১১:৪০ পি.এম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজন বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা প্রশাসনের কাছে সোর্পদ করেছেন। আটক হওয়ার পর তারা নিজেদের ছাত্রদলের কর্মী বলে পরিচয় দিলেও তাদের পক্ষ থেকে কোনো সাংগঠনিক প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।
ঘটনার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে কয়েকজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে এসে হঠাৎ ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। স্লোগান শুনে ক্যাম্পাসে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে কিছু ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। আটককৃত মোটরসাইকেলগুলোর কোনোটিরই ছিল না নেমপ্লেট।
আটককৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাব্বি (২২), সিয়াম (২০) এবং টাঙ্গাইল সদর এলাকার আলবি (২২)। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, তারা কেউই মাভাবিপ্রবির শিক্ষার্থী নন।
আরও পড়ুন: ডিআইজি মীর আশরাফ আলী: জনগণের ভোগান্তি কমিয়ে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে
আটকের পর তারা প্রাথমিকভাবে নিজেদের ছাত্রদলের কর্মী বলে দাবি করেন। তবে কোন ইউনিটের সদস্য বা কোনো পদে আছেন কি না, সে বিষয়ে তাদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা কাগজ দেখা যায়নি। এ সময় আটক একজনের মুঠোফোনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে তোলা একটি ছবি দেখা যায়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করলেও তারা ক্যাম্পাসে আসার উদ্দেশ্য বা কার নির্দেশে এসেছিলেন, সে বিষয়ে মুখ খোলেননি।
প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, এস্টেট অফিসের পরিচালক ড. আবু জাফর আহমেদ শিবলী এবং সহকারী প্রক্টর ড. মো. আব্দুল কুদ্দুস ও আনোয়ার কবির সেখানে উপস্থিত ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, গত ১০ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জনের প্রতিবাদ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের আটকের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু। সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত শিক্ষকদের ভূমিকা, ক্যাম্পাসে বহিরাগতদের উসকানি এবং আটক ব্যক্তিদের ভুয়া রাজনৈতিক পরিচয়ের বিষয়টি তুলে ধরেন।
আরও পড়ুন: ‘গতকাল সংসদে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’: ডা. মাহামুদা মিতু
এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোর দাবি উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন