০৮:৩৩ পি.এম
জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ অতীতের ব্যর্থ প্রেম বা সম্পর্কের পরিণতি না পাওয়ার হতাশায় বিয়ের প্রতি অনীহা তৈরি হওয়াকে ‘নির্বুদ্ধিতা’ হিসেবে উল্লেখ করেছেন। এক আলোচনা অনুষ্ঠানে শ্রোতার প্রশ্নের জবাবে তিনি বাস্তবতা মেনে নেওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে এক শ্রোতা জানান, ২০ বছর বয়সে তিনি একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও পারস্পরিক ভালোবাসা ছিল, দুই পরিবারের সম্মতি না পাওয়ায় মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। বর্তমানে ২৮ বছর বয়সে এসে ওই শ্রোতা বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ অবস্থায় তিনি জানতে চান, বিয়ে না করার বিষয়ে শরিয়তের বিধান কী।
শায়খ আহমাদুল্লাহ জবাবে বলেন, বিয়েবহির্ভূত বা হারাম সম্পর্ক গুনাহের কাজ। সেই সম্পর্কের পরিণতি না পাওয়ার কারণে বা কাউকে হারানোর বেদনায় বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া বোকামি ও নির্বুদ্ধিতার শামিল।
আরও পড়ুন: চরমোনাইয়ের মাহফিলের নতুন তারিখ ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ
তিনি আরও উল্লেখ করেন, যাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা ছিল, তিনি যদি অন্যত্র সংসার পেয়ে সুখে-শান্তিতে থাকেন, তবে তার স্মৃতিতে নিজেকে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।
শায়খ আহমাদুল্লাহ বাস্তবতার মুখোমুখি হওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, কেউ যদি অন্যত্র বিয়ে করে ভালো থাকতে পারেন, তবে নিজের জীবন থামিয়ে না রেখে নতুন করে শুরু করাই বুদ্ধিমানের কাজ। অতীতের সম্পর্কটি না হওয়াকে ক্ষতি হিসেবে না দেখে বরং ‘ভুল জায়গা থেকে আল্লাহ বাঁচিয়েছেন’—এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে শুকরিয়া আদায় করার পরামর্শ দেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন