ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের আহ্বান


জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের আহ্বান

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা কমানোর পাশাপাশি সহজ শর্তে দ্রুত অর্থায়ন নিশ্চিত করার এবং জলবায়ু পরিকল্পনাকে বাস্তব বিনিয়োগে রূপ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ।

শনিবার কপ৩১-এর ষষ্ঠ দিনে আনতালিয়া এক্সপো সেন্টারের মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যে এসব বিষয় উঠে এসেছে। এর আগে অর্থ ও বাণিজ্য দিবসের আলোচনায় সরকার, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন ব্যাংক ও বেসরকারি খাতের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করে বাস্তব প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

এদিকে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দাবির সঙ্গে একমত পোষণ করলেও দুর্নীতিমুক্তভাবে তহবিল খরচ নিশ্চিত করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের পক্ষ থেকে কপ৩১ এ অংশ নেওয়া প্রতিনিধিদল প্রধানমন্ত্রী যে পাঁচটি দাবি করেছেন, তাকে স্বাগত জানিয়েছে। তবে বাংলাদেশের জন্য যে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন পায়, তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এই তহবিলের অর্থ পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব্যবহার করা হবে, তাও নিশ্চিত করার দাবি জানায় জামায়াতের প্রতিনিধিদল।

আরও পড়ুন: শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর

শনিবার আনতালিয়ায় কপ৩১ ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এবং কুড়িগ্রাম-৩ আসনের এমপি ব‍্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

এ সময় তিনি বলেন, পূর্বে জলবায়ু তহবিলে যেসব আন্তর্জাতিক ফান্ড এসেছে, সেগুলোর খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই আগামীতে যে বরাদ্দ আসছে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে।

সালেহী পরিবেশ রক্ষা নিয়ে জামায়াতের থ্রি জিরো ভিশন তুলে ধরেন। তিনি জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের কথা উল্লেখ করেন। এই থ্রি জিরো ভিশন বিভিন্ন সাইড ইভেন্টে তুলে ধরা হয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান জামায়াত। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কপ৩১ জামায়াত প্রতিনিধিদলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান।

জলবায়ু অর্থায়নের কেন্দ্রে থাকতে হবে শিশুদের

আরও পড়ুন: ক্যানসার চিকিৎসা ৫ বছরে জনগণের কাছে পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের প্রায় ছয় কোটি শিশু রয়েছে। অথচ বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ২.৪ শতাংশ ব্যয় হচ্ছে শিশু-সংবেদনশীল কার্যক্রমে। বাংলাদেশ জলবায়ু অর্থায়ন পেলেও সেই অর্থের সুফল শিশু ও প্রান্তিক জনগণের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। এ অবস্থায় জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলে শিশুদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন ও প্রবেশপথ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, জলবায়ু অর্থায়ন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শনিবার আনতালিয়ায় কপ৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘জলবায়ু কার্যক্রমের কেন্দ্রে শিশু: শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন উন্মুক্ত করা’ শীর্ষক সেশনে বক্তারা এসব কথা বলেন। সেশনটির আয়োজন করে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। সেশনটি সঞ্চালনা করেন সংস্থাটির ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেমস ইনিশিয়েটিভের (সিএসইএসআই) ম্যানেজার শোহাইল বিন সাইফুল্লাহ। এতে বক্তব্য দেন সংরক্ষিত সংসদ সদস্য মানসুরা আক্তার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাতিসংঘ উইংয়ের অতিরিক্ত সচিব ও উইংপ্রধান একেএম সোহেল, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক রওনকুল ইসলাম, সাউথ সুদান চিলড্রেনস কাউন্সিলের প্রতিনিধি আমোকো, সেভ দ্য চিলড্রেন ইউকের সিনিয়র ক্লাইমেট অ্যাডভাইজার শ্রুতি আগরওয়াল এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

ইএসডিওর বিশেষ আয়োজন

গত শুক্রবার বাংলাদেশ প্যাভিলিয়নে ইএসডিও আয়োজিত ৯০ মিনিটের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি শুধুমাত্র অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করা যায় না। মানুষের মর্যাদা, সংস্কৃতি, সামাজিক সম্পর্ক, মানসিক নিরাপত্তা এবং ঐতিহ্য হারানোর ক্ষতিও জলবায়ু ন্যায়বিচারের আলোচনায় যথাযথ গুরুত্ব পেতে হবে। অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ, জলবায়ু গবেষক, মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিক চালু

কপ৩১ বিজনেস ফোরামে ৪ হাজার প্রতিনিধি

তুরস্কের চেম্বারস অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ ইউনিয়ন (টিওবিবি) আয়োজিত দুই দিনব্যাপী কপ৩১ বিজনেস ফোরামে জলবায়ু অর্থায়ন ও বেসরকারি খাতের ভূমিকা বিশেষ গুরুত্ব পেয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৩টি অধিবেশনে প্রায় চার হাজার অংশগ্রহণকারী এবং ১০০ জন বক্তা এতে অংশ নেন।

জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে নতুন উদ্যোগ

জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে কপ৩১ প্রেসিডেন্সির অন্যতম উদ্যোগ হিসেবে ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন সেতু প্ল্যাটফর্মকে এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন করে চিলি, লেবানন, মেক্সিকো ও জাম্বিয়া এই উদ্যোগে যুক্ত হয়েছে। এর আগে ইথিওপিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও উজবেকিস্তান প্রথম দল হিসেবে যুক্ত হয়েছিল। উদ্যোগটির মূল লক্ষ্য হলো দেশগুলোর জাতীয় জলবায়ু অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তর করা এবং প্রয়োজনীয় অর্থায়ন, কারিগরি সহযোগিতা ও বাস্তবায়নকারী অংশীদারদের সঙ্গে সংযুক্ত করা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা আব্দুর রহিম

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ এম


ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

৮৬ মিনিটে পাকিস্তানের বিরুদ্ধে গোল হজম করার পর জাতীয় স্টেডিয়ামে রাজ্যের হতাশা, ক্ষোভ ও আক্ষেপ দেখা দেয়। এই পরিস্থিতি বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনায় রূপ নেয়। গ্যালারির কিছু দর্শক বিক্ষুদ্ধ হয়ে ওঠেন।

স্টেডিয়ামের উত্তরপ্রান্তের গ্যালারিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ক্ষুদ্ধ দর্শকরা মাঠে স্মোক ফ্লেয়ার ছুঁড়ে মারেন। এই কারণে রেফারিকে শেষের দিকে খেলা বন্ধ রাখতে বাধ্য হতে হয়। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত চার মিনিটের খেলা বাকি ছিল। এমন পরিস্থিতিতে পাকিস্তান গোলপোস্টের দিকে দর্শকদের স্মোক ফ্লেয়ার ও বোতল ছুঁড়ে মারতে দেখা যায়। গ্যালারিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।

মাঠে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নেভাতে কাজ করেন। এই অপ্রীতিকর ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী। যখন রেফারি খেলা বন্ধ করেন, তখন মাঠের বাইরে গিয়ে দর্শকদের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানান এই ফুটবলার। তবে মাঠেও ফুটবলারদের মধ্যে মেজাজ হারানোর ঘটনা ঘটে। দুদলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সব মিলিয়ে জাতীয় স্টেডিয়ামে ফুটবল উৎসব শেষ হলো ক্ষোভ ও হতাশার মধ্যে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসার চিকিৎসা ৫ বছরে জনগণের কাছে পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ এম


ক্যানসার চিকিৎসা ৫ বছরে জনগণের কাছে পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ করবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সাধারণত ব্রেস্ট ক্যানসার, কলোরেক্টাল ক্যানসার ও ওরাল ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি। এসব ক্যানসার প্রতিরোধের জন্য প্রাথমিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্দেশ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।

বুধবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ বিষয়গুলো তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্যানসার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে আজকের এই অংশীজন পরামর্শ সভা একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি জানান, সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এছাড়া ক্যানসার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

ক্যানসার মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে কাজ করা সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সরকার ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল গঠন করবে। এর মাধ্যমে দেশে ক্যানসার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং আন্তমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব একেএম বেনজামিন রিয়াজী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনি প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃদ্ধ হত্যার ঘটনায় মামলা তুলে নিতে স্বজনদের ওপর চাপ, দাফনে বাধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ এম


বৃদ্ধ হত্যার ঘটনায় মামলা তুলে নিতে স্বজনদের ওপর চাপ, দাফনে বাধা

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামক এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযোগ উঠেছে যে, স্বজনদের মামলা তুলে নিতে চাপ দেয়া হচ্ছে। এমনকি, ময়নাতদন্তের পর মরদেহ দাফনেও বাধা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। পরে, শনিবার রাত ৮টায় জেলা পুলিশের অতিরিক্ত ফোর্সের উপস্থিতিতে বৃদ্ধের মরদেহ দাফন সম্পন্ন হয়।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এই হত্যার ঘটনা ঘটে। নিহত মীর হোসেন একই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র।

এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আবদুল বারেক (৫০) ও আলা উদ্দিন (২৭) নামে দুজনকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামি ফয়সালকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষে ফয়সাল নামে একজনের লাঠির আঘাতে গুরুতর আহত হন বৃদ্ধ মীর হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে নিহতের মরদেহ দাফনের প্রস্তুতি নিলে স্থানীয় একটি পক্ষ তাতে বাধা দেয়। এ সময় নিহতের স্বজনদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত দুজন আহত হন। হামলাকারীরা জানান, হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম না কাটলে তারা মরদেহ দাফন করতে দেবেন না।

এ সময় নিহতের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ দেয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ মোতায়েন করে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

হামলার শিকার নিহতের আত্মীয় ফয়সাল জানান, ‘দুপুরে কাফনের কাপড়সহ মরদেহ দাফনের জন্য গেলে সেখানে আমার ওপর হামলা করা হয়। এ সময় তারা আমার মোবাইল ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে যায়।’

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। দাফনে বাধা দেয়া এবং মামলা তুলে নিতে চাপ দেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে শনিবার রাত ৮টায় জেলা পুলিশের অতিরিক্ত ফোর্সের উপস্থিতিতে ওই বৃদ্ধের মরদেহ দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ এম


শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর

শ্রম অসন্তোষ এবং নিরাপত্তাহীনতার কারণে দেশের তৈরি পোশাক শিল্পের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠছে। সাভার, আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলের ১৪৭টি পোশাক কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম কার্যকরী নয়। এর মধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

এছাড়া শ্রমিকদের বিক্ষোভের কারণে আরো ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে উৎপাদন চালাতে অক্ষম কারখানাগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

গতকাল শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ এবং বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে কারখানার পরিস্থিতি এবং মালিকপক্ষের অবস্থান তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসানসহ বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, শিল্পাঞ্চলে নিরাপত্তা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়বে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আজ রবিবার থেকে উৎপাদন চালাতে অক্ষম কারখানাগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখা হবে।

এমন অস্থিরতার মাঝে শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত চারটি গ্রেডে মজুরির প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে, মালিকপক্ষ আগামীকাল সোমবার বোর্ডের তৃতীয় সভায় লিখিত প্রস্তাব জমা দেওয়ার পরিকল্পনা করেছে। বর্তমানে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

অর্থনীতিবিদ এবং শ্রম বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র মজুরির অঙ্ক বাড়ানো কিংবা মালিকদের সক্ষমতার যুক্তিতে সিদ্ধান্ত আটকে রাখলে এই সংকটের স্থায়ী সমাধান হবে না। শ্রমিকের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদনশীলতা, পণ্যের ন্যায্য মূল্য এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দর-কষাকষির সক্ষমতা বাড়াতে হবে।

এমন পরিস্থিতিতে বিজিএমইএ সভাপতি জানান, ৫৫টি কারখানা ইতিমধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে আরো ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। সব মিলিয়ে ১৪৭টি কারখানা স্বাভাবিক উৎপাদনে নেই।

মালিকপক্ষের অভিযোগ, কিছু শ্রমিক কাজে যোগ দিচ্ছেন না এবং অন্য শ্রমিকদেরও কাজে যেতে বাধা দিচ্ছেন। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে। ফলে কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

সোমবার মালিকপক্ষের মজুরি প্রস্তাব: শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে আগামীকাল সোমবার সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। সভায় বোর্ডের চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন লিখিত মজুরি প্রস্তাব জমা দেবেন।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। এতে চারটি গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা মাসিক মজুরির সুপারিশ করা হয়। গ্রেড অনুযায়ী প্রস্তাবিত মজুরি প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেছেন, খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা, সন্তানদের শিক্ষা এবং মূল্যস্ফীতির বিষয় বিবেচনায় নিয়ে এই প্রস্তাব করা হয়েছে। তাঁর হিসাবে, চার সদস্যের একটি পরিবারের প্রয়োজনীয় মাসিক ব্যয় ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা। তবে শিল্পের সক্ষমতা বিবেচনায় শ্রমিকপক্ষ তাদের দাবি সমন্বয় করেছে।

চলমান শ্রম অসন্তোষের কারণে মজুরি বোর্ডের আলোচনায় মালিকপক্ষ কতটা সক্রিয় থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, শ্রমিক আন্দোলন এবং বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

‘জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা দেখতে হবে’: অর্থনীতিবিদ ড. মাহফুজ কবিরের মতে, বর্তমান বাজারদরে ১২ হাজার ৫০০ টাকা মজুরিতে একজন শ্রমিকের পক্ষে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন। চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসস্থান, যাতায়াত, চিকিত্সা এবং শিক্ষার ব্যয় বিবেচনায় নিলে বর্তমান মজুরি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের মতে, পোশাকশিল্পের প্রতিযোগিতার শক্তি হিসেবে কম মজুরির ওপর নির্ভরতার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি: বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের এই শিল্পে দীর্ঘস্থায়ী শ্রম অসন্তোষ শুধু কারখানার উৎপাদন নয়, দেশের বৈদেশিক বাণিজ্য এবং অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%