০২:৫২ পি.এম
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকায় একটি কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে ৩০ বছর বয়সি এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের শরীর পুরোপুরি ঝলসে গিয়ে তিনি ঘটনাস্থলে অত্যন্ত মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) এই দুর্ঘটনাটি ঘটে। তবে কর্তৃপক্ষ এখনও ওই বাংলাদেশির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানিয়েছেন, সকাল ৮টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে সাত সদস্যের একটি উদ্ধারকারী দল অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী যানসহ (এফআরটি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
আরও পড়ুন: ভারত ফিলিপাইনে ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা করছে
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মারাত্মকভাবে দগ্ধ অবস্থায় এই বাংলাদেশি যুবককে উদ্ধার করেন। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের (কেকেএম) দায়িত্বরত চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী তা জানার জন্য ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন