ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী


সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা বাসে আগুনের মতো সিম্বলিক ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করা কোনোভাবেই যৌক্তিক নয়। তিনি সতর্ক করে বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের সহযোগীরা দেশের ভেতর কিংবা সীমান্তের ওপার থেকে যে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উদ্বেগের জবাবে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন। তিনি বলেন, বিরোধী দল হিসেবে উদ্বেগ প্রকাশ করা স্বাভাবিক, এবং সরকার তাদের গঠনমূলক সহযোগিতাকে সবসময় স্বাগত জানায়। তবে তিনি উল্লেখ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য নানামুখী চক্রান্ত চালাচ্ছে, যার পেছনে সীমান্তের ওপারে পালিয়ে থাকা ব্যক্তিদের সুস্পষ্ট ইন্ধন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা ও সাম্প্রতিক ঘটনাবলির ব্যাখ্যা দিতে গিয়ে জানান, সারাদেশে সম্প্রতি মোট সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জড়িতদের হাতেনাতে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। সিএমএম কোর্ট এলাকায় জড়িত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: জাবির প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির সামনে রাখা গাড়ির ছাদে একটি ককটেল বিস্ফোরণ হলে অথবা কোনো ফাঁকা বাসে রাতের আঁধারে আগুন দিলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে না। এসব সিম্বলিক ঘটনাকে বড় করে দেখিয়ে পরিস্থিতির চরম অবনতি দাবি করা বাস্তবসম্মত নয়।

গার্মেন্টস ও রপ্তানি খাত অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভেতর ও বাইরে থেকে বড় অঙ্কের বিনিয়োগ করে নীল নকশা সাজানো হয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সাথে উসকানি এড়িয়ে সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। মালিক ও শ্রমিক সংগঠনের সাথে নিয়মিত আলোচনার মাধ্যমে শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখা হয়েছে।

সংসদে প্রকাশিত অপরাধের পরিসংখ্যানের জবাবে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ দমনে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পুলিশের ওয়েবসাইট ও প্রাতিষ্ঠানিক তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের ঘটনা প্রায় ৩০০টি কমেছে। অথচ উদ্দেশ্যমূলকভাবে পুরো চিত্র না দেখিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তাদের পুনর্বাসনের কোনো সুযোগ এ দেশে দেওয়া হবে না। সীমান্তের বাইরে অথবা দেশের ভেতরে যেখান থেকেই কোনো অপচেষ্টা বা নীল নকশা বাস্তবায়নের চেষ্টা হোক না কেন, তথ্য-প্রমাণসহ তা জাতির সামনে উন্মোচিত করা হবে এবং সরকার তা শক্ত হাতে প্রতিহত করবে। সংসদীয় কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে এ বিষয়ে বিস্তারিত সরকারি বিবৃতি সংসদে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: কাপ্তাইয়ে ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে সেনাবাহিনী, চাঁদা দাবির অভিযোগে তৎপর কাপ্তাই জোন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলায় হরমুজে ২ ট্যাংকার অচল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


ইরানের হামলায় হরমুজে ২ ট্যাংকার অচল

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে, যার মধ্যে একটি সুপারট্যাংকারও রয়েছে। হামলার পর ট্যাংকার দুটিতে আগুন লেগে যায়, যা অননুমোদিত পথে চলাচলের অভিযোগের ভিত্তিতে ঘটেছে।

আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানায়, একটি জাহাজ নৌমাইনে আঘাত হানার ফলে বিস্ফোরিত হয়। অন্য ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোর নিরাপত্তায় গোপনে ‘অবৈধ পথে’ অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় সেটিতে দুর্ঘটনা ঘটে এবং ভয়াবহ আগুন ধরে যায়। এর ফলে জাহাজটির চলাচল বন্ধ হয়ে যায়।

আইআরজিসি আরও উল্লেখ করেছে যে, অননুমোদিত পথটি নিরাপদ নয়। সন্ত্রাসী ও আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর সহযোগিতায় চলাচলকারী যেসব জাহাজ এই পথ ব্যবহার করার চেষ্টা করবে, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।

তবে, ট্যাংকার দুটি কোন দেশের মালিকানাধীন, সেগুলোর নাম কী এবং হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিজলায় আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ৫ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


হিজলায় আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ৫ লাখ টাকা

বরিশালের হিজলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ঘটনা ঘটে সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে, বাজারের পশ্চিম পাশে মসজিদ এলাকায়।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, রাতের বেলায় বাজারের একটি দোকানে আগুনের শিখা দেখতে পেয়ে তারা তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফলে পাঁচটি দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের মধ্যে রয়েছেন গঙ্গাপুর গ্রামের আলমগীর দরী ও শফিক দরী, ডিক্রিরচর গ্রামের মনছুর খান ও ফরিদ বেপারী এবং চর ছয়গাঁও গ্রামের রফিক বিশ্বাস।

স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, পাশাপাশি অবস্থিত তিনটি চায়ের দোকানের মধ্যে একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিক বিশ্বাস জানিয়েছেন, "আগুনে দোকানের মালামালসহ আমাদের সবকিছু পুড়ে গেছে। এতে আমরা চরম আর্থিক সংকটে পড়েছি।" তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ২০২৫ ও ২০২৬ সালে একই বাজারে এ নিয়ে তিনবার অগ্নিকাণ্ড ঘটেছে। বারবার আগুন লাগার কারণে তাদের মধ্যে উদ্বেগ ও সন্দেহ তৈরি হয়েছে। তারা এসব ঘটনার পেছনে নাশকতা বা পরিকল্পিত কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের দাবি করেছেন।

হিজলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আওলাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, "রাতে অগ্নিকাণ্ডের খবর পেলেও মেঘনা নদী পার হতে না পারায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।" পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাইয়ে ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে সেনাবাহিনী, চাঁদা দাবির অভিযোগে তৎপর কাপ্তাই জোন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


কাপ্তাইয়ে ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে সেনাবাহিনী, চাঁদা দাবির অভিযোগে তৎপর কাপ্তাই জোন

রাঙামাটির কাপ্তাইয়ে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পাহাড়ি সংগঠন জেএসএসের পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন দ্রুত তৎপরতা শুরু করেছে। সেনাবাহিনী ও স্থানীয় ব্যবসায়ী-ঠিকাদারদের সম্মিলিত উদ্যোগে চাঁদা দাবির অপচেষ্টা প্রতিহত করার প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের আপস্ট্রিম জেটিঘাট এলাকায় ৩৮ বীর কাপ্তাই সেনা জোন, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসায়ী ও ঠিকাদাররা জানান, গত ১৫ দিন ধরে জেএসএসের চাঁদা সংগ্রহকারী পরিচয়ে সাচিং প্রু মারমা নামের এক ব্যক্তি তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছেন। তাঁরা অভিযোগ করেন, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবসায়িক কার্যক্রম ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে কাপ্তাই জোন তাৎক্ষণিকভাবে সেনা টহল পাঠায়। সেনা সদস্যরা জেটিঘাট এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

এ সময় সেনা টহল কমান্ডার মেজর মো. এস. আরেফিন বলেন, স্থল ও জলপথে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কাপ্তাই জোনের কুইক রিঅ্যাকশন ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক নজরদারি ও প্রস্তুতিতে রয়েছে।

তিনি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের পরিচয়ে দেওয়া এ ধরনের হুমকিকে ভিত্তিহীন ও অসাড় আস্ফালন হিসেবে উল্লেখ করেন এবং স্থানীয় ব্যবসায়ী, জেলে ও ঠিকাদারদের নির্ভয়ে তাঁদের স্বাভাবিক ব্যবসায়িক ও পেশাগত কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর এমন তৎপরতায় এলাকায় নিরাপদ ব্যবসায়িক পরিবেশ বজায় থাকবে এবং চাঁদাবাজির অপচেষ্টা প্রতিরোধ করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবির প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


জাবির প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক (ডেইরি গেট) তালাবদ্ধ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে আসা ৮ থেকে ১০ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আবদুল হালিম জানান, গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে হঠাৎ ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়।

তিনি আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। ওই সময় পুলিশ টহলে ছিল। পুলিশ ডেইরি গেট থেকে প্রধান ফটক হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার পথে মাত্র এক মিনিটের মধ্যে তারা এ ঘটনা ঘটিয়ে দ্রুত চলে যায়।

প্রক্টর আরও জানান, ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পুলিশকে টহল জোরদার এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%