০৭:১৭ পি.এম
পদ্মা ও মেঘনার সুস্বাদু ইলিশের অনলাইনে বিক্রির প্রতারণার অভিযোগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে দুইজনকে গ্রেফতার করেছে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ।
বুধবার সকালে সন্দ্বীপের একটি এলাকা থেকে গ্রেফতার করার পর তাদের চাঁদপুরে নিয়ে আসা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মুঠোফোন, সাতটি সিম, একটি ডেক্সটপ এবং আরও একটি ল্যাপটপ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে শান্ত শীল (২৫) এবং মিঠুন সূত্রধর (২৯) রয়েছেন। তারা দুজনই সন্দ্বীপের স্থায়ী বাসিন্দা।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর সময়, সংবাদকে জানান, এই প্রতারক চক্র অনলাইনে ভুয়া পেজ খুলে নামমাত্র মূল্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনার ইলিশ বিক্রির বিজ্ঞাপন দেয়। ইতোমধ্যে তাদের হাতে অনেকেই প্রতারিত হয়েছেন। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ওই পেজের বিরুদ্ধে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে বেশকিছু অভিযোগ জমা দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশ তদন্ত করে প্রতারক চক্রকে সনাক্ত করতে মাঠে নামে। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জিয়াউল হকের নেতৃত্বে একদল পুলিশ সন্দ্বীপ থেকে তাদের গ্রেফতার করে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্লোগান হাদিসের সঙ্গে তুলনা করা সচিবকে বদলি
এদিকে, বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে গ্রেফতার হওয়া ওই দুইজনকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন