০৩:১২ এম
১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হতে যাচ্ছে। কার্যক্রমের শুরুতে দুটি আগমন এবং দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করা হবে।
এ লক্ষ্যে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছেন।
শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এই নির্দেশনা দেন, যেখানে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: নতুন থানা ও পৌরসভা গঠনসহ ৪ প্রস্তাবে সুপারিশ
প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, "হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালটির কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।" তিনি আরও বলেন, "সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করতে হবে।"
মন্ত্রী উল্লেখ করেন, "সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আংশিকভাবে চালু হবে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন