০৯:২৯ পি.এম
কুমিল্লার নাঙ্গলকোটে বাঁশ কাটা নিয়ে বোন, ভগ্নিপতি ও ভাগিনাদের পিটুনিতে ইব্রাহিম মরণ (৫৫) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে, নাম নাছিমা বেগম।
বুধবার (২৪ জুন) উপজেলার মৌকরা ইউনিয়নের পৌঁছইর গ্রামের মধ্যমপাড়া হাজী সৈয়দ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইব্রাহিম, মৌকরা ইউনিয়নের পৌঁছইর গ্রামের রাজা মিয়ার ছেলে। আটককৃত নাছিমা বেগম তার আপন বোন।
পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নাছিমা বেগমের পাশের বাড়ির কোব্বাত মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাছিমা ভ্রাতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। বোন ও তার পরিবারের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে ছোট ভাই মহিন নাঙ্গলকোট সদরে বাসা ভাড়া নিয়ে চলে গেলেও ইব্রাহিম পৈতৃক বাড়িতে থাকতেন।
আরও পড়ুন: বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট ও ই-ট্রানজেকশন চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে নাছিমা বাড়ির পাশে একটি বাঁশ কাটতে গিয়ে তার ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নাছিমা, তার স্বামী কোব্বাত আহম্মদ এবং ছেলে অলি আহম্মদ মিলে ইব্রাহিমকে মারপিট শুরু করেন। তারা এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এসময় ইব্রাহিম তলপেট ও অণ্ডকোষে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে পড়েন। পরে কয়েকজন লোক তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে আফরোজা আক্তার বলেন, 'ফুফুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা দীর্ঘদিন নানার বাড়িতে ছিলাম। এক বছর আগে আমরা নিজেদের বাড়িতে ফিরে আসি। বেশ কিছুদিন ধরেই ফুফু আমাদের বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়াসহ মাকে মারধর করে আসছিলেন। আজ সকালে বাঁশ কাটার প্রতিবাদ করায় ফুফু, ফুফা ও ফুপাতো ভাই মিলে আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।'
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বোন নাছিমা বেগমকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন