ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড


টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে আদালত। রোববার (১৫ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় প্রকাশ করেন।

দণ্ডিত ব্যক্তির নাম মো. ইউনুস মণ্ডল (২৫)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন এবং নিহত ফুলমালা বেগমের পুত্র।

টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) মো: শফিকুল ইসলাম রিপন জানিয়েছেন, নিহত ফুলমালা বেগম তার ছোট ছেলে ইউনুস মণ্ডলের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন এবং তিনি কৃষি কাজ করতেন। আসামি প্রায়শই তার মাকে বিভিন্ন কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। ঘটনার দিন (২৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় আসামি তার মাকে গালিগালাজ করেন। এক পর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মা অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: কুমিল্লায় রোহিঙ্গা তিন নাগরিককে জন্মসনদ প্রদান, প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

ঘটনার পর নিহত ফুলমালা বেগমের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করা হয়। বিচার চলাকালীন অভিযোগ গঠনের সময়ও তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি আরও জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং আসামির দোষ স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত আসামি ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে রশিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবহেলায় হারাচ্ছে ৩০০ বছরের ইতিহাস: দেয়ালে একাত্তরের গুলির ক্ষত, ছাদে ধস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


অবহেলায় হারাচ্ছে ৩০০ বছরের ইতিহাস: দেয়ালে একাত্তরের গুলির ক্ষত, ছাদে ধস

দেয়ালে গুলির ক্ষত রয়েছে। ছাদের ওপর আগাছা জন্মেছে। কোথাও পলেস্তারা খসে পড়ছে, আবার কোথাও ফাটল ধরেছে। একসময় যে বাড়িটি জমিদারি প্রতিপত্তির প্রতীক ছিল, এখন সেটি ধ্বংসের প্রহর গুনছে। প্রায় ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটির দিকে তাকানোর যেন কেউ নেই। কিন্তু এর দেয়ালে এখনো মুক্তিযুদ্ধের রক্তাক্ত স্মৃতি লেগে আছে।

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের শেওড়া গ্রামে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো এই স্থাপনাটি স্থানীয়ভাবে কান্তরাম জমিদারবাড়ি নামে পরিচিত। একসময় এটি জমিদারি প্রতিপত্তির প্রতীক ছিল, বর্তমানে সেখানে নিঃসঙ্গতা ও অবহেলার চিহ্ন ঘুরে বেড়াচ্ছে।

স্থানীয় ইতিহাস ও জমিদার পরিবারের বংশধরদের কাছ থেকে জানা যায়, অষ্টাদশ শতকের শুরুর দিকে কান্তরাম মণ্ডল গহিন সুন্দরবন পরিষ্কার করে সেখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। তার জমিদারি প্রায় দুই হাজার বিঘা জমি নিয়ে বিস্তৃত ছিল। সে সময় কপোতাক্ষ নদে জলদস্যুদের উৎপাত ছিল লক্ষণীয়। কান্তরাম মণ্ডল ও তার বংশধরেরা দস্যুদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। নদী ও জনপদ ঘিরে তাদের ক্ষমতার ইতিহাস আজও টিকে আছে জরাজীর্ণ বাড়িটির অস্তিত্বে।

বাড়িটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ওই সময় স্থাপনাটি ব্যাপক লুটপাটের শিকার হয়। বাড়ির দেয়ালে এখনো অসংখ্য গুলির চিহ্ন ছড়িয়ে আছে। দেয়ালের সেই ক্ষত যেন একাত্তরের সহিংসতার নীরব দলিল। অথচ মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী এই স্থাপনাটিও আজ সংরক্ষণের বাইরে রয়েছে।

জমিদার পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি অশ্বিনী মণ্ডল বর্তমানে প্রায় ৯০ বছর বয়সী। তিনি কান্তরাম মণ্ডলের একমাত্র জীবিত নাতি। বার্ধক্যের কারণে তার স্মৃতিশক্তি কিছুটা কমে এলেও পরিবারের অতীত ইতিহাসের নানা তথ্য জানিয়েছেন তিনি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নিয়ে সংরক্ষণের উদ্যোগ নিলে তার কোনো আপত্তি নেই বলেও জানান।

সরেজমিনে দেখা যায়, ভবনের চারপাশে আগাছা জন্মেছে। দ্বিতল ভবনের ১০টি কক্ষের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। দ্বিতীয় তলার ছাদে ভাঙন ধরেছে। দেয়াল ও ছাদের ফাঁকে গাছপালা জন্মেছে। কোথাও খসে পড়ছে ইট ও সুরকি। ভবনের দেয়ালের বিভিন্ন অংশে এখনো লেগে আছে একাত্তরের গুলির ক্ষত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থাপনাটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বাগালীর শেওড়া গ্রামের বাসিন্দা আমজেদ হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা কান্তরাম জমিদারবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করে। সেই হামলার সাক্ষ্য বহন করছে বাড়ির দেয়ালে থাকা অসংখ্য গুলির চিহ্ন। পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দেয়ালের সেই ক্ষত আজও মুছে যায়নি।

তিনি বলেন, অযত্ন আর অবহেলায় ঐতিহাসিক স্থাপনাটি এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। সংস্কার নেই, সংরক্ষণের উদ্যোগ নেই, নেই প্রত্নতাত্ত্বিক স্বীকৃতির দৃশ্যমান কোনো তৎপরতা।

স্থানীয় বাসিন্দারা জানান, কান্তরাম জমিদারবাড়ি কেবল একটি পুরোনো ভবন নয়; এটি কয়রার আঞ্চলিক ইতিহাস, জমিদারি ব্যবস্থার স্মৃতি এবং মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। অথচ প্রচার-প্রচারণা ও সরকারি উদ্যোগের অভাবে স্থাপনাটি লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে।

তাদের আশঙ্কা, দেয়ালের গুলির ক্ষত হয়তো ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে, কিন্তু ছাদ ও দেয়াল ভেঙে গেলে হারিয়ে যাবে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বস্তুগত নিদর্শন। ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগেই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম বলেন, ভবনটি ইতিহাসসমৃদ্ধ বা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন হলে এটি সংরক্ষণের যে প্রক্রিয়া রয়েছে, সে প্রক্রিয়ায় অবশ্যই তারা এগিয়ে আসবেন। তবে ভবনটির প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য কেমন, তা সরেজমিনে পরিদর্শন না করলে বোঝা যাবে না।

তিনি বলেন, খুব শিগগিরই ভবনটি পরিদর্শন করে এর ঐতিহাসিক গুরুত্ব যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে উৎসবের আমেজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে উৎসবের আমেজ

বগুড়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ খবরের ফলে জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করছে। বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একই সাথে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের নতুন স্বপ্ন দেখছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন রাজনৈতিক উচ্ছ্বাসের পাশাপাশি উন্নয়ন প্রত্যাশার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বগুড়ায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে আসতে পারেন। সফরের সময় জেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে করতোয়া নদী খনন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ এবং বগুড়া বিমানবন্দরে ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার সাথে যুক্ত এসব প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়ার যোগাযোগ, শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি বগুড়ায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী বগুড়ায় আসার সম্ভাবনা রয়েছে। এ সময় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হবে। পাশাপাশি, বগুড়া বিমানবন্দরে ড্রোন কারখানা স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে বগুড়ার মানুষের প্রত্যাশা প্রধানত উন্নয়নকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও, গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে ছিল উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন এই জেলা। বিশেষ করে, করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা, রেল যোগাযোগ সম্প্রসারণ এবং বিমানবন্দরকে ঘিরে শিল্পায়নের উদ্যোগকে বগুড়ার ভবিষ্যৎ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয়রা। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বগুড়া নয়, আশপাশের জেলাগুলোর যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে বরণ করে নিতে সাংগঠনিক প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের কাছে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, তারেক রহমান শুধু বিএনপির চেয়ারম্যান কিংবা দেশের প্রধানমন্ত্রী নন, তিনি বগুড়ারই সন্তান। ফলে, তার নিজ জেলায় আগমনকে ঘিরে রাজনৈতিক আবেগের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা।

বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমনকে ঘিরে পুরো জেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি শুধু আমাদের দলের চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী নন, তিনি বগুড়ার সন্তান। এই জেলার মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে বগুড়ার মানুষ উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি থেকে বঞ্চিত হয়েছেন। প্রধানমন্ত্রী নিজ জেলার উন্নয়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তার এই সফরকে ঘিরে আমরা আশাবাদী।"

তিনি আরো বলেন, "বগুড়ার উন্নয়নে যেসব বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়িত হলে জেলার চেহারা পাল্টে যাবে। করতোয়া নদী খনন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ এবং বিমানবন্দরে ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ বগুড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রকল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং বগুড়া উত্তরাঞ্চলের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে। আমরা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছি।"

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের আগে বগুড়ার উন্নয়ন পরিকল্পনায় আরো একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার তথ্য অনুযায়ী, জেলার সাতটি সংসদীয় আসনের উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। পাশাপাশি, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আইনটি পাস ও কার্যকর হলে পরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর কেবল আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বগুড়ার উন্নয়ন সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরো গুরুত্ব দেওয়ার একটি সুযোগ হতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হলে উত্তরাঞ্চলের অর্থনৈতিক মানচিত্রে বগুড়ার অবস্থান আরো শক্তিশালী হতে পারে। তাই নেতাকর্মীদের কাছে এই সফর যেমন আবেগ ও আনন্দের, তেমনি বগুড়াবাসীর কাছে এটি উন্নয়নের নতুন অধ্যায়ের অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন নেই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯টি বেসরকারি হাসপাতালের মধ্যে ১৫টির লাইসেন্স নবায়ন হয়নি। নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তৈরি করা তালিকায় উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে লাইসেন্সধারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তালিকায় থাকা একাধিক প্রতিষ্ঠানের সর্বশেষ লাইসেন্স নবায়নের বছর ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ উল্লেখ করা রয়েছে।

এদিকে, ২০২৬ সালের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আড়াইহাজার উপজেলার যে সকল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের তালিকায় রয়েছে- এ টু জেড ডিজিটাল হাসপাতাল সর্বশেষ লাইসেন্স (২০২৩-২০২৪), আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টার (২০২০-২০২১), মা ও শিশু হসপিটাল (২০২১-২০২২), সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪), ফয়সাল হসপিটাল (২০২৩-২০২৪), জনসেবা হাসপাতাল এন্ড ল্যাব (২০২২-২০২৩), নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪), পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪), প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫), কনফিডেন্ট মেডিক্যাল সেন্টার (২০২৩-২০২৪), আড়াইহাজার পপুলার হসপিটাল এবং আড়াইহাজার ইসলামিয়া কেয়ার হসপিটাল।

এদিকে, তালিকার বাইরে আড়াইহাজার উপজেলা এলাকার প্রবাসী কল্যাণ হাসপাতালের কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি এই হাসপাতালটিতে চিকিৎসায় অবহেলার অভিযোগও সামনে এসেছে। গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছিলো। পরিবারের অভিযোগ ছিলো, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরিফুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের নিয়মিত খোঁজখবর নিচ্ছি। প্রতিটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এবং সরকারি বিধিবিধান প্রতিপালনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, প্রযোজ্য অনুমোদন কিংবা ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে সেনা অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত, অস্ত্র জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


পাকিস্তানে সেনা অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত, অস্ত্র জব্দ

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী সংগঠনের ২৮ জন সক্রিয় সদস্যকে হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী। তাদের দাবি, নিহত ব্যক্তিরা ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছে।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৩ নভেম্বর থেকে বেলুচ প্রদেশের কোলপুর, কর্দগাপ ও নুশকি-তে একাধিক নিরাপত্তা অভিযান পরিচালনা করছে সশস্ত্র উইং।

গতকাল শনিবার গভীর রাতে কোলপুরে অভিযান চালিয়ে ফিতনা আল হিন্দুস্তানের ৮ সদস্যকে হত্যা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

সেনাবাহিনী জানায়, বেলুচিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%