শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:১৫ পি.এম
অপরাধীদের আইনের আওতায় আনা, মাদক নিয়ন্ত্রণ করা এবং কিশোর গ্যাং দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে সাধারণ মানুষের সাথে নিয়ে। রাজশাহী রেঞ্জের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম, ডিআইজির কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন। এই সভাটি রেঞ্জের সকল থানার অফিসার ইনচার্জদের সঙ্গে অনুষ্ঠিত হয়।
গত বুধবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং থানা পর্যায়ে জনগণের পুলিশি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করা, অভিযোগের যথাযথ গুরুত্ব প্রদান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে ডিআইজি অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ডিআইজি মীর আশরাফ আলী আরও বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা এবং পুলিশ ফাঁড়িগুলোকে স্বয়ংসম্পূর্ণ থানায় উন্নীত করা সময়ের দাবি। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি অভিভাবকদের সচেতনতা, পারিবারিক নজরদারি ও সামাজিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন। ডিআইজি আরও বলেন, মাদক প্রবাহ প্রতিরোধ ও মাদকাসক্তিজনিত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। একটি সুশৃঙ্খল, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে যথাযথ প্রশিক্ষণ, সঠিক নির্দেশনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাঘাটায় একটি মিলাদ ও মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ফলে এই গণডায়রিয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি মিলাদ ও দোয়ার আয়োজন করেন তাঁর ভাই বাবলু ব্যাপারী। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া ও না পাওয়া প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী আটার পিটালি ও ভাত খাওয়ানো হয়।
খাওয়ার পর বাড়ি ফেরার পরপরই অতিথিদের অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। এ ঘটনায় একটি পরিবারের ১ বছরের শিশিসহ ৮ জন সদস্যও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, স্থানীয় ঐতিহ্যবাহী আটার পিটালি তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেটি খেয়ে তাঁর বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা আঃ রহিম জানান, এমন ডায়রিয়ায় আক্রান্ত হননি গ্রামে এমন পরিবার খুব কমই রয়েছে; অনেকে হাসপাতালে না গিয়ে বাড়িতে থেকেও চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে আক্রান্ত রোগীরা সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে নারী, শিশু ও পুরুষসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আক্রান্তরা সময়মতো চিকিৎসা নেওয়ায় বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ