ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

শ্রেষ্ঠ শিক্ষক হতে চান, কিন্তু ক থেকে চন্দ্রবিন্দু লিখতে পারেন না


শ্রেষ্ঠ শিক্ষক হতে চান, কিন্তু ক থেকে চন্দ্রবিন্দু লিখতে পারেন না

ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার মানের সার্বিক অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় থাকা শিক্ষক ক থেকে চন্দ্রবিন্দু লিখতে ও বলতে পারে নাই। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সম্পর্কে তাদের ধারণা নাই।’

তিনি এসব মন্তব্য করেন সোমবার (৯ নভেম্বর) সকালে আখাউড়া উপজেলায় ‘ব্লুমিং ক্লাসরুম’-এর উপকরণ বিতরণকালে।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, ‘এইচএসসিতে এবার ফেল করা শিক্ষার্থীদের ৯০ ভাগই ইংরেজিতে ফলাফল খারাপ করেছে।’

আরও পড়ুন: জামালপুর সীমান্তে নারী পুশ ইন চেষ্টায় বিজিবির বাধা

তিনি উল্লেখ করেন, নতুন নিয়োগে যারা শিক্ষকতা পেশায় এসেছেন, তাদের বেশিরভাগই অনার্স-মাস্টার্স পাস করা।

‘যেভাবে শিখেছি বাংলা, সেইভাবে শিখবো ইংরেজি’—এই স্লোগান সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে সহজে ইংরেজি শেখার পদ্ধতি ‘ব্লুমিং ক্লাসরুম’। এই পদ্ধতিতে আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে মাত্র তিন মাসে শিক্ষার্থীদের ইংরেজি রিডিং পড়ার সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে ব্লুমিং ক্লাসরুমের শিক্ষা উপকরণ বিতরণ ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। ব্লুমিং ক্লাসরুম পদ্ধতির উদ্ভাবক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা এ পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুন: রামেকে ছাত্রলীগের দুই সাবেক নেতা আটক; পুলিশে সোপর্দ

কর্মশালায় জানানো হয়, প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের পরিচিত ভাষা শেখার প্রক্রিয়া অনুসরণ করে ইংরেজি শেখানো হবে। শিশুরা যেভাবে স্বাভাবিকভাবে বাংলা ভাষা শিখেছে, একই ধারায় খেলাধুলা, আনন্দ ও অনুশীলনের মধ্য দিয়ে ইংরেজি শেখার সুযোগ পাবে। এতে ইংরেজি ভাষার প্রতি ভীতি কাটিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ ঘণ্টার সমুদ্রযাত্রায় চরম ভোগান্তিতে পর্যটক, টেকনাফ থেকে জাহাজ চালানোর দাবী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


৯ ঘণ্টার সমুদ্রযাত্রায় চরম ভোগান্তিতে পর্যটক, টেকনাফ থেকে জাহাজ চালানোর দাবী

কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সকাল ৮টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিকেল সাড়ে ৫টায় দ্বীপে পৌঁছেছে পর্যটকবাহী জাহাজ এমবি টেকনাফ। যাত্রার সময় ছিল দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা, যা ৩৩৫ জন যাত্রীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ৫৭ জন বিদেশি পর্যটক ছিলেন।

সোমবার (৯ নভেম্বর) সকালে যাত্রা শুরু করে বিকেল সাড়ে ৫টায় সেন্টমার্টিনের জেটিতে পৌঁছায় জাহাজটি। পর্যটকরা স্বাভাবিকভাবে তুলনামূলক কম সময়ে গন্তব্যে পৌঁছানোর প্রত্যাশা নিয়ে বের হয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় সাগরে কাটানোর ফলে অনেকের ভ্রমণের আনন্দ ম্লান হয়ে যায়। যাত্রীরা ক্লান্তি ও বিরক্তি প্রকাশ করেছেন।

জানা গেছে, পর্যটকদের সেন্টমার্টিনে নামিয়ে দিয়ে সন্ধ্যা ৬টার দিকে এমবি টেকনাফ আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজটির রাত ১২টার দিকে কক্সবাজার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

একটি পর্যটন যাত্রায় এত দীর্ঘ সময় লাগার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। নুনিয়ারছড়া থেকে সেন্টমার্টিন পর্যন্ত জাহাজ চলাচলের রুট, সমুদ্রস্রোত ও ঘাট ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবার দাবি জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা।

শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, সমুদ্রের পানির স্রোতের কারণে এমবি টেকনাফ নির্ধারিত সময়ে চলাচল করতে পারেনি। এর ফলে সেন্টমার্টিন পৌঁছাতে বিলম্ব হয়েছে।

তিনি বলেন, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল সময়োপযোগী হচ্ছে না। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে এবং পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাঁর মতে, টেকনাফ অথবা ইনানী থেকে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হলে যাতায়াতের সময় ও ব্যয় দুটোই সাশ্রয় হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও ভ্রমণের সময় বিবেচনায় নিয়ে জাহাজ চলাচলের রুট পুনর্বিবেচনা করা প্রয়োজন।

পর্যটনসংশ্লিষ্টদের মতে, সেন্টমার্টিন দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। সেখানে ভ্রমণে গিয়ে পর্যটকদের দীর্ঘ সময় সমুদ্রে আটকে থাকার পরিস্থিতি কাম্য নয়। নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে জাহাজ চলাচলের রুট, সমুদ্রপথের বাস্তবতা এবং ঘাট ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার বেশি শীতের পূর্বাভাস, কম বৃষ্টিপাতের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


এবার বেশি শীতের পূর্বাভাস, কম বৃষ্টিপাতের সম্ভাবনা

আসন্ন শীত মৌসুমে (ডিসেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭) সামগ্রিকভাবে কম বৃষ্টিপাত এবং বেশি শীতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে এল-নিনোর প্রভাব ফেব্রুয়ারি পর্যন্ত শক্তিশালী থাকতে পারে। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে শীত, তাপপ্রবাহসহ বিভিন্ন মৌসুমি দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

সোমবার ঢাকায় অনুষ্ঠিত ন্যাশনাল ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরামের (এনসিএএফ) শীতকালীন অধিবেশন ২০২৬-এ এসব পূর্বাভাস এবং সুপারিশ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমের (রাইমস) যৌথ উদ্যোগে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

যুক্তরাজ্য-বাংলাদেশ হাইড্রোমেটিওরোলজিক্যাল কোলাবোরেশন এবং প্রোটিষ্ঠা কনসোর্টিয়ামের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা বিভাগ (ইকো) এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) সহায়তা প্রদান করে।

অনুষ্ঠানে বিএমডির আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ ২০২৬-২৭ সালের শীত মৌসুমের মৌসুমি ও মাসভিত্তিক জলবায়ুর পূর্বাভাস তুলে ধরেন। তিনি জানান, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই তিন মাসে সামগ্রিকভাবে কম বৃষ্টিপাতসহ বেশি শীতের সম্ভাবনা রয়েছে।

বিএমডির আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান এল-নিনোর পরিস্থিতি এবং এর সম্ভাব্য জলবায়ুগত প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, এল-নিনোর প্রভাব ফেব্রুয়ারি পর্যন্ত শক্তিশালী থাকতে পারে।

এর আগে বিএমডির পরিচালক মো. মমিনুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অধিবেশন শুরু হয়। তিনি ফোরামের ভূমিকা তুলে ধরেন, যা বহুমুখী দুর্যোগ ঝুঁকি নিয়ে নিয়মিত আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (হাইড্রোলজি) ড. মো. সাজ্জাদ হোসেন আবহাওয়া ও জলবায়ু তথ্য ব্যবস্থার ধারাবাহিক ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যাতে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রস্তুতি বাড়ানো যায়।

কারিগরি অধিবেশনে বিএমডির আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক ২০২৫ সালের শীত মৌসুমের আবহাওয়া ও পূর্বাভাসের কার্যকারিতা পর্যালোচনা করেন। তিনি জানান, ওই বছরের পুরো শীত মৌসুমে তীব্র শুষ্ক আবহাওয়া বিরাজ করে। জানুয়ারিতে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

অধিবেশনে মৌসুমি পূর্বাভাসকে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উপযোগী পরামর্শে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা একটি ডিজিটাল সমন্বিত প্ল্যাটফর্ম এবং জাতীয় জলবায়ু সেবা কাঠামো (এনএফসিএস) গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া, তাপপ্রবাহের সতর্কতা তৈরিতে সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এবং মানুষের অনুভূত তাপমাত্রা বিবেচনায় নেওয়ার সুপারিশ করা হয়। রাইমসের আবহাওয়া বিশেষজ্ঞ খান মো. গোলাম রব্বানী এবং ড. বজলুর রশিদ এ বিষয়ে বিশেষ অধিবেশন পরিচালনা করেন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস প্রস্তুত ও প্রচারের কার্যক্রম তুলে ধরেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান। অন্যদিকে, রাইমসের কান্ট্রি আইটি লিড নাজমূল আহসান সমন্বিত আগাম সতর্কবার্তা ব্যবস্থার অংশ হিসেবে ইনস্ট্যান্ট সাউথ এশিয়া পোর্টালের ব্যবহারিক দিক তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিষেকেই তায়্যব ও তাহার ফিফটি, প্রথম দিনে পাকিস্তানের দাপট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


অভিষেকেই তায়্যব ও তাহার ফিফটি, প্রথম দিনে পাকিস্তানের দাপট

মোহাম্মদ তায়্যব আরিফ এবং মোহাম্মদ তাহা টেস্ট অভিষেকেই ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তাঁদের সঙ্গে অধিনায়ক বাবর আজম ও সৌদ শাকিলের অর্ধশতকের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের উদ্বোধনী দিনটি নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৭.২ ওভারে ৫ উইকেটে ২৮১ রান। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগে দিনের খেলা শেষ হয়ে যায়।

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সবুজাভ উইকেটে শুরুতে সুবিধা পাওয়ার প্রত্যাশায় বোলিং করলেও পাকিস্তানের ব্যাটারদের সামনে সফরকারী দলের বোলাররা খুব বেশি সুবিধা করতে পারেনি।

অভিষিক্ত ওপেনার তায়্যব শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। আজান আওয়াইসের সঙ্গে প্রথম উইকেটে ৮৬ রান যোগ করেন তিনি। ৫১ বলে ৯ চার ও এক ছক্কায় ৫৭ রান করে আসিথা ফার্নান্দোর শিকার হন তায়্যব। আজান ৫০ বলে ৩০ রান করেন।

৯০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন তাহা ও বাবর। তৃতীয় উইকেটে দুজনের ব্যাটে আসে গুরুত্বপূর্ণ রান। ১০৫ বলে ৬ চারে ৫১ রান করে সোনাল দিনুশার বলে আউট হন তাহা। অন্যদিকে ৫৮ বলে ৭ চারে ৫০ রান করে দিলশান মাদুশঙ্কার শিকার হন বাবর। চারজনের মধ্যে তিনিই প্রথম নিজের অর্ধশতক পূর্ণ করেন।

পরে সৌদ শাকিলের ব্যাটে পাকিস্তান আরও এগিয়ে যায়। ১১২ বলে ৭ চারে ৫৭ রান করে তিনি অপরাজিত রয়েছেন। উইকেটকিপার গাজী ঘোরি অপরাজিত ৭ রানে আছেন। সালমান আলী আগা ১৬ রান করে ফিরে গেছেন।

এই টেস্টে পাকিস্তানের চারজনের অভিষেক হয়েছে—তায়্যব, তাহা, আরাফাত মিনহাস ও সাকিব খান। তাঁদের মধ্যে প্রথম দিনেই ব্যাট হাতে নজর কেড়েছেন দুই নবাগত। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মিলান রত্নায়েকে, সোনাল দিনুশা ও মাদুশঙ্কা।

প্রথম দিন শেষে পাকিস্তানের হাতে রয়েছে পাঁচ উইকেট। দ্বিতীয় দিনে সৌদ শাকিল ও গাজী ঘোরি ব্যাটিং শুরু করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


তুরস্কে লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরের নিকটবর্তী একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ফলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ১২ জনেরও বেশি। সোমবার গভর্নরের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে ইজমিরের গভর্নরের কার্যালয় জানায়, বিস্ফোরণে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন ১০ জন। পরে হতাহতের সংখ্যা হালনাগাদ করে জানানো হয়, আহতদের একজন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ইজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাশ দেমির চেলিক কারখানার একটি উঁচু স্থাপনায় বিস্ফোরণের পর আগুন জ্বলছে। এ সময় কারখানার ওপর দিয়ে আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী।

বিস্ফোরণের সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শী দেনিজ উলকে। তিনি বিস্ফোরণের শব্দকে ভূমিকম্পের মতো মনে করেছিলেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে তিনি বলেন, "বিস্ফোরণের সময় মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে।" প্রথমে তাঁর ধারণা হয়েছিল, ভূমিকম্প হচ্ছে। পরে রাস্তার ওপারে কারখানার দিকে তাকিয়ে দেখেন, সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং চিমনি থাকা স্থানে আগুন জ্বলছে।

কারখানার ট্রাকচালক তুরান ইলবেও বিস্ফোরণের শব্দকে বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করেছেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তরল ইস্পাত ঢালাইয়ের কাজে ব্যবহৃত একটি বড় শিল্প চুল্লির ওপর ক্রেন ভেঙে পড়ার পর বিস্ফোরণটি ঘটে।

ইজমিরের মেয়র জেমিল তুগে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো চুল্লির ভেঙে পড়া অংশ এবং ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।

সূত্র: এএফপি

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%