শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৪১ এম
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালাতে গিয়ে একটি ট্রাককে প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করার পর আটক করা হয়। পরে ওই ট্রাকের চালককে সংকেত অমান্য করার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও ৬ জনকে ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর পৌর শহরের বাসটার্মিনাল এলাকায় তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাক থামানোর সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি থামানোর পরিবর্তে পালানোর চেষ্টা করে। পরে ৫ কিলোমিটার ধাওয়া করার পর তাকে আটক করা হয়। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং তিনি ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করেছেন। আইন অনুযায়ী, তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, আনন্দ পরিবহনের দুটি বাসের ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একটি ড্রাম ট্রাকের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং সড়ক পরিবহন আইন অমান্য করায় ৫ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
এদিকে, আনন্দ পরিবহণের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে তিন মোটরসাইকেল চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তাদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটও ছিল না।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে দলগত চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দলটি মোট ২০টি পদক জিতে দ্বিমুকুট লাভ করেছে, যার মধ্যে রয়েছে ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ।
৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ আনসার-ভিডিপি এই সাফল্য অর্জন করে। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে ১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরুষ বিভাগে ১০টি ওজন শ্রেণিতে ৮৪ জন কুস্তিগীর অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে পিছনে ফেলে আনসার-ভিডিপি ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে দলগত চ্যাম্পিয়ন হয়।
নারী বিভাগেও আনসার-ভিডিপির দাপট ছিল লক্ষণীয়। ১০টি ওজন শ্রেণিতে ৫৭ জন কুস্তিগীর অংশগ্রহণ করে, যেখানে দলটি ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক অর্জন করে। দুই বিভাগ মিলিয়ে ১৪১ জন কুস্তিগীরের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আনসার-ভিডিপি ২০টি পদক জিতে কুস্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে।
এই সাফল্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই বছরের বেশি সময় ধরে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি মহাপরিচালক নিয়মিতভাবে তাদের অনুপ্রেরণা প্রদান করেছেন।
মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী দিনেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আনসার-ভিডিপির ক্রীড়াবিদরা বাহিনী ও দেশের সুনাম বয়ে আনবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম মন্তব্য করেছেন যে, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য হলো সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা এবং পেশাগত সততা বজায় রাখা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল কনফারেন্স রুমে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
বিচারপতি এ কে এম আব্দুল হাকিম গণমাধ্যমকর্মীদের অধিকার বিভিন্ন আইনের মাধ্যমে তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। তবেই তারা বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ সংগ্রহ করতে সক্ষম হবেন এবং প্রতিষ্ঠানে তাদের কার্যকর অবস্থান ধরে রাখতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ এবং মো. শহিদুল ইসলাম।
আলোচকরা উল্লেখ করেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে গুজব ও ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে পেশাদার সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়ে গেছে। নীতি-নৈতিকতা মেনে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই সাংবাদিকরা সমাজে সত্য প্রতিষ্ঠা করতে পারেন।
সাব-এডিটররা সংবাদপত্রের প্রাণ হিসেবে উল্লেখ করে বলেন, একটি সংবাদের শিরোনাম, ভাষা ও উপস্থাপনার ওপর তার গ্রহণযোগ্যতা নির্ভর করে। তাই সাব-এডিটরদের সতর্ক, দায়িত্বশীল ও নীতিবান হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি সহ অন্যান্য সাংবাদিক নেতারা।
স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর।
কর্মশালায় ডিএসইসির সদস্যরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে।
এর আগে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী আনতালিয়া থেকে টার্কিশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হন।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার ৩ দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ