোগ তৈরি হওয়া অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই উদ্যোগ বাস্তবায়নে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানাই।”

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন বিজয় কৃষ্ণ পাল, দ্বিতীয় কাজী শুভ্র সালামাত রহমান এবং তৃতীয় পুরস্কার অর্জন করেছেন মো. আশিকুর রহমান। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন ১০ জন আলোকচিত্রী—মুহাইমিনুর রহমান রাকিব, প্রসেনজিৎ কুমার, তাসনিমুল হাসান চৌধুরী, সাজ্জাদ হোসেন শাওন, আলহিম হোসেন, সাদিক রুদ্র, মো. লাকিব উর রশিদ, আশরাফুল সরকার কিবরিয়া, মুস্তাভি ফাইয়াজ তাওফি ও তাসিফ আনোয়ার। আগামী ২৪ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।

আয়োজকেরা জানান, এই উৎসবে আলোকচিত্রের ২০০ বছর পূর্তি উদ্‌যাপনের পাশাপাশি স্ট্রিট ফটোগ্রাফির ইতিহাসে প্রভাবশালী ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁকে শ্রদ্ধা জানানো হচ্ছে। দৈনন্দিন জীবনের সাধারণ দৃশ্যে লুকিয়ে থাকা অসাধারণ মুহূর্ত যথাসময়ে ক্যামেরায় ধারণের ‘দ্য ডিসাইসিভ মোমেন্ট’ বা ‘নির্ণায়ক মুহূর্ত’ ধারণার জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। পাশাপাশি ফরাসি আলোকচিত্রের ঐতিহ্যের সঙ্গে তরুণদের সমকালীন কাজের মেলবন্ধন ঘটানো এবং প্রতিদিনের জীবন ও শহরের পরিবর্তনশীল বাস্তবতা তুলে ধরাই উৎসবের লক্ষ্য।

২৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে: অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে: অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক সহশিক্ষার মাধ্যমে শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও দেওনার পীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। তিনি সংগীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ বাতিলেরও আহ্বান জানান।

দেওনার পীর মন্তব্য করেন, "ধর্মীয় শিক্ষা যত দিন থাকবে, তত দিন ইসলাম টিকে থাকবে। আর ইসলাম টিকে থাকলে এই পৃথিবীও টিকে থাকবে।" তাই প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি প্রাথমিক পর্যায় থেকে সংগীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ বাতিল করা প্রয়োজন।

শনিবার গাজীপুরের কাপাসিয়ার দেওনা মাদরাসা প্রাঙ্গণে কওমি মাদরাসা শিক্ষক পরিষদের ওলামা সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে কওমি মাদরাসা শিক্ষক পরিষদের মহাসচিব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদীর সঞ্চালনায় দেশের বিভিন্ন অঞ্চলের কওমি মাদরাসার শিক্ষক ও আলেম-ওলামারা অংশগ্রহণ করেন।

দেওনার পীর আরও বলেন, "ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও চরিত্র গঠনের প্রধান ভিত্তি।" একটি আদর্শ ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিশ্চিত করা আবশ্যক।

সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, "ইসলামের বিষয়ে দেশের সব আলেম-ওলামা ঐক্যবদ্ধ। ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।" ইসলামের মৌলিক আদর্শ ও মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা গোলাম আম্বিয়া, মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ, মুফতি আব্দুল মজিদ, মাওলানা আব্দুল বাতেন কাসেমী, মাওলানা জাকারিয়া ও মুফতি ইমরানুল বারী সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও শিক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার ধামরাইয়ে হিন্দুদের কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


ঢাকার ধামরাইয়ে হিন্দুদের কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি

ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি খাওয়া নিয়ে পূর্ববিরোধের জেরে আনন্দ (৩০) নামের এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

শনিবার বিকেলে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আনন্দ ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার বিষ্ণুর ছেলে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনার সাথে অভিযুক্ত প্রতিবেশি শ্রীরাম (৩০) ও তার এক সহযোগী জড়িত।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভুক্তভোগীর বাড়িতে একটি ধর্মীয় কীর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খিচুড়ি বিতরণ ও খাওয়া নিয়ে অভিযুক্ত শ্রীরামের সাথে আনন্দের তর্কাতর্কি ও বিবাদ হয়। বিষয়টি মীমাংসার জন্য শনিবার বিকেলে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক বসার পরিকল্পনা ছিল। তবে সালিশের আগেই বিকেল বেলা একটি মোটরসাইকেলে করে শ্রীরাম ও তার সহযোগী এসে আনন্দকে লক্ষ্য করে অতর্কিত তিন রাউন্ড গুলি ছোঁড়ে। এর মধ্যে দুটি গুলি আনন্দের শরীরে বিদ্ধ হয়। ঘটনার পরপরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং স্থানীয়রা আহত আনন্দকে ঢামেকে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান জানান, কীর্তনের খিচুড়ি বিতরণ নিয়ে তাদের মধ্যে বিবাদ হয়েছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসার কথা থাকলেও তার আগেই মোটরসাইকেলে এসে অভিযুক্তরা আনন্দকে লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত যুবক বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, খাবারের বিবাদ কেন্দ্র করে সালিশ বসার কথা থাকলেও তার আগেই এ গুলির ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ১৫-২১ নভেম্বর পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ১৫-২১ নভেম্বর পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধের জন্য পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইল জেলায় ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত একটি সপ্তাহব্যাপী ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) জেলা সদরসহ ১২টি উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে এই কার্যক্রম বাস্তবায়িত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই সপ্তাহব্যাপী সময়ে মোট ১০ হাজার ৮৯টি পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসব কার্যক্রমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক এবং সাধারণ জনগণসহ মোট ৪ লাখ ৭ হাজার ৪৭০ জন অংশগ্রহণ করেন।

অভিযানের আওতায় ড্রেন-নালা পরিষ্কার করা, জমে থাকা পানি অপসারণ, ডেঙ্গুর হটস্পট নিরসন, গৃহস্থালি ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, জনসচেতনতামূলক সভা এবং কমিউনিটি মিটিং আয়োজন করা হয়। বিশেষভাবে জেলার বিভিন্ন উপজেলার ৯ হাজার ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধ কেবল প্রশাসনের একক দায়িত্ব নয়; বরং এটি একটি সম্মিলিত সামাজিক উদ্যোগ। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত টাঙ্গাইল গড়তে জেলা প্রশাসনের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%