০৪:৩৭ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা দাবি জানিয়েছেন।
তিনি একটি বিবৃতিতে উল্লেখ করেন, গত ১১ নভেম্বর দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনার পর ১২ নভেম্বর রাতে দৌলতপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে নুসরাত তাবাসসুম জানতে পেরেছেন যে, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিল। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের আটজন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে উৎসবের আমেজ
তিনি আরও বলেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন, স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এ ধরনের দ্বিমুখী বক্তব্য প্রকৃত ঘটনা উদঘাটনে সমস্যা সৃষ্টি করবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করছে। নুসরাত তাবাসসুম জুলাইযোদ্ধা হওয়ায় তাকে ফ্যাসিস্ট শক্তির রোষানলে পড়তে হয়েছে।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ফ্যাসিবাদের শৃঙ্খল ছিঁড়তে যেসব তরুণ-যুবা এগিয়ে এসেছিলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কাছে অধিকতর নিরপেক্ষতা প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং এই মামলার অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা সরকারের দায়িত্ব। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য জোর দাবি জানাচ্ছি।
আরও পড়ুন: টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড
একই সঙ্গে গণতন্ত্রকামী দেশপ্রেমিক শক্তিকে ফ্যাসিস্ট পুনর্বাসন ঠেকাতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন