ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

হামজার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ৩ উইকেটে জয়


হামজার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ৩ উইকেটে জয়

হামজা জহুরের অসাধারণ সেঞ্চুরির সুবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। রোববার (৮ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের (মিনিস্ট্রি টার্ফ ১) মাঠে অনুষ্ঠিত এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এর লো স্কোরিং ম্যাচে এই বিজয় অর্জন করে গ্রিন শার্টরা।

২০৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান ৪৯তম ওভারে ৭ উইকেট হারিয়ে জয়লাভ করে। এক পর্যায়ে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। তবে হামজা জহুর ও হাসনাইন আব্বাস দারের চমৎকার ব্যাটিংয়ে তারা ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে।

পাকিস্তানের ইনিংসের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারে ইশান সুদের বলে ৪ বলে ৫ রান করে বিদায় নেন জাহাঙ্গীর বিলাল। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করা উসমান খানও এদিন ব্যর্থ হন। মোহিত উলভার বলে আউট হওয়ার আগে ২৩ বলে ১৬ রান করেন তিনি। তার ইনিংসে ছিল দুটি চার।

আরও পড়ুন: বিদায়ের হতাশায় গ্যালারিতে আগুন দিলেন বাংলাদেশের দর্শকরা

এরপর মানাল চৌহানের শিকার হয়ে ফেরেন আবদুল কাদির। তিনি ২৭ বলে ২০ রান করেন, যার মধ্যে ছিল দুটি চার ও একটি ছক্কা। ফলে ১২.৩ ওভারে ৫৫ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান।

ভারতের বোলাররা এরপর আরও চাপ সৃষ্টি করতে থাকে পাকিস্তানের উপর। কাব্য পারেশ প্যাটেলের বলে মাত্র ২ রান করে আউট হন অধিনায়ক ফারহান ইউসুফ। পরে চৌহান ফিরিয়ে দেন আহমেদ হুসাইনকে। তিনি ২৭ বলে ৮ রান করে বিদায় নেন। এতে ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

এমন সংকটময় পরিস্থিতিতে দলের হাল ধরেন হামজা ও হাসনাইন আব্বাস দার। তারা ষষ্ঠ উইকেটে ১০৭ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তাদের দৃঢ় ব্যাটিংয়ে পাকিস্তান ম্যাচে ফিরে আসে। চাপের মধ্যেও তারা দলকে ১৫০ রানের গণ্ডি পার করান।

এই জুটির মধ্যে হামজা যুব ওয়ানডেতে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন। অন্য প্রান্তে দারও অসাধারণ সহযোগিতা করেন।

আরও পড়ুন: বাবার মতোই আগ্রাসী ওপেনার, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শেবাগ-পুত্র আর্যবীরের রেকর্ড

৩৮তম ওভারে আবারও আঘাত হানেন চৌহান। ৬৭ বলে ৩৮ রান করা হাসনাইন আব্বাস দারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তিনি। তার ইনিংসে ছিল দুটি চার। পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬৮ রান।

এরপর মোহিত উলভার শিকার হয়ে ১৩ বলে ৪ রান করে ফেরেন মোহাম্মদ সাইয়াম। তবে হামজা এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে এগিয়ে নেন।

অবশেষে ১০৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১০০ রান করে দলকে জয় এনে দেন তিনি। তার অসাধারণ ইনিংসে ভর করে পাকিস্তান ভারতের বিপক্ষে একটি স্মরণীয় জয় পায়।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত শুরুতেই বিপাকে পড়ে। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই পাকিস্তানি পেসার আলী রাজার শিকার হন অধিনায়ক লক্ষ্ম্য রাইচান্দানি। কোনো রান না করেই তিনি ফিরে যান।

আরও পড়ুন: রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে সবই করব: কায়েস আহমেদ

শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই ভারত আরও দুই উইকেট হারায়। আলী রাজা ফিরিয়ে দেন ভিকে বিনীতকে। তিনি ২৯ বলে ৮ রান করেন। অন্যদিকে ১১ বলে ১ রান করা যশবর্ধন চৌহানকে ফেরান রিজওয়ানউল্লাহ। ফলে ১১.৪ ওভারে ২২ রানেই ৩ উইকেট হারায় ভারত।

এরপর ৩০ বলে ২২ রান করা আর্যবীর শেবাগকে ফেরান নিকাব শফিক। তার ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কা।

পঞ্চম উইকেটে অরুণ রাজপুত ও অন্বয় দ্রাবিড়ের জুটিতে ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তাদের ব্যাটিংয়ে ৫০ রানের গণ্ডি পেরোয় দলটি। তবে ১৬ বলে ১০ রান করা দ্রাবিড়কে ফিরিয়ে এই জুটি ভাঙেন নিকাব।

৭০ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অরুণ। মানাল চৌহানকে সঙ্গে নিয়ে ৬৪ রানের একটি জুটি গড়েন। এই জুটিতে অরুণ ছিলেন বেশি আক্রমণাত্মক, আর তাকে যোগ্য সঙ্গ দেন চৌহান। দুজনের ব্যাটিংয়ে ভারত ১৫০ রানের গণ্ডি পেরোয়।

আরও পড়ুন: শেহজাদের নেতৃত্বে বসুন্ধরা স্ট্রাইকার্স শিরোপা জিতেছে

এরপর যুব ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন অরুণ রাজপুত। তবে রিজওয়ানউল্লাহর বলে ১৯ বলে ১১ রান করা চৌহান আউট হলে ভাঙে তাদের জুটি।

এরপর সেট হয়ে যাওয়া অরুণকেও ফিরিয়ে দেন রিজওয়ানউল্লাহ। ৮৫ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ফিরে যান। তার বিদায়ে ৩৫.২ ওভারে ১৭০ রানে ৭ উইকেটে পরিণত হয় ভারত।

এরপর আলী রাজা নিজের তৃতীয় উইকেট হিসেবে ফেরান ১৪ বলে ৪ রান করা যশবীর গৌড়কে। নিকাব শফিকও পূর্ণ করেন নিজের তিন উইকেট। তার শিকার হন ১২ বলে ৭ রান করা মোহিত উলভা।

শেষদিকে কাব্য পারেশ প্যাটেলকে ৪৫ বলে ২৩ রানে ফিরিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন মোহাম্মদ সাইয়াম। তার ইনিংসে ছিল একটি চার।

আরও পড়ুন: ২০৩১ সাল পর্যন্ত নয়টি দল নিয়ে চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের হয়ে আলী রাজা, রিজওয়ানউল্লাহ ও নিকাব শফিক প্রত্যেকেই ৩টি করে উইকেট নেন। বাকি একটি উইকেট পান মোহাম্মদ সাইয়াম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ১০ টন চাল আত্মসাতের ঘটনায় ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


সাতক্ষীরায় ১০ টন চাল আত্মসাতের ঘটনায় ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ

সাতক্ষীরা, ৮ নভেম্বর, ২০২৬ : ভোমরা স্থলবন্দর থেকে প্রতারণার মাধ্যমে ১০ টন চাল আত্মসাতের অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

আজ রোববার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে, গত শুক্রবার চট্টগ্রামের তিনটি থানা এলাকা এবং কুমিল্লার দেবীদ্বার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চাল পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরাজ মিয়া (৫৫), দেবীদ্বার উপজেলার উজানীকান্দি গ্রামের খলিল (৪৭), একই উপজেলার উজানীজোড়া গ্রামের মো. রফিক (৪৪) এবং ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ সৈয়দপুর গ্রামের হাবিবুর রহমান (৫০)।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১০ মে বিকেল ৫টার দিকে ভোমরা স্থলবন্দরের মুকুল এন্টারপ্রাইজের গুদামের সামনে থেকে ভারত থেকে আমদানি করা ২০০ বস্তা চাল (১০ টন) একটি ট্রাকে তোলা হয়।

চালগুলো যশোরের নওয়াপাড়ার এমবিকে এন্টারপ্রাইজের ব্যবস্থাপকের কাছে পৌঁছানোর কথা ছিল। ট্রাকের চালক সিরাজ মিয়া চাল নিয়ে রওনা হলেও নির্ধারিত গন্তব্যে তা পৌঁছায়নি।

এ ঘটনায় সাতক্ষীরার জান্নাত ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবস্থাপক সাধন দাস গত ১৭ মে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাকিল জোয়ার্দার প্রথমে মাগুরার শালিখা থেকে সোহাগ হোসেন নামে একজনকে গ্রেফতার করেন। পরে তদন্তের দায়িত্ব পান উপ-পরিদর্শক সমীর গাইন।

তার নেতৃত্বে গত শুক্রবার চট্টগ্রামের কোতোয়ালি, বায়েজীদ বোস্তামী ও বাকলিয়া থানা এলাকা এবং কুমিল্লার দেবীদ্বার থেকে চারজনকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থেকে জব্দকৃত ট্রাকটির নম্বর প্লেট পরিবর্তন করা ছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার চারজন এবং জব্দকৃত ট্রাকটি গতকাল শনিবার সাতক্ষীরা সদর থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


বরিশালে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক নেতা আটক

বরিশালের উজিরপুরে নারীদের অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন ওরফে মিঠুকে আটক করা হয়েছে। স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে।

গত শনিবার (৭ নভেম্বর) রাতে উজিরপুর পৌর এলাকায় এই ঘটনা ঘটে। এরপর রোববার (৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বায়েজিদ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নারীদের অজান্তে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এসব ভিডিও ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেইল ও অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পৌর এলাকার এক প্রতিবেশী নারী বাথরুমে গেলে বায়েজিদ হোসেন ভেন্টিলেটরের ফাঁক দিয়ে তার গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারীর নজরে আসলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে বায়েজিদকে হাতেনাতে আটক করেন। এ সময় স্থানীয়রা তার ব্যবহৃত মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও দেখতে পান। পরে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন (৭০) বলেন, ‘শনিবার রাতে এক গৃহবধূর বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণের সময় বিষয়টি ওই গৃহবধূর নজরে আসে। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা গিয়ে তাঁকে আটক করেন।’

খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বায়েজিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তার ব্যবহৃত মুঠোফোনের গ্যালারিতে অসংখ্য আপত্তিকর ও পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘বায়েজিদ হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

দল থেকে বহিষ্কার

এদিকে রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বায়েজিদ হোসেন মিঠুকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব মো. কামরুল আহসান এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে থাকা দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলে বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলা, উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


বাউফলে বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলা, উত্তেজনা

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাউফল বাজার রোডে আল-ফাহাদের সামনে এ হামলা সংঘটিত হয়।

বিএনপির সদস্য সচিব ফিরোজ অভিযোগ করেছেন যে, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বারের ছেলে সাদিকের নেতৃত্বে ১২ থেকে ১৩ জন কিশোর গ্যাংয়ের সদস্য তার ওপর হামলা চালায়।

তিনি বাউফল থানায় একটি এজাহার দাখিল করেছেন এই বিষয়ে। হামলাকারীরা তার শার্টের কলার ধরে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তাকে রাস্তায় ফেলে দেয়। ফিরোজ জানান, হামলার সময় তার পকেটে থাকা ৬০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিএনপি নেতা ফিরোজকে উদ্ধার করে বাউফল থানায় নিয়ে যায়। হামলার পর হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি হাসপাতাল রোড এলাকা অতিক্রম করার সময় আলতাব হোসেন মেম্বার ব্যানারের সামনে চলে আসলে আপেল মাহমুদ ফিরোজ তাকে পেছনে যাওয়ার নির্দেশ দেন। এ সময় আলতাব উত্তেজিত হলে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই ঘটনার ফলস্বরূপ রাতে বিএনপির সদস্য সচিব আপেল ফিরোজের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

দাসপাড়া বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বারের মোবাইলে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি রাত পৌনে ৮টার দিকে বাজার রোড এলাকায় গরিবদের জন্য চাল কিনতে যাচ্ছিলেন। সাদিকের নেতৃত্বে ১২ থেকে ১৩ জন কিশোর গ্যাংয়ের সদস্য তার ওপর হামলা করে এবং শার্টের কলার ধরে কিল-ঘুষি মারে এবং টেনে রাস্তায় ফেলে দেয়। সাদিক মাদক ব্যবসায়ী এবং একটি কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, ‘পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।’

এদিকে, বিএনপির সদস্য সচিব আপেল ফিরোজের ওপর হামলার ঘটনায় থানার সামনে কয়েক শ নেতাকর্মী জড়ো হন। শহরে উত্তেজনা বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক বলে অভিমত প্রকাশ করেছেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি উল্লেখ করেছেন, শ্রমিকদের আন্দোলনের পূর্বেই সরকার মজুরি বৃদ্ধির প্রক্রিয়া শুরু করে। শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিয়ে একটি নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনের দাবি যৌক্তিক। সরকার বিষয়টি নিয়ে তাদের আন্দোলনের আগেই কাজ শুরু করেছিল। যেহেতু তিনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, শ্রম মন্ত্রণালয়ের কমিটিতে আছেন, তাই তিনি বিষয়টি সম্পর্কে অবগত। সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছিল।

তিনি আরও বলেন, শ্রমিকরা তাদের দাবি জানিয়েছে এবং সরকার সেটিকে গুরুত্ব সহকারে নিয়েছে। নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিক আন্দোলন বন্ধ হয়ে গেছে। কারণ সরকারের প্রতি শ্রমিকদের আস্থা রয়েছে।

দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনৈতিক শক্তির দেশে ফিরে আসা ও রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, যারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়েছে, তাদের দেশে ফিরে আসা কিংবা রাজনীতিতে কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে জনগণ যদি সরকারের পাশে থাকে, তাহলে এসব অপশক্তি মোকাবেলা করা সম্ভব হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, জনগণের আন্দোলনে পরাজিত ফ্যাসিবাদী শক্তি যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে সরকারি ও বিরোধীদলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে তা মোকাবেলা করবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শক্তির অত্যাচার ও নিপীড়নে দেশের মানুষ নির্যাতিত হয়েছে। অনেক মানুষ দেশে থাকতে পারেনি, ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারেনি। গণঅভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না, এটি ছিল রাজনৈতিক দল, ছাত্র ও জনতার সম্মিলিত আন্দোলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%