০২:৩৮ পি.এম
চট্টগ্রামে একটি পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে সকাল ৮টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিধান মল্লিক কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন এবং তার বাবা দুর্গাপদ মল্লিক একসময় চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় ব্যবসা করতেন। তারা সপরিবারে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পণ্যবাহী পিকআপভ্যান সেতু এলাকায় চলন্ত একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এই সময় মোটরসাইকেল থেকে বাবা-ছেলে দুজনেই ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই বাবা দুর্গাপদ মল্লিক মারা যান। গুরুতর অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
দুর্গাপদ মল্লিকের আরেক ছেলে বাবলা মল্লিক জানান, বাবাকে পথে নামিয়ে দিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল তার ভাই দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিকের। পথে শাহ আমানত সেতুর ঢালে পেছন থেকে আসা একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। বর্তমানে হাসপাতালের লাশ ঘরে তাদের মরদেহ রাখা আছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানিয়েছেন, দুর্ঘটনায় আহত অবস্থায় বিধান মল্লিককে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থলে নিহত তার বাবা দুর্গাপদ মল্লিকের মরদেহটিও উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
আরও পড়ুন: নীলফামারীতে সরকারি জমিতে অবৈধ দোকান নির্মাণ, প্রশাসন উচ্ছেদ করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন