ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জয়পুরহাটের ৩০০ বছরের পুরোনো নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’


জয়পুরহাটের ৩০০ বছরের পুরোনো নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্বটি ধারণ করা হয়েছে জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে, যা তিন শতাধিক বছরের পুরোনো। এবারের আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে দিঘির কোলঘেঁষে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে।

হানিফ সংকেতের উপস্থাপনায় অনুষ্ঠানটি আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) প্রচারিত হবে। অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয়েছিল দিঘির স্বচ্ছ জলরাশি, প্রাচীন স্থাপনার আবহ এবং নান্দনিক আলোকসজ্জায়। আয়োজনটি ঘিরে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক উপস্থিত হন।

এবারের পর্বে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান পরিবেশন করা হবে। এর মধ্যে একটি গান গেয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান, দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশীদ আলম। এই গানটি তার শ্রোতাপ্রিয় তিনটি গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: জেমস বন্ডের নতুন নায়িকা হিসেবে কার নাম আলোচনায়?

এছাড়া চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি।

জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ফুটিয়ে তুলতে একটি মনোমুগ্ধকর জেলা পরিচিতিমূলক নৃত্যগীত পরিবেশন করা হয়েছে। মনিরুজ্জামান পলাশের কথায় দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন শিল্পী রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নাচটিতে অংশগ্রহণ করেছে স্থানীয় নৃত্যশিল্পীরা। সুরের মূর্ছনা এবং নৃত্যছন্দে মুগ্ধ হয়ে উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

দর্শকপর্বের নিয়ম অনুযায়ী, জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা জয়পুরহাটের অন্যতম প্রধান ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ এবং ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন।

বরাবরের মতো ইত্যাদির এই পর্বেও দর্শকদের জন্য সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী কিছু প্রতিবেদন উপস্থাপন করা হবে। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি এবং দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রার পাশাপাশি এই জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর ওপর তৈরি করা হয়েছে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন।

আরও পড়ুন: লোকগানে নতুন প্রজন্মের ছয় শিল্পীর এক মঞ্চে পরিবেশন

এছাড়া জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন রয়েছে। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে যারা নিজেদের নীরবতাকেই শক্তিতে পরিণত করেছেন। বিশেষ প্রতিবেদন রয়েছে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বিস্ময়কর শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর, যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি ফুটিয়ে তোলেন।

অনুষ্ঠানের শেষে রয়েছে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ এক নীরব কর্মী লেয়াকত আলীর ওপর একটি মানবিক প্রতিবেদন। পেশায় একজন সাধারণ ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হলেও তিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন।

এছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার এবং নাতির প্রাণবন্ত আলাপ। ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। দেয়ালবন্দী নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা, পর্দা সমাচারসহ বেশ কয়েকটি নাট্যাংশ উপস্থাপন করা হবে।

ইত্যাদির এবারের পর্বে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, তাবেদার ই রসুল চান্নু, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, মামুনুল হক টুটু, নিপু, মুকুল সিরাজ, সুর্বনা মজুমদার, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, রাজিব সালেহীন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনি, এমএনইউ রাজু, নূর এ আলম নয়ন, সাবরিনা নিসা, শাওন মজুমদার, সুজাত শিমুল, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ আরো অনেকে।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি জানালেন রোজিনা

ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।

নতুন এই পর্বটি ২৭ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে। বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সুযোগ কেউ পাবে না।

শনিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, "স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনীর অবদান অনন্য। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না।"

বক্তব্যের শুরুতে সেনানিবাসে এসে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি মা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, "বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান ছিল এ আয়োজনে তার শেষ অংশগ্রহণ।"

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। তিনি বলেন, "সশস্ত্র বাহিনী বাংলাদেশের সাহস ও শৌর্যের প্রতীক।"

বিগত সময়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার চেষ্টা হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাও চালানো হয়েছে। তবে তিনি বলেন, "দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের স্বার্থে সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।"

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি জানান, "বাহিনীতে চেইন অব কমান্ড পুরোপুরি বজায় রাখা হবে।" পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাহাড় থেকে সমতল—দেশের যেকোনো প্রয়োজনে বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


কুমিল্লায় কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রঙ ব্যবহার করা হচ্ছিল। এমনকি সিঁদুরের রঙও খাবারকে আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছিল। কুমিল্লায় এসব অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ও হাতিগাড়া এলাকায় দুটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযান সূত্রে জানা গেছে, বেকারিগুলোতে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী তৈরি হচ্ছিল। এসব খাবারে কাপড় রাঙানোর কাজে ব্যবহৃত নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল ডাই ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি খাবারে রং আনতে সিঁদুরের রঙ ব্যবহার করা হচ্ছিল। পূজা-পার্বণসহ বিভিন্ন কাজে ব্যবহৃত সিঁদুর কীভাবে খাদ্যপণ্যে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা হাতেনাতে এসব নিষিদ্ধ রঙের ব্যবহার শনাক্ত করেন। বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের চিত্রও দেখা যায়। খাবারে ব্যবহারের অনুপযোগী এসব রঙের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

অভিযান শেষে প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বেকারি মালিক সমিতির জিম্মায় সংশোধনের সুযোগ দিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%