১১:৪৩ পি.এম
চট্টগ্রাম, ১১ নভেম্বর, ২০২৬ : প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্পের (পয়ঃনিষ্কাশন) প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জুনে সম্পন্ন হবে। এই প্রকল্পটি চট্টগ্রামকে ‘স্বাস্থ্যকর নগরী’ গড়ার লক্ষ্যে জুলাই মাসে চালু হবে।
চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়িত হলে নগরীর ২১টি ওয়ার্ডের প্রায় ২০ লাখ মানুষ আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আসবে। সংশ্লিষ্ট এলাকার বাসাবাড়ির পয়ঃবর্জ্য সরাসরি পাইপলাইনের মাধ্যমে শোধনাগারে পৌঁছাবে। সেখানে বর্জ্য পরিশোধনের পর তা নিরাপদভাবে সাগরে নিষ্কাশন করা হবে। এই ব্যবস্থার ফলে অপরিকল্পিতভাবে পয়ঃবর্জ্য ফেলা বন্ধ হবে এবং নগরীর নদী-খাল ও পরিবেশদূষণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের আওতায় হালিশহরের চৌচালা এলাকায় ১৬৩ একর জমিতে দুটি শোধনাগার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটি শোধনাগার দিয়ে পাইপলাইনের মাধ্যমে আসা দৈনিক ৯ কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধন করে নিরাপদভাবে সাগরে নিষ্কাশন করা হবে। অন্য শোধনাগারটিতে বিশেষায়িত যানবাহনের মাধ্যমে বাসাবাড়ি থেকে সংগ্রহ করা দৈনিক ৩০০ টন মানববর্জ্য প্রক্রিয়াজাত করা হবে। এ ছাড়া হালিশহরের আনন্দবাজার এলাকায় আরও একটি আধুনিক পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণ করা হচ্ছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বাসস’কে বলেন, প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ইতোমধ্যে ৮২ শতাংশে পৌঁছেছে। বর্ষা মৌসুম শেষ হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে নির্মাণকাজের গতি বাড়ানো হয়েছে।
তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম দেশের অন্যতম প্রধান বন্দরনগরী যেখানে প্রায় ৮০ লাখ মানুষের বসবাস, তবে এখানে এখনো পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে ওঠেনি। নগরীর অধিকাংশ বাসাবাড়ির বর্জ্য সেপটিক ট্যাংকে জমা হয়। প্রতিদিন প্রায় ২৮ কোটি ৮০ লাখ লিটার অপরিশোধিত পয়ঃবর্জ্য নগরীর বিভিন্ন নদী-খালে গিয়ে পড়ছে। ওয়াসার হিসাব অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ এর পরিমাণ বেড়ে দৈনিক ৫১ কোটি ৫০ লাখ লিটারে দাঁড়াতে পারে।
এ ছাড়া নগরীতে প্রতিদিন প্রায় ৫৩৯ ঘনমিটার মানববর্জ্য বা ফিক্যাল স্লাজ উৎপন্ন হয়, যা ২০৩০ সাল নাগাদ বেড়ে প্রায় ৭১৫ ঘনমিটারে পৌঁছাতে পারে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে বাসাবাড়ির শৌচাগারের বর্জ্য নগরীর ড্রেন দিয়ে নদী-খালে গিয়ে পড়ছে। এমনকি এসব ড্রেনের মধ্য দিয়ে চলে যাওয়া ওয়াসার পানির পাইপলাইনেও বর্জ্য মিশে পানিদূষণের ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: কৃষিমন্ত্রী: চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি
প্রসঙ্গত, ১৯২৩ সালে ঢাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চালু হলেও ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ওয়াসা দীর্ঘ ৬৩ বছরেও নগরীতে এ ধরনের কোনো ব্যবস্থা গড়ে তুলতে পারেনি।
চট্টগ্রাম ওয়াসা নগরীকে ছয়টি জোনে ভাগ করে ছয়টি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (পয়ঃবর্জ্য শোধনাগার) এবং দুটি ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (মানববর্জ্য শোধনাগার) নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর প্রথম পর্যায়ে ‘ক্যাচমেন্ট-১’ নামে একটি জোনে ২০২২ সালে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে বাকি পাঁচটি জোনেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বাসস’কে বলেন, প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়িত হলে নগরীর প্রায় ২০ লাখ মানুষ আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আসবে। এর মাধ্যমে কোতোয়ালী, বাটালি হিল, লালখান বাজার, আগ্রাবাদ, পাঠানটুলি, চৌমুহনী, ঈদগাহ ও হালিশহরসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। এ পর্যায়ে নগরীর ২১টি ওয়ার্ডের প্রায় ২৮ হাজার বাসাবাড়িকে স্যুয়ারেজ নেটওয়ার্কের আওতায় আনা হবে।
তিনি বলেন, প্রকল্পের আওতায় মাটির ৫ থেকে ১৫ মিটার গভীরে ২০০ কিলোমিটারের বেশি পাইপলাইন স্থাপন করা হচ্ছে। পাশাপাশি নির্মাণ করা হচ্ছে প্রয়োজনীয় ম্যানহোল ও অন্যান্য অবকাঠামো। ইতোমধ্যে ১৩৫ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে।
আরও পড়ুন: ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী নাশকতার অভিযোগে সাময়িক বরখাস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন