নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৭ পি.এম
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত । আহতদের জরুরী ভিত্তিতে স্পিডবোটযোগে চাঁদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তরিকুল ইসলাম। তার বাড়ি ডামুড্যা উপজেলায়।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘কাকলি’ নামের ফেরিটি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী ওই শিশুটি ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষে আরও দুইজন আহত হয়।
এদিকে, সংঘর্ষের পর বাল্কহেডটি আটক করেছে নৌ পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এসময় এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতে ২০০ টাকা ভাড়ায় সিহাবের অটোরিকশায় চড়ে হাবিবুল বাসার শিমুল। পরে গোদাগাড়ীর কলিপুর এলাকায় হাতুড়ি দিয়ে সিহাবের মাথায় আঘাত করে হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
গত ৩১ অক্টোবর কলিপুরের একটি ধানক্ষেত থেকে সিহাবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা সোহেল রানা বাদী হয়ে হত্যা মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলো: হাবিবুল বাসার শিমুল, তাঁর মা জোহুরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জের সুজন ও আব্দুল হালিম। শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর বেনুপুর কবরস্থান থেকে গতরাতে তিনটি কঙ্কাল চুরির একটি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকাবাসী কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান।
পরে কাছে গিয়ে দেখা যায়, তিনটি কবরের ভেতর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই প্রিয়জনের কবরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এলাকাবাসী জানান, আশাপুর বেনুপুর কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও এই কবরস্থান থেকে একইভাবে কঙ্কাল চুরি হয়েছে। বারবার এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
স্থানীয়রা দ্রুত এই চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি কবরস্থানে রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
কবরস্থান থেকে কঙ্কাল চুরির মতো ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, বরং এটি সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে চরম আঘাতের শামিল। প্রয়াত স্বজনদের শেষ আশ্রয়স্থল যদি নিরাপদ না থাকে, তবে তা সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি করে।
ঢাল জোড়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মোহাম্মদ এনায়েত হোসেন বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন।
তার ঘোষিত তিনটি পদক্ষেপ—পর্যাপ্ত পাহারাদার নিয়োগ, সীমানা প্রাচীর নির্মাণ এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন—অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তবে শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দ্রুততম সময়ের মধ্যে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা জরুরি। একই সঙ্গে, এই কঙ্কাল চোর চক্রের মূল হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ১৩ নভেম্বর, ২০২৬ : সাতক্ষীরায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বার্ষিক খ্রিস্টীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬ আজ অনুষ্ঠিত হয়েছে, যা মানবতা ও জনসেবার অঙ্গীকারের প্রতিফলন।
শুক্রবার সকাল ১০টায় শহরের সুলতানপুরস্থ সেন্ট জর্জ গির্জা প্রাঙ্গণের সেমিনার কক্ষে সম্মেলনটি আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, "সেবাই পরম ধর্ম, সেবার চেয়ে বড় ধর্ম কিছু নেই। মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবতা।" তিনি আরও উল্লেখ করেন, ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের প্রতি ভালোবাসা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে নিহিত। প্রধান অতিথি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল রোজারিও।
রেভারেন্ড ফাদার স্বপন বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, বড়দল ধর্ম পল্লীর পালক পুরোহিত রেভারেন্ড ফাদার ডমিনিক সরকার, শ্যামনগরের ঈশ্বরীপুর ধর্ম পল্লীর রেভারেন্ড ফাদার লুইজী পাঙ্গী, বড়দল ধর্ম পল্লীর সহকারী পালক পুরোহিত রেভারেন্ড ফাদার সার্জিও, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক পৌল সাহা। সম্মেলনে বিভিন্ন গির্জার ধর্মীয় প্রতিনিধি, ফাদার, সিস্টার, পালক এবং সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তাগণ উল্লেখ করেন, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের বিকল্প নেই। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও মানবতা ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় একজন এবং অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে রাজপাড়া থানা পুলিশের সহায়তায় আইডি বাগান থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা সহ আহম্মেদ ইবনে রয়েলকে (২৬) গ্রেপ্তার করে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম। সে নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ সাহাজীপাড়া এলাকা বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে সহ সকল আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ