ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ফ্যাসিবাবদী চক্র সক্রিয় হচ্ছে, ফের আগুন সন্ত্রাসের অশুভ ইঙ্গিত


ফ্যাসিবাবদী চক্র সক্রিয় হচ্ছে, ফের আগুন সন্ত্রাসের অশুভ ইঙ্গিত

রাজনীতিতে ফের আগুন সন্ত্রাস দেশের জন্য অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। তিনি উল্লেখ করেন, বাসে আগুন, দোকানে আগুন, গাড়ীতে আগুন এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতি দেশের, মানবতার ও ইসলামের জন্য ভয়াবহ ক্ষতিকর। তিনি সতর্ক করেন যে, প্রতিহিংসার রাজনীতি দেশকে চরম সঙ্কটে নিপতিত করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জনগণ আতঙ্কিত হয়ে পড়ছে।

এদেশের তথাকথিত রাজনীতিকরা প্রতিহিংসার রাজনীতি থেকে দীর্ঘ ৫৫ বছরে বের হয়ে আসতে পারেনি। মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, এই প্রতিহিংসার রাজনীতিকে সমূলে উপড়ে ফেলতে শরীয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজন। তিনি দাবি করেন, ইসলামী শরীয়া প্রতিষ্ঠিত হলে দেশে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে চিরদিনের জন্য। তিনি সকলকে আহ্বান জানান, পীর সাহেব চরমোনাই নেতৃদ্বে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে দেশকে একটি আদর্শিকভাবে গড়ে তুলতে।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার বাঙ্গরা উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বিএনপি মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে: সমাজ কল্যাণ মন্ত্রী

সভাটি অনুষ্ঠিত হয় দলটির বাঙ্গরা উপজেলা সভাপতি মুফতি দেলাওয়ার আমীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদের সঞ্চালনায়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী মুফতি রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নেতা মুফতি মানসুরুল হক, মাস্টার আরিফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, হাফেজ মাওলানা শাফায়েত হোসাইন, রেজাউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, মানুষ সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের কবল থেকে বাঁচতে চায়। তিনি উল্লেখ করেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ভয়াবহ রূপ নিয়েছে। আইন শৃঙ্খলার অবনতিতে ফ্যাসিবাদী চক্র সক্রিয় হচ্ছে। তিনি জানান, বিভিন্ন জায়গায় মিছিল করছে, আগুন দিচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেন জিদের প্রেমের নতুন নাম ‘ডেলুশনশিপ’, তরুণদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


জেন জিদের প্রেমের নতুন নাম ‘ডেলুশনশিপ’, তরুণদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু

প্রেমের সম্পর্ক নেই, নিয়মিত যোগাযোগও নেই; কিন্তু মনে মনে কাউকে নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন কল্পনা। কখনো ভাবা হয়, সেই ব্যক্তির সঙ্গে একদিন সম্পর্ক হবে, আবার কখনো মনে মনে একসঙ্গে কাটানো ভবিষ্যতের গল্প সাজানো হয়। বাস্তবে সম্পর্কের কোনো ভিত্তি না থাকলেও এমন কল্পনার জগতে ডুবে থাকার প্রবণতাকে ‘ডেলুশনশিপ’ (Delusionship) বলা হচ্ছে। জেন জিদের মধ্যে পরিচিতি পাওয়া এই শব্দটি বর্তমানে ডেটিং ও সম্পর্কবিষয়ক আলোচনায় বেশ আলোচিত হয়ে উঠেছে।

‘ডেলুশনশিপ’ শব্দটি এসেছে ইংরেজি ‘Delusion’ এবং ‘Relationship’ শব্দের সমন্বয়ে। সহজভাবে বললে, এটি এমন একটি কাল্পনিক সম্পর্ক, যেখানে একজন ব্যক্তি নিজের মনে কাউকে নিয়ে প্রেমের গল্প তৈরি করেন। কিন্তু অপর পক্ষ হয়তো এ বিষয়ে কিছুই জানেন না, অথবা দুজনের মধ্যে আদৌ কোনো প্রেমের সম্পর্ক নেই।

কেন তৈরি হয় এমন সম্পর্ক?

কাউকে ভালো লাগা, তার প্রতি আকর্ষণ কিংবা একসঙ্গে সময় কাটানোর ইচ্ছা থেকেই এমন কল্পনার শুরু হতে পারে। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ছবি বা পোস্ট দেখে তার প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর সেই ব্যক্তিকে নিয়ে নানা ভাবনা ও কল্পনা তৈরি হতে থাকে। বাস্তবে যোগাযোগ না থাকলেও মনে মনে তাকে ঘিরে সম্পর্কের গল্প এগিয়ে চলে।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে কাউকে দূর থেকে অনুসরণ করা কিংবা তার অনলাইন উপস্থিতি থেকে ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা তৈরির সুযোগ বেড়েছে। ফলে কখনো কখনো বাস্তব পরিচয়ের চেয়ে কল্পনার মানুষটির সঙ্গে আবেগের সংযোগ বেশি তৈরি হয়।

‘ডেলুশনশিপ’ আর একতরফা প্রেম কি এক?

দুটি বিষয় কাছাকাছি হলেও এক নয়। একতরফা প্রেমে একজন ব্যক্তি অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু অপর পক্ষের কাছ থেকে একই ধরনের অনুভূতি পান না। অন্যদিকে ‘ডেলুশনশিপ’-এ বাস্তব সম্পর্কের চেয়ে কল্পনার ভূমিকা বেশি। অর্থাৎ, কারও সঙ্গে সম্পর্ক হওয়ার সম্ভাবনা বা তার সঙ্গে ভবিষ্যৎ জীবনের নানা দৃশ্য মনে মনে তৈরি করে নেওয়াই এর অন্যতম বৈশিষ্ট্য।

কখন সতর্ক হওয়া প্রয়োজন?

কাউকে পছন্দ করা কিংবা তাকে নিয়ে কল্পনা করা অস্বাভাবিক নয়। তবে সেই কল্পনা যখন বাস্তব জীবন, পড়াশোনা, কাজ কিংবা অন্য সম্পর্কের ওপর প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। নিজের অনুভূতি ও বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে পারা জরুরি।

সবশেষে, ‘ডেলুশনশিপ’ কোনো আনুষ্ঠানিক মনস্তাত্ত্বিক রোগনির্ণয় নয়; এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও তরুণদের কথাবার্তায় ব্যবহৃত একটি অনানুষ্ঠানিক শব্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে: সমাজ কল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


বিএনপি মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে: সমাজ কল্যাণ মন্ত্রী

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের জীবন মান উন্নয়নে জাতি, ধর্ম, ও বর্ণ নির্বিশেষে দল মতের উর্ধ্বে থেকে কাজ করে চলেছে। শ্রমজীবী মানুষের মাঝে সরকারি সহযোগিতা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য তারা নিরলসভাবে কাজ করছেন। দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন বিপুল জনসমর্থন দিয়ে। গত ৯ মাস ধরে, প্রধানমন্ত্রীর নির্দেশে, বিএনপির কর্মীরা গ্রামগঞ্জে মানুষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে তথ্য পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন।

মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন, "আমরা ভোট পাবার রাজনীতি করিনা! জনগণের কল্যাণের জন্য কাজ করি।" তিনি আরো বলেন, সকল মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে এগিয়ে আসা জরুরি। বেকার সমস্যা দূর করতে উদ্যোক্তা হয়ে সমাজের উন্নয়নে অংশগ্রহণ করা সম্ভব। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বেকারদের স্বাবলম্বী করতে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করা হচ্ছে। দিনাজপুরের সুগন্ধি চালের আবাদ বৃদ্ধি করতে কৃষকদের মাঝে মৌসুমী কৃষি প্রণোদনা এবং বিনামূল্যে বীজ ও সার পৌঁছানোর কাজ চলছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিরামপুর উপজেলার বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দে হতদরিদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল, বৃত্তি প্রদান এবং তাদের পরিবারের সেলাই মেশিন বিতরণ করেন। অন্যদিকে, ২৭ অক্টোবর বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জব ফেয়ার মেলায় ২০০ জন নির্বাচিত বেকার যুবক-যুবতীকে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে নিয়োগপত্র প্রদান করা হয়।

একইদিন উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে ২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। রতনপুর খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন। এ সময় তার সাথে ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: তানজিলা খাতুন, সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় সহ নৃতাত্ত্বিক গোষ্ঠী সম্প্রদায়ের অভিভাবক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


বরিশালে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জলিল আকন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কোতোয়ালী মডেল থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের চাঁদমারী খেয়াঘাট রোডের গাজী স-মিলের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল জলিল আকনকে আটক করে তাঁর হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল জলিল আকন পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের মৃত মইনুদ্দিন আকন ও মৃত মর্জিরন বেগমের ছেলে। তিনি বর্তমানে বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার খোকা মুন্সির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

বিএমপি মিডিয়া সেল আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বরিশাল মহানগরীতে মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মো: রাজিব তালুকদার

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) মাগরিবের নামাজের পর কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী মো. নেয়ামত উল্লাহ, আহ্বায়ক, কাঁঠালিয়া উপজেলা ওলামা দল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল, সদস্য সচিব, কাঁঠালিয়া উপজেলা ওলামা দল; মাওলানা জাহিদুল ইসলাম, ওলামা দল নেতা, কাঁঠালিয়া সদর ইউনিয়ন এবং মাওলানা রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক, কাঁঠালিয়া উপজেলা ওলামা দল।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা মাসুদ উল্লাহ, ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের নেতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা দেলোয়ার, ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের নেতা।

সভায় বক্তারা বলেন, শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং যোগ্য ও ত্যাগী নেতৃত্বের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%