১০:২০ পি.এম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বাধার তীব্র নিন্দা জানিয়েছেন। অবরুদ্ধ উপত্যকাটিতে শীতকালীন বৃষ্টির কারণে মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে, এই প্রেক্ষাপটে তিনি তাঁর নিন্দা প্রকাশ করেন।
আজ সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে শাহবাজ শরিফ বলেছেন, ‘বৃষ্টির পানিতে তাঁবু ডুবে যাওয়া এবং আশ্রয়হীন গাজার শিশুদের আটকে পড়া, অনাহার ও তীব্র শীতের মধ্যে দিন কাটানোর হৃদয়বিদারক দৃশ্য দেখা যাচ্ছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি।’
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি
গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত যুদ্ধবিরতি চুক্তির আওতায়, বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য তাঁবু ও মোবাইল হোমসহ গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছিল ইসরাইল। তবে, দেশটি এখনো ত্রাণ সরবরাহে বিধিনিষেধ আরোপ করে রেখেছে। ফলে শীতকালীন বৃষ্টির ফলে গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে।
এদিকে, ভারী বৃষ্টির পর ভূমিধসে গাজায় তাঁবুতে আশ্রয় নেওয়া পাঁচ ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় বিশ্ববাসীর ‘উদাসীনতা ও নিষ্ক্রিয়তার’ সমালোচনা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আজ সোমবার (৯ নভেম্বর) গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘এটা এমন একটা দৃশ্য, যা মানবতার বিবেককে লজ্জিত করা উচিত। আমাদের জনগণের ওপর চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র ও পরিত্যক্ত অবস্থার ভয়াবহতাও এতে প্রতিফলিত হয়েছে।’
গত রোববার (৮ নভেম্বর) গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে একটি তাঁবুর ওপর বালুর স্তূপ ধসে হতাহতের ঘটনা ঘটে। এর আগে, গত শুক্রবার (৬ নভেম্বর) অবরুদ্ধ গাজায় বছরের প্রথম শীতকালীন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়।
এতে ব্যাপক জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরগুলো প্লাবিত হয়েছে। একই সঙ্গে, ইসরাইলি বিমান হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ভবনগুলো আরও দুর্বল হয়ে পড়েছে।
আরও পড়ুন: কানাডা কেন অভিবাসনকে গুরুত্ব দিচ্ছে, তিন বছরে ৩৮০০০০ অভিবাসী গ্রহণের লক্ষ্য
ইসরাইলি সামরিক বাহিনীর আরোপ করা বিধিনিষেধের কারণে উন্নত অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে গাজার বাসিন্দাদের খালি হাতেই মাটি ও বালু সরাতে হয়েছে।
দেইর আল-বালাহ থেকে আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানিয়েছেন, নিহত ব্যক্তিরা খোলা জায়গায় দুর্বল তাঁবুতে বসবাস করছিলেন। ভারী বৃষ্টি থেকে নিজেদের রক্ষার কোনো ব্যবস্থা ছিল না তাদের।
তিনি বলেন, ‘বালুর বাঁধটি যখন ধসে পড়ে, তখন ওই মানুষগুলোর পালিয়ে যাওয়ার বা নিজেদের রক্ষা করার কোনো সুযোগ ছিল না। মাঠপর্যায়ে মানুষকে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে, এ ঘটনা তা সামনে এনেছে।’
চলতি সপ্তাহে ঝড়ের সময় গাজায় প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী, গাজায় পাঁচ লাখের বেশি শিশু বর্তমানে ‘সংকটাপন্ন বা বিপর্যয়কর’ আশ্রয় পরিস্থিতিতে বসবাস করছে।
আরও পড়ুন: স্পেনে বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ
এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানায়, এক বছরেরও বেশি আগে ঘোষিত তথাকথিত যুদ্ধবিরতিতে তাঁবুর পরিবর্তে আরও টেকসই বিকল্প হিসেবে ক্যারাভ্যান প্রবেশের কথা বলা হয়েছিল। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ বারবার গাজায় এসব ক্যারাভ্যান প্রবেশে বাধা দিয়েছে। ফলে লাখ লাখ শিশুকে আরও একটি শীতকাল চরম দুর্ভোগের মধ্যে কাটাতে হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন