ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

আসিফ কি ভুলে গেছে, গোপালগঞ্জ থেকে তার দলের বাঘা নেতাদের ঢাকায় ফিরতে হয়েছিল?


আসিফ কি ভুলে গেছে, গোপালগঞ্জ থেকে তার দলের বাঘা নেতাদের ঢাকায় ফিরতে হয়েছিল?

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই সমালোচনা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বর্তমান সরকারের অবস্থান এবং অতীতে ঘটে যাওয়া একটি ঘটনার তুলনা করে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৪ জন আওয়ামী সমর্থক নিহত হয়েছিলেন এবং অনেকে আহত হয়েছিলেন। তবে তিনি উল্লেখ করেন, বর্তমান বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন মানুষেরও মৃত্যু চায় না।

গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাশেদ খাঁন জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুত সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। নির্বাচিত সরকারের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বদ্ধপরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।”

আরও পড়ুন: জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়: দলটির সতর্কতা

সম্প্রতি গণমাধ্যমে আসিফ মাহমুদের একটি বক্তব্যের সূত্র ধরে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, “নিউজে দেখলাম, আসিফ মাহমুদ ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছে যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) করে ঢাকায় ফিরতে হয়েছিলো?”

ওই ঘটনার স্মৃতিচারণ করে তিনি আরও যোগ করেন, সে সময় এনসিপির নেতাকর্মীদের অনেকেই নাহিদ ইসলামদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উদ্ধার করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন।

গোপালগঞ্জের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী তার পোস্টের শেষাংশে বলেন, “গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট (পরিবর্তন) করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।

আরও পড়ুন: বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে উৎসবের আমেজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন হিমেল

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন হিমেল
 
‎
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ও বর্তমান গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল।
‎
‎মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ১২ নভেম্বর ২০২৬ তারিখে এক পত্রের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দিয়েছে।
‎
‎বোর্ডের অনুমোদনের মধ্য দিয়ে শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন।
‎
‎রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নতুন দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত অগ্রগতিতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
‎
‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও এগিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


সরকার ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে: খাদ্যমন্ত্রী

আগামী মৌসুমে সরকার ৩ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার প্রতি কেজির দাম হবে ৩৫ টাকা। এছাড়া, ৫ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের জন্য ৪৯ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন যে, ৫০ হাজার টন আতপ চালও ৪৮ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিম্টার কায়সার কামাল।

সাংসদ মো. সেলিমুজ্জামান মোল্যা জানতে চান, গোপালগঞ্জ জেলায় খাদ্য সংগ্রহের জন্য কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কি না এবং খাদ্য সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে কি না।

এ প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, খাদ্য মন্ত্রণালয়ে ৮ নভেম্বর অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায় থেকে পাওয়া ধানের উৎপাদন এবং চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনা করে খুব শিগগিরই গোপালগঞ্জ জেলায় ধান-চালের লক্ষ্যমাত্রা ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার সোলার প্রযুক্তিতে যানবাহনে জ্বালানি সরবরাহের কাজ করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


সরকার সোলার প্রযুক্তিতে যানবাহনে জ্বালানি সরবরাহের কাজ করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, যিনি পঞ্চগড়-২ আসনের সাংসদ, আজ বলেছেন যে, সরকার দেশের যানবাহনগুলোতে সোলার প্রযুক্তির মাধ্যমে জ্বালানি সরবরাহের জন্য কাজ করছে। তিনি উল্লেখ করেছেন যে, আগামী তিন মাসের জন্য দেশের বিদ্যুতের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময় কিছু ব্যক্তিকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়েছিল, যার ফলে সরকারের হাজার হাজার কোটি টাকা লোকসান হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আর্থ সামাজিক সমৃদ্ধ অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক স্থানীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ফরহাদ হোসেন আজাদ এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়সহ সকল সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের আহ্বান জানান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার না্ইন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে, প্রতিমন্ত্রী জ্বালানি রূপান্তরের বিষয়ে উপস্থিত বক্তাদের মতামত মনযোগ সহকারে শুনে সোলার প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সমস্যা সমাধানের আশ্বাসও দেন।

দেশের বেসরকারি এনজিও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় পঞ্চগড়ের দেশ উন্নয়ন সংস্থা এবং কারিগড়-এর যৌথ আয়োজনে এই স্থানীয় নীতি সংলাপের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি গুচ্ছের ভর্তি পদ্ধতি সংস্কারে উদ্যোগ ইউজিসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


কৃষি গুচ্ছের ভর্তি পদ্ধতি সংস্কারে উদ্যোগ ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার মান উন্নয়ন, সব আসনে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা এবং ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর জন্য নতুন পদ্ধতি চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্দেশ্যে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের সুপারিশ দিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

রবিবার (১৫ নভেম্বর) ইউজিসিতে দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই প্রস্তাব দেন। উপাচার্যদের নাম সুপারিশ করার জন্য ইউজিসি চেয়ারম্যান আহ্বান জানিয়েছেন।

সভায় জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে।

সভায় উপাচার্যরা জানিয়েছেন, প্রতিবছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি এবং বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লাগে। এই কারণে বিশেষ করে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পূরণে জটিলতা সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয় না।

এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান মন্তব্য করেন, ভর্তি প্রক্রিয়ার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান এমনভাবে হতে হবে, যাতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা যায়। এ জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সভায় ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা, শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর গুরুত্ব নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আধুনিকায়ন ও সমন্বয়ের বিষয়টিও সভায় গুরুত্ব পায়। উপাচার্যরা কৃষিসংশ্লিষ্ট বিষয়গুলোর পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদে অভিন্ন নির্দেশিকা তৈরির পাশাপাশি কৃষি ডিগ্রিগুলোর মধ্যে সামঞ্জস্য আনার প্রস্তাব দেন। শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি বাড়াতে পাঠ্যক্রমে ক্যারিয়ার উন্নয়ন, গবেষণাপদ্ধতি ও গণিতবিষয়ক কোর্স যুক্ত করার পরামর্শও দেন তারা।

ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার পাঠ্যক্রম আধুনিক ও কর্মমুখী করতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পৃক্ততা বাড়াতে হবে। পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদের কাজে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার প্রয়োজন রয়েছে। আগামী শিক্ষাবর্ষে পাঠ্যক্রম আধুনিকায়নে বিশ্ববিদ্যালয়গুলো কী উদ্যোগ নিয়েছে, তা জানার জন্য অনুসন্ধান করা হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে গবেষণার ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে গবেষণার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। সমস্যা তুলে ধরার পাশাপাশি সমাধানের পথও বের করতে হবে। এ জন্য উপাচার্যদের গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দিতে বলেন তিনি। গবেষণার জন্য পৃথক অর্থ বরাদ্দ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন।

গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে কিউ১ ও কিউ২ মানের সাময়িকীকে গুরুত্ব না দিয়ে দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, গত ৫০ বছরে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা দেশের অর্থনীতি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। এখন বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের সমস্যার সমাধানেও গবেষণার ওপর নির্ভর করতে হবে।

সভায় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট, বিশেষ করে নতুন চারটি কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়েও আলোচনা হয়। শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা যায় কি না, সে প্রস্তাব দেন কয়েকজন উপাচার্য। এছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের এক বছরের জন্য ফেলোশিপের আওতায় সাময়িকভাবে দায়িত্ব দেওয়া এবং অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগানোর প্রস্তাবও আসে।

বিদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রবাসী বাংলাদেশি শিক্ষকদের দেশে পাঠদানে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে তাদের ছুটি, বিমানভাড়া, সম্মানী ও দায়িত্ব পালনের শর্ত নির্ধারণে নীতিমালা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নতুন শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য আগামী পাঁচ বছরের মধ্যে ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি ইন্টার্নশিপ বাধ্যতামূলক ও বেতনভিত্তিক করার ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর না করে শিল্পপ্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

উচ্চশিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান। বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে ৬০ শতাংশের বেশি স্নাতক ডিগ্রিধারী তরুণ যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে অনানুষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছেন। এ কারণে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি। পাশাপাশি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করার পরামর্শ দেন।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%