শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪০ পি.এম
মার্কিন ভিসা জটিলতার কারণে আফ্রিকার বিভিন্ন দেশের সুন্দরীদের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ২৪ নভেম্বর, মার্কিন নিয়ন্ত্রিত পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর।
মিস ইউনিভার্স জিম্বাবুয়ে রোজানা হল, এবারের প্রতিযোগিতায় জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে। তবে তিনি এখনও মার্কিন এই ভূখণ্ডে ভ্রমণের জন্য ভিসা পাননি। হল তার ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন, “আমার ভিসা অনুমোদনের জন্য আমরা বারবার দৌড়ঝাঁপ করছি।”
রোজানা হল একমাত্র আফ্রিকান প্রতিযোগী নন যিনি এই বিধিনিষেধের শিকার হয়েছেন। জাম্বিয়া ইতোমধ্যে মার্কিন ভ্রমণ বিধিনিষেধের কারণে তাদের প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নিয়েছে।
প্রতিযোগীরা নিবন্ধন, পোশাকের মাপজোক এবং প্রতিযোগিতা-পূর্ব অন্যান্য কার্যক্রমে অংশ নিতে গত ৮ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে পৌঁছাতে শুরু করেছেন। এর ফলে রোজানা হল এবং দক্ষিণ সুদানের প্রতিনিধিসহ অন্যান্যদের জন্য দ্রুত ভিসা নিশ্চিত করার চাপ বৃদ্ধি পাচ্ছে। হল বলেছেন, “আনুষ্ঠানিকভাবে, আজই আমার মিস ইউনিভার্সের ৭৫তম আসরে অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।”
‘প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন ১০৯৯৮’ অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া আংশিক মার্কিন ভ্রমণ বিধিনিষেধের আওতায় ১৯টি দেশের মধ্যে জিম্বাবুয়ে অন্তর্ভুক্ত। এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য ভিজিটর, স্টুডেন্ট এবং এক্সচেঞ্জ ভিসার পাশাপাশি অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। অন্যান্য শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
জাম্বিয়ার মিস ইউনিভার্স সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, মুবাঙ্গার পরিস্থিতি কোনো ব্যক্তিগত বিষয় নয় বরং এটি ভ্রমণ বিধিনিষেধের ফল। বিবৃতিতে বলা হয়েছে, “ব্যক্তিগত পরিস্থিতি, কাগজপত্র বা সাংগঠনিক জটিলতার কারণে কোনো প্রতিযোগীর ভিসা প্রত্যাখ্যাত হওয়ার ঘটনার মতো এটি নয়; মুবাঙ্গার পরিস্থিতি জাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশগুলোর ওপর প্রভাব ফেলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভ্রমণ বিধিনিষেধের সাথে যুক্ত।” ২৫ বছর বয়সী নিবন্ধিত নার্স মুবাঙ্গা ৮ অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া নির্বাচিত হন এবং আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় দেশটির প্রতিনিধিত্ব করার কথা ছিল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আরও পাঁচটি আফ্রিকান দেশ একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, যদিও দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি।
রোজানা হল জানিয়েছেন যে তিনিও এই উদ্বেগের সাথে একমত এবং ভিসা নিশ্চিত করার চেষ্টায় তিনি গত কয়েক সপ্তাহ দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছেন। তিনি বলেন, “এই সংকটে আমি একা নই। আমার আরও কিছু আফ্রিকান বোন একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, এবং তাঁরা কেমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তা আমি ঠিকই বুঝতে পারছি।”
মিস ইউনিভার্স দক্ষিণ সুদানও হলের ভিডিওতে মন্তব্য করে তার অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে, “আমরা মিস ইউনিভার্সে পৌঁছাতে পারব কি না, তার সম্ভাবনা ৫০/৫০।” তিন দিন আগে পোস্ট করা আরেকটি ভিডিওতে হল বলেছেন যে তিনি এখনও পুয়ের্তো রিকোতে যাওয়ার আশা ছাড়েননি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “জিম্বাবুয়েকে পুয়ের্তো রিকোতে নিয়ে যাওয়ার লড়াই চলছে।”
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের দ্য ন্যাশন পত্রিকার একটি নিবন্ধে প্রশ্ন উত্থাপন করে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার অভিন্ন নদীগুলোকে কি ভারত কূটনৈতিক ব্ল্যাকমেইল বা ভূ-রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ারে পরিণত করছে? বাংলাদেশ ও ভারতের গঙ্গা পানিবণ্টন চুক্তির আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হতে চলেছে এবং পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি একতরফা ভাবে স্থগিত রাখার ঘটনাগুলো এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলছে। যখন জীবনরেখাসমূহকে রাজনৈতিক স্বার্থে দরকষাকষির পণ বানানো হয়, তখন ভাটির দেশগুলোর অস্তিত্ব চরম সংকটে পড়ে।
এদিকে, উজানের নীতিহীন ও একরোখা পানি-কূটনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের নিজস্ব অবস্থানও প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ, ব্রহ্মপুত্র নদীর ক্ষেত্রে চীন ভারতের উজানে অবস্থান করছে, ফলে দিল্লির প্রতিবেশীদের প্রতি আধিপত্যবাদী আচরণ বেইজিংয়ের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে—যেখানে ভারতকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে কূটনৈতিক ও কৌশলগত শিক্ষায় ব্রতী করার সম্ভাবনা তৈরি হয়। দ্য ন্যাশন পত্রিকার নিবন্ধটি নিচে তুলে ধরা হলো:
ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর, ২০২৬-এ শেষ হতে যাচ্ছে। অন্যদিকে, ২০২৫ সালের এপ্রিল থেকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করে রেখেছে ভারত। এই দুটি ঘটনাই একটি অস্বস্তিকর প্রশ্নের উদ্ভব ঘটায়: ভারত কি অভিন্ন নদীগুলোকে সহযোগিতার ভিত্তি হিসেবে দেখবে, নাকি পানিকে ভূ-রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ারে পরিণত করবে?
দক্ষিণ এশিয়াজুড়ে নদীগুলো কেবল জলধারা নয়, এগুলো মানুষের জীবনরেখা—রাজনৈতিক দরকষাকষির গুটি নয়। বাংলাদেশের গঙ্গা-পদ্মা নদী ব্যবস্থা দেশের কৃষি, মৎস্যসম্পদ, নৌচলাচল এবং বদ্বীপ অঞ্চলের মিঠাপানির ভারসাম্য বজায় রাখে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে লবণাক্ততা বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের জীবিকা হুমকির মুখে পড়ে। একইভাবে, পাকিস্তানের সিন্ধু অববাহিকা দেশটির কৃষি অর্থনীতির মূল ভিত্তি এবং কোটি কোটি মানুষের জীবনধারণের প্রধান উৎস। সুতরাং, এই চুক্তিগুলোর ভবিষ্যৎ কেবল দুই দেশের সরকারের মধ্যে পানি ভাগাভাগির হিসাব-নিকাশের বিষয় নয়; বরং সীমান্ত পেরিয়ে আসা পানির ওপর নির্ভরশীল কোটি কোটি মানুষের নিরাপত্তার প্রশ্ন।
ফারাক্কা পয়েন্টে নতুন করে আলোচনার ক্ষেত্রে ভাটির দেশের পানির নিশ্চয়তা এবং উজানের দেশের চাহিদার নমনীয়তার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা জরুরি। ১৯৯৬ সালের গঙ্গা চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে একটি নির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে পানি বণ্টন করা হয় এবং পানির প্রাপ্যতা ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশের মধ্যে আলোচনার বিধান রয়েছে। বাংলাদেশ শুষ্ক মৌসুমে ন্যূনতম পানি প্রবাহের আরও জোরালো সুরক্ষা চায়, অন্যদিকে ভারত পশ্চিমবঙ্গ ও বিহারের কৃষি ও শিল্পের চাহিদা মেটাতে আরও বেশি নমনীয়তা প্রত্যাশা করে। উভয় দেশের উদ্বেগ নিরসনে এমন একটি স্বচ্ছ ও পারস্পরিক সম্মতিভিত্তিক কাঠামো প্রয়োজন, যা পানির সংকটকালেও ভাটির জনগোষ্ঠীকে একতরফা সিদ্ধান্তের ঝুঁকিতে ফেলবে না। একটি চুক্তির প্রকৃত বিশ্বাস যোগ্যতা তখনই প্রমাণিত হয়, যখন পানির তীব্র সংকট দেখা দেয়, জনমত উত্তপ্ত হয়ে ওঠে এবং রাজনৈতিক নেতাদের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়।
সিন্ধু পানি বিরোধ এক্ষেত্রে আরও উদ্বেগজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে, যা অভিন্ন নদীর ব্যবস্থাপনায় নিরাপত্তা সংক্রান্ত সংঘাতকে টেনে এনেছে। পাকিস্তানের দাবি, এই চুক্তি এখনো আইনগতভাবে বাধ্যতামূলক এবং তাদের পানি প্রবাহ বন্ধ বা অন্যদিকে সরিয়ে নেওয়ার যেকোনো প্রচেষ্টা 'যুদ্ধের শামিল' হিসেবে গণ্য হবে। আন্তর্জাতিক সালিশি আদালত (কোর্ট অব আরবিট্রেশন) চুক্তিটি এখনো বলবৎ রয়েছে বলে রায় দিলেও ভারত এই আদালতের এখতিয়ার ও সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। গঙ্গা চুক্তির আলোচনার প্রেক্ষাপট ভিন্ন হলেও, উভয় ক্ষেত্রেই মূল পরীক্ষাটি হলো—রাজনৈতিক উত্তেজনার মুখে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রতিশ্রুতিগুলো টিকে থাকতে পারে কি না।
সিন্ধু চুক্তির বিষয়ে ভারতের অবস্থান এই অঞ্চলে নিয়মভিত্তিক পানি ব্যবস্থাপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। দ্বিপাক্ষিক সম্পর্কের ওঠানামার ওপর যদি চুক্তির কার্যকারিতা নির্ভর করে, তবে কোনো চুক্তিই নির্ভরযোগ্য সুরক্ষা দিতে পারে না। গঙ্গা চুক্তির সফল নবায়ন এটিই প্রমাণ করবে যে, জাতীয় অগ্রাধিকার পরিবর্তিত হলেও পারস্পরিক সম্মত নিয়মের মাধ্যমে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা সম্ভব। কিন্তু সিন্ধু অচলাবস্থার মধ্যে গঙ্গা আলোচনাও যদি ব্যর্থ হয়, তবে উজানের দেশের নিয়ন্ত্রণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার আশঙ্কা আরও গভীর হবে। আর এই অনিশ্চয়তার চরম মূল্য দিতে হবে ভাটির অসহায় জনগোষ্ঠীকে।
এই পরিস্থিতির আঞ্চলিক প্রভাব আরও সুদূরপ্রসারী। ব্রহ্মপুত্র নদের ক্ষেত্রে ভারত চীনের ভাটিতে অবস্থিত, আবার সিন্ধু ও গঙ্গার ক্ষেত্রে যথাক্রমে পাকিস্তান ও বাংলাদেশের উজানে অবস্থিত। ভারত নিজে ভাটির দেশ হিসেবে চীনের কাছে যে ন্যায্য অধিকার ও বিবেচনা আশা করে, নিজের প্রতিবেশীদের ক্ষেত্রে তা উপেক্ষা করা কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারত যে নীতি অনুসরণ করবে, চীনের সঙ্গে তার ভবিষ্যৎ দরকষাকষির প্রত্যাশা ও দৃষ্টান্তও সেই নীতির দ্বারাই প্রভাবিত হবে। তাই স্বচ্ছতা, আলোচনা এবং সংযম—এই নীতি গুলো পুরো অঞ্চলেই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।
নবায়নকৃত গঙ্গা চুক্তিতে বেশ কিছু বাস্তবসম্মত সুরক্ষা ব্যবস্থা রাখা প্রয়োজন। খরা মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ন্যূনতম প্রবাহের গ্যারান্টি এবং অস্বাভাবিক পানি সংকটের সময় বণ্টনের সুস্পষ্ট ফর্মুলা থাকা জরুরি। তাৎক্ষণিক বা রিয়েল-টাইম জলতাত্ত্বিক তথ্য আদান-প্রদান, যৌথ পর্যবেক্ষণ এবং স্বচ্ছ মূল্যায়ন পানির প্রাপ্যতা নিয়ে সৃষ্ট বিতর্ক এড়াতে সাহায্য করবে। একটি নির্দিষ্ট সময়সীমাভিত্তিক বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা থাকলে কারিগরি মতপার্থক্য গুলো বড় কোনো রাজনৈতিক সংকটে রূপ নিতে পারবে না। এছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নির্দিষ্ট সময় পরপর চুক্তি পর্যালোচনার সুযোগ রাখা যেতে পারে, তবে তা হতে হবে উভয় পক্ষের স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে। চুক্তির নমনীয়তা যেন পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করে, বাধ্যতামূলক দায়বদ্ধতাকে দুর্বল না করে।
এই নীতিগুলো সিন্ধু অববাহিকার জন্যও একটি বড় শিক্ষা হতে পারে। একতরফা ঘোষণার মাধ্যমে অনিশ্চয়তা তৈরি না করে বরং আলোচনার মাধ্যমে বিদ্যমান চুক্তিগুলোর সংস্কার ও উন্নয়ন ঘটানো উচিত। জলবায়ু পরিবর্তনের চাপ, পানির ক্রমবর্ধমান চাহিদা এবং চরম আবহওয়ার কারণে প্রাতিষ্ঠানিক সহযোগিতা এখন আগের চেয়েও বেশি অপরিহার্য। অভিন্ন নদীগুলোর জন্য এমন শক্তিশালী কাঠামো প্রয়োজন, যা রাজনৈতিক সম্পর্ক খারাপ হলেও সচল থাকবে এবং কৃষক, শহরবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীকে এই নিশ্চয়তা দেবে যে তাদের পানির অধিকার কূটনৈতিক বিরোধের জিম্মি হবে না। ভাটির মানুষের প্রয়োজন নির্ভরযোগ্য তথ্য ও বাস্তব সুরক্ষা—কূটনৈতিক সম্পর্কের অবনতি হলেই উবে যায় এমন মৌখিক আশ্বাস নয়।
গঙ্গা চুক্তির নবায়ন ভারত ও বাংলাদেশের সামনে এমন একটি সুযোগ এনে দিয়েছে, যার মাধ্যমে তারা প্রমাণ করতে পারে যে পানির প্রতিশ্রুতি রাজনৈতিক মতপার্থক্যের চেয়েও দীর্ঘস্থায়ী। নদী নিয়ে সহযোগিতা করার আগে ভারত ও তার প্রতিবেশীদের সব দ্বিপাক্ষিক বিরোধ মিটিয়ে ফেলার প্রয়োজন নেই; বরং প্রয়োজন এমন প্রতিষ্ঠান গড়ে তোলা, যা সেই বিরোধগুলো সত্ত্বেও কাজ চালিয়ে যেতে সক্ষম। একটি চুক্তির সাফল্য কেবল স্বাভাবিক সময়ে কতটুকু পানি বণ্টন করা হলো তা দিয়ে পরিমাপ করা হয় না; বরং পানির প্রবাহ কমে গেলে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়লে চুক্তিটি কতটুকু আস্থা ধরে রাখতে পারল, সেটিই আসল মাপকাঠি। দক্ষিণ এশিয়ার নদীগুলো সন্দেহ ও অবিশ্বাসের মাধ্যমে পরিচালিত হতে পারে না; এগুলোর জন্য প্রয়োজন এমন স্থিতিস্থাপক চুক্তি, যা যেকোনো রাজনৈতিক ঝড় মোকাবিলা করে টিকে থাকতে পারে।
-পাকিস্তানি লেখক বখতাওয়ার রাজা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের একজন গবেষক, যার কাজের মূল ক্ষেত্র সমুদ্র নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষাটি শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। গত রাতে এ পদে নিয়োগের জন্য এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ সকালে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল পৌনে ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করেন কেন্দ্রের দায়িত্বে থাকা জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে স্থগিতের সুনির্দিষ্ট কারণ জানতে না পেরে তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়।
কালাই ডিগ্রি কলেজ সূত্রে জানা যায়, হিসাব সহকারী পদে মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। শুক্রবার সকালে তাদের মধ্যে ছয়জন পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হন। উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও।
তবে আবু রায়হান মণ্ডল ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখতে পাননি। তিনি দাবি করেন, কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি।
পরীক্ষা স্থগিতের বিষয়ে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত ছিলেন। তবে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে তিনি কেন্দ্রে দেখতে পাননি। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনের বক্তব্য ভিন্ন। তিনি দাবি করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’
নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। শুক্রবার দুপুরে মোবাইল ফোনে তিনি বলেন, পরীক্ষা কেন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন।
এ বিষয়ে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিক জানান, নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেন পরীক্ষা স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে। নিয়োগে আর্থিক লেনদেনের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা আমার জানা নেই। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের আসামে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে। আগে নিহতের সংখ্যা ১৬ জন বলে জানানো হয়েছিল। শুক্রবার (১৩ নভেম্বর) আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের নিকটবর্তী এলাকায় একটি মিনিবাসের সঙ্গে কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অনেকেই কলেজ শিক্ষার্থী। জাতীয় মহাসড়ক ৭১৫-এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। মিনিবাসটি গোলাঘাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল, অন্যদিকে কন্টেইনার ট্রাকটি আসামের ওপরের দিকে চলছিল। পুলিশের একজন কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন, তবে তাঁদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনাকবলিত মিনিবাসটির বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, দুমড়েমুচড়ে যাওয়া মিনিবাস থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেটও জানিয়েছেন, চিকিৎসকেরা ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে, তবে মিনিবাসে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশগ্রহণ করেন। এ সময় বেশ কয়েকজন যাত্রী মিনিবাসের ভেতরে আটকা পড়েছিলেন। আহতদের প্রথমে কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়।
পরে নয়টি অ্যাম্বুলেন্সে করে তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য ২০ জনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বিধায়ক ও আসামের মন্ত্রী অতুল বোরাও উদ্ধারকাজ তদারকি করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক মিনিবাসটির নিয়ন্ত্রণ হারান। এছাড়া কাজিরাঙা জাতীয় উদ্যানের নিকটবর্তী এলাকায় যান চলাচলের নিয়মও অমান্য করা হয়ে থাকতে পারে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে। গাড়ির গতিসীমা ও যাত্রী বহনের নিয়ম মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহের ময়নাতদন্ত রাতের দিকে গোলাঘাটের একটি হাসপাতালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজনীতিতে ফের আগুন সন্ত্রাস দেশের জন্য অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। তিনি উল্লেখ করেন, বাসে আগুন, দোকানে আগুন, গাড়ীতে আগুন এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতি দেশের, মানবতার ও ইসলামের জন্য ভয়াবহ ক্ষতিকর। তিনি সতর্ক করেন যে, প্রতিহিংসার রাজনীতি দেশকে চরম সঙ্কটে নিপতিত করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জনগণ আতঙ্কিত হয়ে পড়ছে।
এদেশের তথাকথিত রাজনীতিকরা প্রতিহিংসার রাজনীতি থেকে দীর্ঘ ৫৫ বছরে বের হয়ে আসতে পারেনি। মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, এই প্রতিহিংসার রাজনীতিকে সমূলে উপড়ে ফেলতে শরীয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজন। তিনি দাবি করেন, ইসলামী শরীয়া প্রতিষ্ঠিত হলে দেশে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে চিরদিনের জন্য। তিনি সকলকে আহ্বান জানান, পীর সাহেব চরমোনাই নেতৃদ্বে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে দেশকে একটি আদর্শিকভাবে গড়ে তুলতে।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার বাঙ্গরা উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাটি অনুষ্ঠিত হয় দলটির বাঙ্গরা উপজেলা সভাপতি মুফতি দেলাওয়ার আমীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদের সঞ্চালনায়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী মুফতি রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নেতা মুফতি মানসুরুল হক, মাস্টার আরিফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, হাফেজ মাওলানা শাফায়েত হোসাইন, রেজাউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, মানুষ সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের কবল থেকে বাঁচতে চায়। তিনি উল্লেখ করেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ভয়াবহ রূপ নিয়েছে। আইন শৃঙ্খলার অবনতিতে ফ্যাসিবাদী চক্র সক্রিয় হচ্ছে। তিনি জানান, বিভিন্ন জায়গায় মিছিল করছে, আগুন দিচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ