ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

পাকিস্তান ইতিহাস গড়তে চায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে


পাকিস্তান ইতিহাস গড়তে চায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে

পাকিস্তান এখনো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর নজির স্থাপন করতে পারেনি। আজ সেমিফাইনালে বাংলাদেশকে পরাজিত করে ইতিহাস রচনা করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি। গতকাল পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে তারা শিরোপার লক্ষ্য নিয়ে লড়াই করবেন। ইউসুফ বলেন, ‘আমাদের কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট সাফ। আর আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বও রয়েছে। সাফ জেতাই দলের বড় লক্ষ্য। আশা করি, আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারব।’

বাংলাদেশ দলের হামজা চৌধুরী প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হিসেবে বিবেচিত। গত ম্যাচে হামজার নেতৃত্বে বাংলাদেশ দারুণ খেলেছে। তবে হামজাকে নিয়ে চিন্তিত নয় পাকিস্তান। ইউসুফ এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘হামজা কিংবা অন্য কাউকে নিয়ে আমরা ভাবছি না। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আব্দুল্লাহ ইকবাল, ঈসা সুলিমান, আদিল নবি এবং আব্দুল আরশাদ রয়েছে। আমি মনে করি যে, তারা (হামজা-ফারহানরা) দুর্দান্ত খেলোয়াড়। তবে আমাদের দলেও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বংশোদ্ভূত খেলোয়াড়রা পার্থক্য গড়ে দিতে পারে। তবে ইউসুফ জানান, তারা নির্দিষ্ট কাউকে নয়, বরং প্রতিপক্ষ দল নিয়ে চিন্তিত। তিনি বলেন, ‘আবারও বলছি, সবকিছু (আমাদের ভাবনা) প্রতিপক্ষ দল নিয়ে। কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ মাঠে নেমে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দেব এবং আশা করি, ইনশাআল্লাহ, সেটাই যথেষ্ট হবে।’ ফাইনালে উঠে ভারতের বিপক্ষে খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউসুফ। তিনি বলেন, ‘আশা করি ফাইনালে ভারতের সঙ্গে ফের দেখা হবে। ভারতের বিপক্ষে আবার খেলতে চাই। কারণ আমাদের জন্য গত ম্যাচটি খারাপ গেছে।’

আরও পড়ুন: ফুটবলারের মৃত্যুর ঘটনায় এফসি অ্যান্ডোরার গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীতে বাবা ও দুই যমজ মেয়ের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


বাঁশখালীতে বাবা ও দুই যমজ মেয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে মো. জাহেদ (৫৫) নামের এক ব্যক্তি ও তার সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মওলার পাড়ায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

মো. জাহেদ হোসেন (৫৫) ছিলেন উপজেলার চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের পুত্র। শিশু দুটির নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। জুমার নামাজের পরে জাহেদের স্ত্রী আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে গেলে, দুই যমজ সন্তান ও তার স্বামী বাড়িতে অবস্থান করেন। বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। ফলে তিনি তাদের রেখে যান। বিকেলে বাড়ি ফিরে তারা দেখেন ঘরের চারপাশে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিজদায় বান্দা রবের সবচেয়ে নিকটবর্তী থাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


সিজদায় বান্দা রবের সবচেয়ে নিকটবর্তী থাকে

মহান আল্লাহর দরবারে অহংকার ও আত্মম্ভরিতাকে মাটিতে মিশিয়ে দিয়ে রবের সামনে সর্বোচ্চ বিনয় প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সিজদা। এটি শুধুমাত্র নামাজের একটি রুকন নয়; বরং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের যেসব গুণের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে সিজদা অন্যতম। ইরশাদ হয়েছে, ‘আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায়মান হয়ে রাত যাপন করে।’ (সুরা ফুরকান, আয়াত : ৬৪)

সিজদার সবচেয়ে বড় ফজিলত হলো এই অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বান্দা সিজদার সময়ে মহান আল্লাহর সর্বাধিক নৈকট্য লাভ করে। কাজেই এ সময় তোমরা অধিক পরিমাণে দোয়া পাঠ করবে। (আবু দাউদ, হাদিস : ৮৭৫)

এ নৈকট্য স্থানগত নয়; বরং আল্লাহর রহমত, অনুগ্রহ ও কবুলিয়তের বিশেষ নৈকট্য। সুতরাং সিজদায় বান্দার উচিত নিজের প্রয়োজন মহান আল্লাহর কাছে পেশ করা, নিজের সব সীমাবদ্ধতা ও অসহায়ত্ব তাঁর কাছে প্রকাশ করে সাহায্য কামনা করা, ইচ্ছায়-অনিচ্ছায় হয়ে যাওয়া গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং দুনিয়া-আখিরাতের কল্যাণ চেয়ে বেশি বেশি দোয়া করা। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) (মৃত্যুশয্যায় থাকাকালে) হুজরার পর্দা তুলে দিলেন।

লোকেরা এ সময় আবু বকরের পেছনে সালাতের কাতারে দাঁড়ানো ছিল। তিনি বললেন, ‘হে লোক সকল! আর নবুয়তের ধারা অবশিষ্ট থাকবে না। তবে মুসলিমরা সত্য স্বপ্ন দেখবে অথবা তাদেরকে দেখানো হবে। সাবধান! আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন রুকু বা সিজদারত অবস্থায় কোরআন পাঠ না করি। তোমরা রুকু অবস্থায় মহান প্রভুর শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব বর্ণনা করবে এবং সিজদারত অবস্থায় অধিক দোয়া পড়ার চেষ্টা করবে, কেননা তোমাদের দোয়া কবুল হওয়ার উপযোগী।’ (মুসলিম, হাদিস : ৯৬১)

এ কারণে হয়তো আমাদের প্রিয় নবীজি (সা.) সাহাবায়ে কেরামকে বেশি বেশি সিজদা করা (অর্থাৎ বেশি বেশি নামাজ পড়া) ও দীর্ঘ সিজদা করার প্রতি উৎসাহ দিয়েছেন। রবিআহ ইবনে কাব আল আসলামি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে রাত যাপন করছিলাম। আমি তাঁর অজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। তিনি আমাকে বললেন, কিছু চাও। আমি বললাম, জান্নাতে আপনার সাহচর্য প্রার্থনা করছি। তিনি বললেন, এ ছাড়া আরো কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বললেন, তাহলে তুমি অধিক পরিমাণে সিজদা করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য করো। (মুসলিম, হাদিস : ৯৮১)

এই হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহর বিশেষ রহমতের সঙ্গে নফল নামাজ ও অধিক সিজদার সম্পর্ক রয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর দীর্ঘ সিজদারও প্রমাণ পাওয়া যায়। আম্মাজান আয়েশা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) ১১ রাকাত নামাজ আদায় করতেন। এ ছিল তাঁর রাত্রিকালীন নামাজ। এতে তিনি এমন দীর্ঘ সিজদা করতেন যে, তাঁর মাথা ওঠাবার আগে তোমাদের কেউ ৫০ আয়াত পড়তে পারে এবং ফজরের সালাতের আগে তিনি আরো দুই রাকাত পড়তেন। অতঃপর তিনি ডান কাতে শুয়ে বিশ্রাম করতেন সালাতের জন্য মুয়াজ্জিনের আসা পর্যন্ত। (বুখারি, হাদিস : ৯৯৪)

সিজদা এমন ফজিলতপূর্ণ একটি ইবাদত যে পরকালে সিজদার চিহ্নের কারণে মানুষ নাজাত পেয়ে যাবে। রাসুলুল্লাহ (সা.)-এর দীর্ঘ এক হাদিসে এসেছে, পরকালে মহান আল্লাহ তাঁর প্রবল রহমতের কারণে কিছু বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাইবেন, তাই তিনি ফেরেশতাদের নির্দেশ দেবেন, তাঁরা যেন দুনিয়াতে ইবাদত করত, এমন লোকদের জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। তখন ফেরেশতারা জাহান্নামিদের মধ্যে সেই ইবাদতগুজার বান্দাদের সিজদার চিহ্ন দেখে চিহ্নিত করবেন। কারণ মহান আল্লাহ জাহান্নামের আগুনের জন্য সিজদার চিহ্ন গ্রাস করা নিষিদ্ধ করবেন। (বুখারি, হাদিস ৮০৬)

সুবহানাল্লাহ! সুতরাং আমাদের উচিত সিজদায় যত্নবান হওয়া। জীবনের প্রয়োজন ও আখিরাতের মুক্তির আশায় মহান আল্লাহর কাছে সিজদার মাধ্যমে সাহায্য চাওয়া। সিজদার প্রকৃত সৌন্দর্য শুধু দীর্ঘ সময় মাটিতে মাথা রাখা নয়; বরং অন্তরে বিনয়, আল্লাহর প্রতি ভালোবাসা, ভয় ও একনিষ্ঠতা নিয়ে তাঁর সামনে অবনত হওয়া। ফরজ নামাজের সিজদায় ইমামের অনুসরণ ও জামাতের শৃঙ্খলা বজায় রাখতে হবে। নফল নামাজে সামর্থ্য অনুযায়ী সিজদা দীর্ঘ করা যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে

সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রক্রিয়া এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজন করেছে।

এই সভা রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।

সভাটির আলোচ্যসূচিতে সরাসরি ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। মূলত, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার জন্য কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা নিয়ে আলোচনা হবে।

সভায় উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের।

এছাড়া, সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। রবিবারের সভা এ বিষয়ে করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে, কতগুলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসবে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং জাতীয়করণের ক্ষেত্রে কী কী শর্ত থাকবে, তা এখনো স্পষ্ট নয়। রবিবারের সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া, সভা থেকে জাতীয়করণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাই করা হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


কুষ্টিয়ায় মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

কুষ্টিয়া শহরের একটি মাদরাসায় শিক্ষার্থীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্থানীয়রা এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক আবির হাসান (২৩) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে শিশুটিকে মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় ভর্তি করান তার মা-বাবা। প্রথম দুই মাস সবকিছু স্বাভাবিক থাকলেও এর পর থেকে শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। বাড়িতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠলেও মাদরাসায় পাঠানোর পর ফের অসুস্থ হয়ে পড়ত। এক পর্যায়ে সে মাদরাসায় যেতে অস্বীকৃতি জানায়।

পরিবারের অভিযোগ, মাদরাসায় থাকাকালে শিশুটির বমি, বমির সঙ্গে রক্ত বের হওয়া ও পেট ব্যথার মতো উপসর্গ দেখা দিত। সন্তানের শরীরে নির্যাতনের চিহ্ন ও অসুস্থতার বিষয়টি জানাতে মাদরাসায় যান ওই শিক্ষার্থীর মা। এ সময় আবির হাসান নামের ওই শিক্ষক শিশুটিকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক আবির হাসানের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এক পর্যায়ে শিশুটির নির্যাতনের অভিযোগ সামনে এলে উত্তেজিত স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ভয়ে প্রথমে তার সন্তান নির্যাতনের বিষয়টি কাউকে জানাতে পারেনি। সম্প্রতি গ্রামের বাড়িতে নেওয়ার পর দাদির কাছে নির্যাতনের কথা খুলে বলে সে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদরাসার শিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%