ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

শতবর্ষে উৎসবের রঙে রঙিন বরিশাল সদর গার্লস, স্মৃতির টানে ছুটে এলেন দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীরা


শতবর্ষে উৎসবের রঙে রঙিন বরিশাল সদর গার্লস, স্মৃতির টানে ছুটে এলেন দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীরা

বর্ণিল আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস আর স্মৃতিচারণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সদর গার্লস) শতবর্ষ পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় একত্রিত হয়ে স্মৃতির পাতায় ফিরে যান দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীরা। পুরো আয়োজনজুড়ে ছিল আবেগ, ভালোবাসা ও পুরোনো দিনের স্মৃতিচারণ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। গোলাপি ও সাদা শাড়িতে সজ্জিত কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে র‌্যালিটি পরিণত হয় এক উৎসবমুখর শোভাযাত্রায়। ব্যান্ডের বাদ্য, নানা রঙের ফেস্টুন ও কালার স্মোকের বর্ণিল আয়োজনে নগরীর রাজপথ হয়ে ওঠে প্রাণবন্ত। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও শতবর্ষ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক বিলকিস জাহান শিরিন বলেন, ‘আজ বরিশাল গোলাপিময়। প্রাক্তন প্রায় তিন হাজার শিক্ষার্থী নিবন্ধন করে এ উৎসবে অংশ নিয়েছেন। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। এ আয়োজন সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

শতবর্ষের এ আয়োজনে অংশ নিতে সুদূর অস্ট্রেলিয়া থেকে এসেছেন ২০০৭ ব্যাচের শিক্ষার্থী অবন্তি রহমান। তিনি বলেন, ‘এ উৎসবে অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে এসেছি। আমার মতো দেশের বাইরে থেকেও অনেকে এসেছেন আবেগের এই প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তিতে অংশ নিতে। এখানে এসে আমাদের ব্যাচের সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে দেখা হয়েছে। অনেক দিনের পুরোনো স্মৃতি আবারও ফিরে পেয়েছি।’

ভারতের দিল্লি থেকে এসেছেন ২০০২ ব্যাচের শিক্ষার্থী স্বর্ণা দাস। তিনি বলেন, ‘স্কুলজীবন সত্যিই মধুর। বিদ্যালয় থেকে বের হওয়ার পর জীবনে এমন সময় আর ফিরে আসেনি। সেই মধুর স্মৃতিগুলোকে নতুন করে স্মরণ করতেই দিল্লি থেকে ছুটে এসেছি। আসার আগে বান্ধবীদের সঙ্গে কথা হয়েছে, আমরা একসঙ্গে নিবন্ধনও করেছি। আমাদের এক বান্ধবীও আমেরিকা থেকে এসেছে এই পুনর্মিলনীতে যোগ দিতে।’

আনন্দ র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বক্তব্যে তিনি বলেন, স্বাধীন বাংলার প্রথম আঞ্চলিক সচিবালয় ছিল এই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রতিষ্ঠানটির প্রতি আমাদের সবার আলাদা আবেগ ও শ্রদ্ধা রয়েছে।

এ সময় তিনি বিদ্যালয়ের স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা তুলে ধরেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। এরপর অতিথিদের উপস্থিতিতে শতবর্ষ পূর্তির কেক কাটা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন। দীর্ঘদিন পর শিক্ষক ও শিক্ষার্থীদের এই মিলনমেলা আয়োজনকে আরও আবেগঘন করে তোলে।

দিনব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আনন্দ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর বর্ণাঢ্য আয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্টিন পাওয়ার্স সিরিজে চতুর্থবার ফিরছেন মাইক মায়ার্স

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


অস্টিন পাওয়ার্স সিরিজে চতুর্থবার ফিরছেন মাইক মায়ার্স

দীর্ঘদিনের জল্পনা শেষে সুখবরটি নিশ্চিত করেছেন হলিউডের অভিনেতা মাইক মায়ার্স। তিনি জানিয়েছেন, জনপ্রিয় ‘অস্টিন পাওয়ার্স’ সিরিজের চতুর্থ সিনেমার চিত্রনাট্য তিনি লিখছেন। নতুন সিনেমার গল্প নিয়ে বিস্তারিত কিছু জানাতে চান না অভিনেতা। তবে তিনি নিজের জনপ্রিয় চরিত্রে ফিরতে পেরে বেশ আনন্দিত।

সম্প্রতি হলিউডভিত্তিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক মায়ার্স বলেন, "হ্যাঁ, আমি এখন চিত্রনাট্য লিখছি। কাজটি করতে বেশ ভালো লাগছে। তবে গল্পের বিষয়ে আমি খুব গোপনীয়তা বজায় রাখছি। অস্টিন একজন গুপ্তচর, তাই এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না।"

১৯৯৭ সালে ‘অস্টিন পাওয়ার্স: ইন্টারন্যাশনাল ম্যান অব মিস্ট্রি’ সিনেমার মাধ্যমে এই সিরিজের যাত্রা শুরু হয়। এরপর ১৯৯৯ সালে মুক্তি পায় ‘অস্টিন পাওয়ার্স: দ্য স্পাই হু শ্যাগড মি’ এবং ২০০২ সালে আসে ‘অস্টিন পাওয়ার্স ইন গোল্ডমেম্বার’। তিনটি সিনেমাতেই অস্টিন পাওয়ার্সের পাশাপাশি ডক্টর ইভিল চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান মাইক মায়ার্স।

এর আগে ২০১৯ সালে অভিনেতা ইঙ্গিত দিয়েছিলেন, সিরিজের চতুর্থ সিনেমার গল্প ডক্টর ইভিলের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হতে পারে। তবে নতুন সিনেমায় এমন কিছু থাকছে কি না, তা এখনো নিশ্চিত করেননি তিনি। চলতি বছর একটি বিজ্ঞাপনেও আবার ডক্টর ইভিল চরিত্রে দেখা গেছে তাকে।

অস্টিন পাওয়ার্সের পাশাপাশি আরেক জনপ্রিয় চরিত্রে ফিরছেন মাইক মায়ার্স। ‘শ্রেক’ সিরিজের পঞ্চম সিনেমায় আবারও শ্রেকের কণ্ঠ দেবেন তিনি। এই সিরিজের গল্প ও নির্মাতাদের প্রতি ভালোবাসার কথা জানিয়ে অভিনেতা বলেন, চরিত্রটি তার কাছে ভীষণ আনন্দের। সিনেমাগুলোর বার্তা, সহশিল্পী ক্যামেরন ডিয়াজ এবং এডি মারফির কাজও তার খুব পছন্দ।

এদিকে শ্রেকের বন্ধু গাধা চরিত্রকে নিয়ে তৈরি হতে যাওয়া নতুন সিনেমায় তিনি থাকবেন কি না, তা নিয়ে নিশ্চিত নন মাইক মায়ার্স। সিনেমাটিতে গাধা চরিত্রের শুরুর গল্প তুলে ধরা হবে বলে জানা গেছে। চরিত্রটির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে অভিনেতা বলেন, গাধা তার সর্বকালের অন্যতম প্রিয় চরিত্র। সিনেমাটি দেখার জন্য তিনি সবার আগে অপেক্ষা করবেন।

সব মিলিয়ে অস্টিন পাওয়ার্সের নতুন অভিযান এবং শ্রেকের প্রত্যাবর্তন—দুই জনপ্রিয় চরিত্রেই মাইক মায়ার্সকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে ১৬ জন নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে ১৬ জন নিহতের আশঙ্কা

ভারতের আসামের কাজিরাঙ্গায় একটি মিনিবাসের সাথে ট্রাকের সংঘর্ষে অন্তত ১৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার কাজিরাঙ্গার রঙ্গাজান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নগাঁওগামী একটি মিনিবাসকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিনিবাসটির সংঘর্ষের ফলে মারাত্মক ক্ষতি হয় এবং দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে যান। পুলিশ সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন এবং ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়াদের উদ্ধারের জন্য অভিযান শুরু করেন।

গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘আমরা সবাই ঘটনাস্থলে আছি এবং বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে, তাই মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।’

আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে মনে করা হচ্ছে। তিনি আরো জানান, ‘কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের (উদ্যান) কাছাকাছি আরোপিত গতিসীমা লঙ্ঘন করে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমরা ধারণা করছি, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি কন্টেইনার ট্রাকের সাথে ধাক্কা খায় এবং এই দুর্ঘটনা ঘটে।’

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। আসাম সরকারের পক্ষ থেকে এ দুর্ঘটনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি। সূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে পাট ও ওষুধ আমদানি বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


বাংলাদেশে পাট ও ওষুধ আমদানি বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইসোয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনির সঙ্গে বৈঠক করেছেন। তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময়, বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ আমদানি বাড়ানোর জন্য ইসোয়াতিনির প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৈঠকে, বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, "২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের।"

জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ইসোয়াতিনির প্রধানমন্ত্রী মন্তব্য করেন, জলবায়ু ইস্যুতে দুই দেশের অগ্রাধিকার প্রায় একই। তারা কপ-৩১ থেকে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে, বাংলাদেশের প্রতিমন্ত্রী পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরেন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করায় ইসোয়াতিনির সরকারের প্রশংসা করে তিনি বলেন, "প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য ব্যবহার করা যেতে পারে।"

এ বিষয়ে আলোচনা করার পাশাপাশি, ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি। এছাড়া, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরে ইসোয়াতিনিকে আরও বেশি টেকসই ও সাশ্রয়ী পোশাক আমদানির আহ্বান জানান শামা ওবায়েদ।

স্বাস্থ্যখাতে সহযোগিতার বিষয়ে তিনি জানান, বাংলাদেশের ওষুধশিল্প ১৫০টিরও বেশি দেশে মানসম্মত ও সাশ্রয়ী ওষুধ রপ্তানি করছে। ইসোয়াতিনির স্বাস্থ্য খাতের চাহিদা পূরণে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত।

বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ইসোয়াতিনির অব্যাহত সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে, শামা ওবায়েদ ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে পাটের কাপড়ে তৈরি একটি জ্যাকেট উপহার দেন। উপহারটি পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পাটপণ্যের প্রচারে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ

আন্তর্জাতিক সংগীতের মঞ্চে পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ আবারও নিজের অবস্থানকে দৃঢ় করেছেন। তিনি প্রথম ভারতীয় শিল্পী হিসেবে লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সরাসরি সংগীত পরিবেশন করেন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২৭তম আসরে পুয়ের্তো রিকোর জনপ্রিয় সংগীতশিল্পী ড্যাডি ইয়াঙ্কির সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেন দিলজিৎ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এমজিএম গ্র্যান্ড গার্ডেন মঞ্চে এবারের আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে দুই শিল্পী তাদের সদ্য প্রকাশিত যৌথ গান ‘পোকিতো’ পরিবেশন করেন। পাঞ্জাবি ও লাতিন সংগীতের মেলবন্ধনে তাদের এই পরিবেশনা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে। গ্র্যামি অ্যাওয়ার্ডস হলো বিশ্ব সংগীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি, যা যুক্তরাষ্ট্রের ‘দ্য রেকর্ডিং অ্যাকাডেমি’ কর্তৃক প্রদান করা হয়।

অনুষ্ঠানের পর দিলজিৎ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবেশনার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, "পাঞ্জাবিরা চলে এসেছে লাতিন গ্র্যামিতে। বিশ্বের প্রতিটি মঞ্চে পাঞ্জাবি ভাষা ছড়িয়ে পড়বে। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।"

ড্যাডি ইয়াঙ্কির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "একই মঞ্চে দুটি সংস্কৃতিকে একত্র করার জন্য তাকে ধন্যবাদ।" আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গায়ক।

এবারের অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন বেবি র‍্যাঙ্কস, ব্যাড গিয়াল, ডিভিনো, ডিজে প্রিমিয়ার, গ্রুপো নিচে, জে হুইলার, লিল সুপা, লুইস এনরিক, ন্যাথি পেলুসোসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক শিল্পী।

এদিকে অনুষ্ঠানের পেছনের মঞ্চে ড্যাডি ইয়াঙ্কির মা রোসা রদ্রিগেজের সঙ্গে দিলজিতের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পরিচয় করিয়ে দেওয়ার পর শ্রদ্ধা জানাতে রোসা রদ্রিগেজের পা ছুঁয়ে সালাম করেন দিলজিৎ। এ সময় পাশে ছিলেন ড্যাডি ইয়াঙ্কিও।

লাতিন গ্র্যামির মঞ্চে এই উপস্থিতি দিলজিতের আন্তর্জাতিক সংগীতযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে ২০২৩ সালের এপ্রিলে প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কোচেলা সংগীত উৎসবে গান গেয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।

আগামী ২০২৭ সালেও কোচেলা উৎসবে ফিরছেন দিলজিৎ। উৎসবের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ৯ ও ১৬ এপ্রিল মঞ্চে উঠবেন তিনি। একই আয়োজনে প্রধান শিল্পী হিসেবে থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী দুয়া লিপা।

এদিকে বর্তমানে ভারতের বিভিন্ন শহরে ‘আউরা ট্যুর ২০২৬’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ৪২ বছর বয়সী এই গায়ক। গত ৩০ অক্টোবর দিল্লিতে শুরু হয়েছে তার এই সংগীত সফর। আগামী ১৫ নভেম্বর ইন্দোরে তার পরবর্তী পরিবেশনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%