০১:০৮ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তিন দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি শেষে রোববার সকাল থেকে পোশাকশ্রমিকেরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।
যদিও অধিকাংশ কারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে, তবে শ্রমিক অসন্তোষ এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি এবং শিল্প পুলিশ। ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় উসকানির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা ফতুল্লা মডেল থানায় দায়ের করা হয়েছে।
রোববার সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, ফতুল্লার বিসিক শিল্পনগরী, শিবু মার্কেট, কাঠেরপুল, রামারবাগ ও নয়ামাটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং অবস্থান নিয়েছেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। তবে কোথাও শ্রমিকদের বিক্ষোভ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: পল্টনে রিকশাশ্রমিকদের সড়ক অবরোধ, সৃষ্টি হলো তীব্র যানজট
বিসিক শিল্পনগরীর চা দোকানি আব্দুর রহমান জানিয়েছেন, ‘শ্রমিকেরা রোববার থেকে কাজে যোগ দিয়েছেন। তারা এখন পর্যন্ত শান্ত রয়েছেন। পুলিশ ও বিজিবির টহল চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
এদিকে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি পোশাকশিল্পের সক্ষমতা ও ভবিষ্যৎ নিয়ে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
তিনি মন্তব্য করেছেন, ‘আমরা চাই শ্রমিকেরা ভালো থাকুক। এ জন্য সরকারকে অনুরোধ করব ন্যায্যতার ভিত্তিতে শ্রমিকদের বেতন বাড়াতে। একই সঙ্গে গার্মেন্টস খাত যেন টিকে থাকতে পারে, সেদিকেও দৃষ্টি দিতে হবে। কারণ, একজন নতুন শ্রমিক কাজে যোগ দেওয়ার ছয় মাস থেকে এক বছরের মধ্যে নিজের যোগ্যতা ও দক্ষতায় অপারেটর হয়ে ওঠেন। তখন তার বেতনও বেড়ে যায়। তাই শ্রমিকদের স্বার্থের পাশাপাশি শিল্পকারখানার সক্ষমতাসহ সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, সাধারণ শ্রমিকদের প্রতি পুলিশের সহানুভূতি রয়েছে। তিনি বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে বলেন, প্রশাসন সাধারণ শ্রমিকদের পক্ষে রয়েছে। তবে যারা উসকানি দিচ্ছেন, কুচক্রী মহল হিসেবে পেছনে থেকে কলকাঠি নাড়ছেন, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে।
আরও পড়ুন: গণতান্ত্রিক কঙ্গোতে ৬৬ সেনাকে মৃত্যুদণ্ড, অভিযোগ বিদ্রোহ ও নির্দেশ অমান্যের
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা টানা তিন দিন বিক্ষোভ করেন। আন্দোলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে, অর্থাৎ ৩ ও ৪ নভেম্বর পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের ৯ সদস্যসহ মোট ১২ জন পুলিশ সদস্য আহত হন।
এই ঘটনার পর পুলিশ পৃথক দুটি মামলা দায়ের করেছে। প্রথম মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো এক-দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে দুই মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ জনকে।
মামলা দুটির এজাহারে শ্রমিক আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছে পুলিশ। এজাহারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তিন দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর শ্রমিকেরা কাজে ফিরলেও মজুরি বৃদ্ধির দাবি, শ্রমিকদের অসন্তোষ এবং পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ফলে শিল্পাঞ্চলে আপাতত শান্ত পরিবেশ বজায় থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: ব্রাজিলের বাজার ধরতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি রাষ্ট্রদূতের আহ্বান
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন