মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৬ পি.এম
সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের গাফিলতি, কাজ ফেলে রাখা এবং তদারকির অভাব নিয়ে সংসদে ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি উল্লেখ করেছেন, নির্বাচনী এলাকায় উন্নয়নকাজের বাস্তব অবস্থা ভয়াবহ। সংসদে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে অনেক কিছু বলতে পারছেন না। প্রকল্প পরিচালকদের (পিডি) সরেজমিনে গিয়ে কাজ পরিদর্শন ও তদারকির নির্দেশনা দেওয়ার আহ্বানও তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের বক্তব্যের পর ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার মন্তব্য করেন, ‘উন্নয়নকাজের ক্ষেত্রে বছরের পর বছর পার হয়ে গেলেও অনেক এলাকায় কাজ শুরু হয় না। কাজ শুরু হওয়ার পর ঠিকাদারদের আর খুঁজে পাওয়া যায় না। এ ধরনের ঘটনা অহরহ ঘটছে।’
এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের মাঠপর্যায়ে গিয়ে কাজের অগ্রগতি দেখার নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।
নিজের নির্বাচনী এলাকার পরিস্থিতি তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, ‘আমাদের কনস্টিটুয়েন্সিতে কী বলব? আমি তো এই জায়গা থেকে বলতে পারি না অনেক কিছু। বাট ইটস এ ভয়াবহ অবস্থা।’
এর আগে সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান তার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ার বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে প্রতিবছর রাস্তা, কালভার্ট ও অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার পরও এক থেকে দুই বছর কাজ শুরু করে না। আবার কাজ শুরু করলেও দীর্ঘদিন অসমাপ্ত ফেলে রাখে।’
এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি প্রকল্পের ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ফুলবাড়িয়ার সনকান্দা সড়কের উদাহরণ দিয়ে কামরুল হাসান বলেন, ‘সড়কটি এক বছর ধরে খানাখন্দে পড়ে আছে। কাজ শুরু করার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। একই অবস্থা মোহাম্মদনগর ১০ মাইল সড়ক এবং ভবানীপুরের কচুয়া সড়কেও।’
তিনি বলেন, কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু না করা কিংবা কাজ শুরু করে ফেলে রাখার কারণে জনগণকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে কার্যাদেশ পাওয়া ঠিকাদারদের জবাবদিহির আওতায় আনা এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডার, স্পিকার বললেন ‘ওয়ালাইকুম সালাম না শুনেই শুরু করলেন’ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডার, স্পিকার বললেন, ‘ওয়ালাইকুম সালাম না শুনেই শুরু করলেন’
রাস্তার পাশে পুকুর খননেও সড়ক নষ্ট
সংসদে রাস্তার দুই পাশে পুকুর খনন করে মাছ চাষের বিষয়টিও তুলে ধরেন কামরুল হাসান। তার অভিযোগ, রাস্তার পাশে পুকুর খননের কারণে সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নির্মাণের ছয় মাসের মধ্যেও রাস্তা টেকসই থাকছে না। এ সমস্যা সমাধানে রাস্তা থেকে অন্তত ১০ থেকে ১৫ ফুট দূরে পুকুর খননের বিধান কার্যকর করার দাবি জানান তিনি। তার মতে, রাস্তার পাশে পুকুর খননের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হলে সড়কের স্থায়িত্ব বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙ্গামাটি শহরে গভীর রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচির প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানোর পাশাপাশি সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানোর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে স্থানীয়রা সরকারি বিভিন্ন দপ্তর, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলতে দেখে বিস্মিত হন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা তালা ভেঙে প্রতিষ্ঠানগুলোর প্রবেশপথ খুলে দেন।
এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোর্শেদকে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটক এবং রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ফটকের তালা ভাঙতে দেখা যায়।
এদিকে, ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
রাতের আঁধারে তালা লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে, জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে কূটনৈতিক আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে তেহরানের দাবিগুলোকে তিনি ‘সম্পূর্ণ অবাস্তব’ হিসেবে উল্লেখ করেছেন।
প্যারিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, "কূটনীতির পথ খোলা রাখতে আমরা প্রস্তুত। তবে ইরানের দাবিগুলো ‘সম্পূর্ণ অবাস্তব’। আমাদের প্রত্যাশা, তাদের অবস্থানের পরিবর্তন হতে পারে। আর তা হলে আমরা কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত।"
তিনি আরও উল্লেখ করেন, "অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র যদি একই লক্ষ্য অর্জন করতে পারে, তাহলে ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই।"
প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, "ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরো খারাপ হতে যাচ্ছে।"
রুবিও জানান, অর্থনৈতিক চাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র যদি তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়, তাহলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পরিবর্তে সেই পথেই এগোতে চায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি ও সদর কোম্পানি এবং রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করেন।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে যৌথ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে বিস্ফোরণের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, সীমান্ত বাণিজ্য হালুয়াঘাটের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তিনি উল্লেখ করেন যে, এই বাণিজ্যকে গতিশীল করার জন্য ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা, প্রশাসনিক জটিলতা দূর করা, অবকাঠামো উন্নয়ন করা এবং ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।
তিনি আরও বলেন, হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য শুধুমাত্র হালুয়াঘাটের জন্য নয়, বরং দেশের সার্বিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। সীমান্ত বাণিজ্যকে সম্প্রসারণ ও গতিশীল করতে হবে, যা জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ব্যবসায়ীদের অনিশ্চয়তার মধ্যে রেখে সীমান্ত অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন যে, হালুয়াঘাট একটি সমৃদ্ধ সীমান্ত বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে উঠবে, যেখানে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আজ সন্ধ্যায় হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি হোটেল ইমেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ভারত থেকে কয়লা আমদানির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতা বিদ্যমান। কখনো আমদানিতে অনিশ্চয়তা, কখনো পরিবহন ব্যয় বৃদ্ধি, কখনো প্রশাসনিক জটিলতা এবং কখনো এলসি সমস্যা ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে শ্রমিক, পরিবহন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সীমান্ত বাণিজ্যের ওপর নির্ভরশীল অসংখ্য পরিবারের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, শুধু কয়লা আমদানি নয়, অন্যান্য পণ্য আমদানির পাশাপাশি হালুয়াঘাট থেকে ভারতে বিভিন্ন পণ্য রফতানির উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি ভারতীয় কয়লা রপ্তানিকারকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। কয়লা আমদানিতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে দুই দেশের ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
বিএনপির এই নেতা মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে আরও বেশি অবদান রাখা সম্ভব।
ব্যবসায়ী সংগঠনে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপ কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়। এখানে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক ব্যবসায়ীর সমান অধিকার ও মর্যাদা রয়েছে। সংগঠনকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সকল সদস্যের স্বার্থরক্ষায় কাজ করতে হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সীমান্ত বাণিজ্যের সম্প্রসারণ শুধুমাত্র আমদানিকারক-রপ্তানিকারকদের লাভবান করবে না, বরং পরিবহন, গুদামজাতকরণ, ক্ষুদ্র ব্যবসা ও সেবামূলক খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। বিশেষ করে হালুয়াঘাট ও ধোবাউড়ার তরুণদের জন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
সভায় তিনি হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থরক্ষা এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সমিতির সহসভাপতি মো. জয়নাল আবেদীন ও চন্দন কুমার ঘোষ, মহাসচিব অধ্যাপক অশোক কুমার সরকার, যুগ্ম মহাসচিব আ.স.ম. খালিদ ইকবাল নিটোল, অর্থসচিব মো. শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সচিব হাজী মো. আজিজুল ইসলাম, তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব রাজীব কুমার দত্ত, শ্রমবিষয়ক সচিব হাজী মো. কামরুজ্জামান দুলাল, সাংস্কৃতিক সচিব মো. সামছুল আলম সামন, ক্রীড়া সচিব মো. আসাদুজ্জামান এবং নির্বাহী সদস্য অধ্যাপক এমদাদুল ইসলাম, মো. আলিমুল ইসলাম, মো. আব্দুল বারী, মো. শাহাওয়াত হোসেন মল্লিক ও অপু সরকার উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর ইন্টারন্যাশনালের স্বপন ধর, মিন্টু ট্রেড লাইনের মো. সামছুল আলম মিন্টু, রোজামনি এন্টারপ্রাইজের মো. আলামিন, বি আর ইন্টারন্যাশনালের হুমায়ুন রেজা, বর্ণালী ট্রেডার্সের মো. রোহান মিয়া, জলিল এন্টারপ্রাইজের মোঃ মামুন, হাজী ট্রেডার্সের মোরশেদ আলম, রিয়া ট্রেড পয়েন্টের বিকাশ সরকার, রোজামনি এন্টারপ্রাইজের আল আমিন, অভিষেক এন্টারপ্রাইজের পিন্টু সরকার এবং তাহমিদ আলম এন্টারপ্রাইজের জাহাঙ্গীর আলম।
সাধারণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, কয়লা আমদানির ধারাবাহিকতা, সীমান্ত বাণিজ্যের প্রতিবন্ধকতা, সাংগঠনিক কার্যক্রম, আয়-ব্যয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ