১০:৩৩ পি.এম
বরিশালের মুলাদীতে খালাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে কাইফ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার (২০ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা কাজিরচর ইউনিয়নের খাসেরহাট গোঁজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাইফ পার্শ্ববর্তী হিজলা উপজেলার গুয়াবাড়ি ইউনিয়নের মাউলতলা গ্রামের আবুল খায়ের হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু কাইফের মা অসুস্থ থাকায় গত শুক্রবার চিকিৎসার জন্য তাকে বরিশালের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল থেকে ফিরতে রাত হয়ে যাওয়ায় তারা পথিমধ্যে মুলাদীর খাসেরহাট এলাকায় কাইফের খালার বাড়িতে আশ্রয় নেন।
ঘটনার দিন শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকার সময় অজান্তে বাড়ির পাশের খালে পড়ে যায় কাইফ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে অনুসন্ধান শুরু করেন তার স্বজনেরা। একপর্যায় খাল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহরাজ হায়াৎ জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতাল পৌঁছানোর আগেই কাইফের মৃত্যু হয়েছিল। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র্যালি ও পুরস্কার বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন