মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
০৯:৫২ পি.এম
শেরপুর সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মান যাচাই করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সোমবার (৯ নভেম্বর) চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নয়াপাড়া ও নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনের সময় নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার মাত্র ২০ শতাংশ দেখতে পান জেলা প্রশাসক। এত কম উপস্থিতিতে উদ্বেগ জানিয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে ফেরাতে অভিভাবকদের সম্পৃক্ত করার পরামর্শ দেন শিক্ষকদের। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।
অন্যদিকে চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হার পাওয়া যায় ৮৪ শতাংশ। সেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন ফরিদা ইয়াসমিন। ইংরেজি ও গণিতে তাদের পারদর্শিতা যাচাই করেন।
এ সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে কিছুটা দুর্বলতা লক্ষ করেন তিনি। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনের পাশাপাশি বিদ্যালয়টির তিনজন পিতৃহীন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ান জেলা প্রশাসক। পরিবারগুলোর জন্য চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার ব্যবস্থা করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে অর্থ তুলে দেন তিনি।
ফরিদা ইয়াসমিন বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়ানো, শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকানো এবং সব শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। বিদ্যালয়ের পাঠদান ও পরিবেশের উন্নয়নে নিয়মিত পরিদর্শন এবং তদারকি চলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপন করার পর, সেগুলো কোন কমিটিতে প্রদান করা হয়নি, এ নিয়ে প্রশ্ন তোলেন পাবনা-২ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর জবাবে বলেন, "সংসদ সদস্যরা আরেকটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো।"
এ ঘটনা সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে ঘটে। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনের শুরুতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৭), ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৮) এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৯) সংসদে উত্থাপন করেন।
এ সময় বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর চান ব্যারিস্টার নাজিবুর রহমান। তিনি বলেন, "অধ্যাদেশগুলো উত্থাপনের জন্য ধন্যবাদ জানালেও সেগুলো কোনো কমিটিতে পাঠানো হয়নি।" তিনি উল্লেখ করেন, এই অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা। ঈদের আগে অধ্যাদেশ উত্থাপনের পর সময়ের স্বল্পতার কথা বলে ঈদের পরে দুই-তিন দিনের মধ্যে বিলগুলো পাস করা হয়েছিল।
জবাবে ডেপুটি স্পিকার বলেন, "অধ্যাদেশগুলো যখন বিল আকারে উত্থাপিত হবে, তখন সম্ভবত কমিটিতে পাঠানো হবে।"
এরপর নাজিবুর রহমান বলেন, "অধ্যাদেশ উত্থাপনের পর ৩০ দিনের বাধ্যবাধকতা রয়েছে। এই সময়ের মধ্যে পাস না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে যাবে।" তিনি জানান, আজ অধ্যাদেশগুলো উত্থাপন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর সংসদ অধিবেশন মুলতবি হলে এবং পরবর্তী অধিবেশন ৩০ দিনের মধ্যে শুরু না হলে অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে। এই কারণে উত্থাপনের দিনই কমিটিতে পাঠানো হলে যাচাই-বাছাইয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত বলে মন্তব্য করেন তিনি।
পরে আবার ফ্লোর নিয়ে আইনমন্ত্রী বলেন, "মাননীয় স্পিকার, সংসদের প্রসিডিংয়ে এগুলো রেকর্ড হবে। তখন মনে হবে যে আমরা সংসদ সদস্যরা আরেকটু মনে হয় হোমওয়ার্ক করে আসলে বেটার হয়।"
তিনি আরও বলেন, "সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা তার বাধ্যবাধকতা। অধ্যাদেশগুলো নতুন করে বিল আকারে সংসদে আনা হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী দুই-এক দিনের মধ্যে তা উত্থাপন করবেন। এরপর বিলগুলো সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কমিটি যাচাই-বাছাই করার পর সেগুলো আইনে রূপান্তরিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বামপন্থী ও প্রগতিশীল রাজনীতির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার জন্য উদ্যোগ নিয়েছেন প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা। তাকে প্রেসিডেন্ট পদে লড়তে উৎসাহিত করতে ‘রেডি ফর এওসি’ নামে একটি রাজনৈতিক সংগঠন প্রচারাভিযান শুরু করেছে।
সোমবার সংগঠনটি এই উদ্যোগের ঘোষণা দেয়। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পরিচালিত এই প্রচারের উদ্দেশ্য হলো, ওকাসিও-কর্টেজকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো এবং তাকে বোঝানো যে, তিনি প্রার্থী হলে তার পক্ষে মাঠে নামতে প্রস্তুত বিপুলসংখ্যক সমর্থক রয়েছেন।
সংগঠনটি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রজুড়ে ১০ হাজার স্থানীয় নেতা ও কমিউনিটি সংগঠককে যুক্ত করতে চায়। তাদের মাধ্যমে ওকাসিও-কর্টেজের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার পক্ষে অন্তত ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ৩৫টি অঙ্গরাজ্যের ৫০০ জনের বেশি স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতা এই উদ্যোগে যুক্ত হয়েছেন।
সংগঠনটির মুখপাত্র রবি সাহাই বলেন, "ওকাসিও-কর্টেজ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে তার জন্য তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী আন্দোলনের কাঠামো গড়ে তোলাই আমাদের লক্ষ্য।" একই সঙ্গে তিনি জানান, "আমরা তাকে দেখাতে চাই, তার পেছনে এমন একটি আন্দোলন প্রস্তুত রয়েছে, যা তাকে নির্বাচনে বিজয়ী করতে প্রয়োজনীয় শক্তি জোগাতে পারে।"
রবি সাহাই নিউইয়র্কের প্রগতিশীল রাজনীতিকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রাখেন। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেসে নবনির্বাচিত ক্লেয়ার ভালদেজ এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করার এটি প্রথম উদ্যোগ নয়। তাকে নির্বাচনে নামাতে আরো কয়েকটি সংগঠন কাজ করছে। মূলত ২০২৮ সালের ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা শুরুর আগেই প্রার্থীদের সম্ভাব্য সমর্থকেরা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।
২০২৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ওকাসিও-কর্টেজের নাম বিশেষভাবে আলোচিত। তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন, নাকি নিউইয়র্ক থেকে সিনেট নির্বাচনে অংশ নেবেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। তিনি ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম পরিচিত মুখ। নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেওয়া এই নেত্রীর বামপন্থী সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একই সঙ্গে তিনি রিপাবলিকানদের সমালোচনারও নিয়মিত লক্ষ্য।
২০১৮ সালে দীর্ঘদিনের এক কংগ্রেস সদস্যকে পরাজিত করে চমক সৃষ্টি করার পর জাতীয় পর্যায়ে পরিচিতি পান ওকাসিও-কর্টেজ। ওই সময় বর্ণগত সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন বামপন্থী নারী কংগ্রেস সদস্যকে নিয়ে গঠিত ‘দ্য স্কোয়াড’ নামের গোষ্ঠী প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে নিজের দৃঢ় প্রগতিশীল অবস্থান বজায় রেখেও ডেমোক্র্যাটিক পার্টির মূলধারার নেতাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি অর্জন করেছেন তিনি। তবে দলের মধ্যপন্থী অংশের কেউ কেউ তাকে বামপন্থী রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, ডেমোক্র্যাটিক সোশ্যালিজমের প্রতি সমর্থন বাড়ালে মধ্যপন্থী ভোটারদের কাছে দলটির গ্রহণযোগ্যতা কমতে পারে।
সিনেটর বার্নি স্যান্ডার্সের দুই দফা প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারের মধ্য দিয়ে গড়ে ওঠা প্রগতিশীল আন্দোলনের উত্তরসূরি হিসেবে দেখা হয় ওকাসিও-কর্টেজকে। ফলে নির্বাচনে প্রার্থী হলে শুরু থেকেই তার একটি শক্তিশালী সমর্থকগোষ্ঠী এবং ক্ষুদ্র অঙ্কের অনুদানদাতাদের বড় ভিত্তি থাকতে পারে।
তবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি নিউইয়র্কের সিনেটর চাক শুমারের বিরুদ্ধেও নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি তিনি। কংগ্রেসের নেতৃত্বের ওপর অসন্তুষ্ট ডেমোক্র্যাটদের কাছে এমন একটি লড়াই বেশ আকর্ষণীয় হতে পারে।
ওকাসিও-কর্টেজ জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করবেন তিনি।
গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে তার প্রচার কার্যক্রম, সমর্থিত প্রার্থী ও তহবিল সংগ্রহের বিষয়ে সমর্থকদের কাছে পাঠানো একটি স্মারকলিপিতেও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, "আপনাদের কাছে জানতে চাওয়া হতে পারে, আপনারা কি তাকে প্রেসিডেন্ট নির্বাচনে, নিউইয়র্ক থেকে সিনেট নির্বাচনে, নাকি প্রতিনিধি পরিষদে থাকতে সমর্থন করেন? আমরা আপনাদের পরামর্শ দেব, এই স্মারকলিপিতে উল্লেখ করা বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে এবং বলতে যে কংগ্রেস সদস্য ওকাসিও-কর্টেজ সব সময়ের মতোই সর্বাধিকসংখ্যক মানুষের সর্বাধিক কল্যাণে কাজ করার পথ খুঁজে যাবেন।"
২০২৮ সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে প্রতিযোগিতা যথেষ্ট জমজমাট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার আরেক প্রগতিশীল কংগ্রেস সদস্য রো খান্নাকেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করার উদ্যোগ নিয়েছেন তার সমর্থকেরা। এ লক্ষ্যে তারা ‘রেডি ফর এওসি’র মতো একটি সংগঠনও গঠন করেছেন।
আটলান্টার প্রগতিশীল রাজনৈতিক সংগঠক ক্যাট লেদারউড জানান, অক্টোবরের শুরুর দিকে তিনি এ ধরনের একটি ঘরোয়া বৈঠকের আয়োজন করেছিলেন। বৈঠক শেষে অংশগ্রহণকারীরা ওকাসিও-কর্টেজ এবং ডেমোক্র্যাটিক সোশ্যালিজমের প্রতি নতুন উদ্দীপনা নিয়ে ফিরে যান।
ক্যাট লেদারউডের মতে, "ওকাসিও-কর্টেজ প্রেসিডেন্ট হলে তা একটি ‘নতুন মানদণ্ড’ ও ‘নতুন রাজনৈতিক পরিবেশ’ তৈরি করবে।" তিনি বলেন, "এটি আমাদের দেখাবে, আমরা আরো বড় স্বপ্ন দেখার সাহস করতে পারি।"
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বাধার তীব্র নিন্দা জানিয়েছেন। অবরুদ্ধ উপত্যকাটিতে শীতকালীন বৃষ্টির কারণে মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে, এই প্রেক্ষাপটে তিনি তাঁর নিন্দা প্রকাশ করেন।
আজ সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে শাহবাজ শরিফ বলেছেন, ‘বৃষ্টির পানিতে তাঁবু ডুবে যাওয়া এবং আশ্রয়হীন গাজার শিশুদের আটকে পড়া, অনাহার ও তীব্র শীতের মধ্যে দিন কাটানোর হৃদয়বিদারক দৃশ্য দেখা যাচ্ছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি।’
গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত যুদ্ধবিরতি চুক্তির আওতায়, বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য তাঁবু ও মোবাইল হোমসহ গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছিল ইসরাইল। তবে, দেশটি এখনো ত্রাণ সরবরাহে বিধিনিষেধ আরোপ করে রেখেছে। ফলে শীতকালীন বৃষ্টির ফলে গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে।
এদিকে, ভারী বৃষ্টির পর ভূমিধসে গাজায় তাঁবুতে আশ্রয় নেওয়া পাঁচ ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় বিশ্ববাসীর ‘উদাসীনতা ও নিষ্ক্রিয়তার’ সমালোচনা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আজ সোমবার (৯ নভেম্বর) গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘এটা এমন একটা দৃশ্য, যা মানবতার বিবেককে লজ্জিত করা উচিত। আমাদের জনগণের ওপর চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র ও পরিত্যক্ত অবস্থার ভয়াবহতাও এতে প্রতিফলিত হয়েছে।’
গত রোববার (৮ নভেম্বর) গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে একটি তাঁবুর ওপর বালুর স্তূপ ধসে হতাহতের ঘটনা ঘটে। এর আগে, গত শুক্রবার (৬ নভেম্বর) অবরুদ্ধ গাজায় বছরের প্রথম শীতকালীন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়।
এতে ব্যাপক জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরগুলো প্লাবিত হয়েছে। একই সঙ্গে, ইসরাইলি বিমান হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ভবনগুলো আরও দুর্বল হয়ে পড়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর আরোপ করা বিধিনিষেধের কারণে উন্নত অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে গাজার বাসিন্দাদের খালি হাতেই মাটি ও বালু সরাতে হয়েছে।
দেইর আল-বালাহ থেকে আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানিয়েছেন, নিহত ব্যক্তিরা খোলা জায়গায় দুর্বল তাঁবুতে বসবাস করছিলেন। ভারী বৃষ্টি থেকে নিজেদের রক্ষার কোনো ব্যবস্থা ছিল না তাদের।
তিনি বলেন, ‘বালুর বাঁধটি যখন ধসে পড়ে, তখন ওই মানুষগুলোর পালিয়ে যাওয়ার বা নিজেদের রক্ষা করার কোনো সুযোগ ছিল না। মাঠপর্যায়ে মানুষকে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে, এ ঘটনা তা সামনে এনেছে।’
চলতি সপ্তাহে ঝড়ের সময় গাজায় প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী, গাজায় পাঁচ লাখের বেশি শিশু বর্তমানে ‘সংকটাপন্ন বা বিপর্যয়কর’ আশ্রয় পরিস্থিতিতে বসবাস করছে।
এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানায়, এক বছরেরও বেশি আগে ঘোষিত তথাকথিত যুদ্ধবিরতিতে তাঁবুর পরিবর্তে আরও টেকসই বিকল্প হিসেবে ক্যারাভ্যান প্রবেশের কথা বলা হয়েছিল। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ বারবার গাজায় এসব ক্যারাভ্যান প্রবেশে বাধা দিয়েছে। ফলে লাখ লাখ শিশুকে আরও একটি শীতকাল চরম দুর্ভোগের মধ্যে কাটাতে হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর সংসদে বিল সময়মতো না আসায় ডেপুটি স্পিকার কায়সার কামাল উষ্মা প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আইনসভাকে অবজ্ঞা নয়, শক্তিশালী করুন।’
সোমবার (৯ নভেম্বর) সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় পাস হওয়ার পর বিলটি সংসদে তুলতে চার মাস সময় লাগার প্রসঙ্গ উল্লেখ করে ডেপুটি স্পিকার এই মন্তব্য করেন। মন্ত্রণালয় থেকে বিল আসতে দেরি হওয়ায় এর আগে তিনি সংসদে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আজ ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীর উদ্দেশে বলেন, এটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল, যা প্রায় চার মাস আগে।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সরকারি বিল উত্থাপনের সাত দিন আগে নোটিশ দিতে হয় এবং বেসরকারি বিল উত্থাপনের ১৫ দিন আগে নোটিশ দিতে হয়। তবে স্পিকার চাইলে সময় বাড়াতে পারেন। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি গত ৪ নভেম্বর সংসদে আসে।
ডেপুটি স্পিকার মন্তব্য করেন, ‘এই চার মাসে, আপনার এক্সিকিউটিভের (নির্বাহী বিভাগ) পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে আসল যে, আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার- কনডোনেশন অব টাইম) করতে হলো? আমি দিচ্ছি অনুমতি, বাট (কিন্তু) এটা বোধ হয় আগেও দুই-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরেও এক্সিকিউটিভ পার্ট থেকে লেজিসলেচারকে (আইন বিভাগ) আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে মাননীয় সদস্যরা বিলটা দেখতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘আপনাদের চার মাস আগে যে বিলটা অনুমোদিত হয়েছে মন্ত্রিপরিষদে, এই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংসদে আসতে তো তিন-চার মাস সময় লাগার কথা না।’ মন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ। লেজিসলেচারকে এমপাওয়ারড করেন, ইগনোর না।’
পরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে তোলেন। বিলটি পরে পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে উল্লেখ করা হয়েছে, আইন পাস হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ গঠন করবে। বগুড়া সিটি করপোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে সিটি করপোরেশন এলাকা সংলগ্ন যেসব এলাকা নির্ধারণ করবেন সেসব এলাকা এই কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হবে। ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে এই কর্তৃপক্ষ। এ জন্য ভূমি জরিপ ও সমীক্ষা, গবেষণা পরিচালনা এবং সংশ্লিষ্ট সব তথ্য, উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ ও বাস্তবায়ন করতে পারবে। অপরিকল্পিত, অপ্রশস্ত সড়ক ও এলাকার ভূমি পুনউন্নয়ন ও ভূমি পুনর্বিন্যাসে উন্নয়ন প্রকল্প নিতে পারবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমৃদ্ধ গুরুত্বপূর্ণ বগুড়া শহর ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণসহ দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাউক) ইতিমধ্যে গঠিত চারটি উন্নয়ন কর্তৃপক্ষের মতো ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা আবশ্যক।
তিন অধ্যাদেশ সংসদে
অধিবেশন শুরু হওয়ার আগে জারি করা তিনটি অধ্যাদেশ আজ চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়েছে। অধ্যাদেশগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ