০৩:১৪ এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ করবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সাধারণত ব্রেস্ট ক্যানসার, কলোরেক্টাল ক্যানসার ও ওরাল ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি। এসব ক্যানসার প্রতিরোধের জন্য প্রাথমিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্দেশ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
বুধবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ বিষয়গুলো তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্যানসার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে আজকের এই অংশীজন পরামর্শ সভা একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি জানান, সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এছাড়া ক্যানসার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর
ক্যানসার মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে কাজ করা সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সরকার ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল গঠন করবে। এর মাধ্যমে দেশে ক্যানসার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং আন্তমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব একেএম বেনজামিন রিয়াজী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনি প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন