ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ১০ জেলে অপহরণের শিকার


সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ১০ জেলে অপহরণের শিকার

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জলদস্যুরা ১০ জেলেকে অপহরণ করেছে মুক্তিপণের দাবিতে। অপহৃত জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুন্দরবনের আমির আলী ও আলম সানার নেতৃত্বে দুটি জলদস্যু বাহিনী এই অপহরণ ঘটিয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত সুন্দরবনের নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদী এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেদের মধ্যে আছেন শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ, ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী, সিংহড়তলী গ্রামের সুরাত আলী এবং কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।

আরও পড়ুন: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

অপহৃত জেলেদের পরিবারের সদস্য এবং অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা কয়েকজন জেলে জানিয়েছেন, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে ছিলেন। সেখান থেকে একজন করে জেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তির জন্য ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানিয়েছেন, তিনি বন থেকে ফিরে আসা জেলেদের মাধ্যমে অপহরণের বিষয়টি জানতে পেরেছেন। বন বিভাগের টহল দল সুন্দরবনের ভেতরে অভিযান চালাচ্ছে। তবে বিশাল বনাঞ্চলে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা বন বিভাগের একার পক্ষে কঠিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় প্রকাশিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে রয়েছেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) এবং নাজমুস সাদ (৩৩)।

রেজাউল করিম নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত কফিরউদ্দিন প্রামানিক। বর্তমানে তিনি ঢাকার ফকিরাপুল এলাকায় বসবাস করছেন।

সোহেল রানার স্থায়ী ঠিকানা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার খুটিপাড়া গ্রামে অবস্থিত। তার বাবার নাম মো. ইদ্রিস আলী।

অন্যদিকে, নাজমুস সাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের নিজামুল হকের পুত্র।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

এর আগে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের পৃথক পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নীলক্ষেত, সিনেট ভবনের সামনে, টিএসসি এলাকায় দুটি এবং শাহবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় উপস্থিত লোকজন তাদের আটক করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি গণেশ চদ্র রায় সাহস মন্তব্য করেন, "নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের এ ধরণের কর্মকাণ্ডে প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল। সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সেজন্য ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য তারা পেয়েছেন। টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, "কেউ গুরুতর আহত হননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে।"

আটক ব্যক্তিদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বপ্ন প্রথম টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


স্বপ্ন প্রথম টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করল

দেশের বৃহত্তম খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন প্রথমবারের মতো টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে টেকসই কৃষি, দায়িত্বশীল পণ্য সংগ্রহ, পরিবেশ সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ‘লিডিং চেঞ্জ, নারচারিং টুমরো’ শীর্ষক এই প্রতিবেদনে ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ নামে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, কূটনীতিক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ এবং স্বপ্নের সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত সারা দেশে স্বপ্নের আউটলেটের সংখ্যা ৬৮৫টি ছিল। এই আউটলেটগুলো প্রতিদিন ১ লাখ ৪৪ হাজারের বেশি পরিবারকে সেবা প্রদান করেছে। এছাড়া, স্বপ্নে কর্মরত ৮ হাজার ৫০০ জনের বেশি কর্মী ছিলেন, যাঁদের মধ্যে ১৯ শতাংশ নারী।

কৃষকদের সহায়তা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং কর্মসংস্থান সৃষ্টিতে স্বপ্নের অগ্রগতি প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্বশীল ভোগ ও উৎপাদন, টেকসই কৃষি, শোভন কর্মসংস্থান এবং পরিবেশ সুরক্ষায় প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে টেকসই উন্নয়ন নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান, বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার ইয়োশিদা আয়া, এসিআই পিএলসির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন এবং প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ফারুক সোবহান। তিনি বাংলাদেশের বেসরকারি খাতে টেকসই উন্নয়ন নিয়ে ক্রমবর্ধমান উদ্যোগে আশাবাদ প্রকাশ করে বলেন, "নানা চ্যালেঞ্জ ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।"

তিনি আরও বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেসরকারি খাতকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহার এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে স্বপ্নের উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ শুধু নিয়ম মেনে চলার বিষয় নয়; ব্যবসায় স্বচ্ছতা, জবাবদিহি ও আস্থা তৈরিরও গুরুত্বপূর্ণ মাধ্যম।"

ইয়োশিদা আয়া বলেন, "খুচরা বিক্রয় খাতে খাদ্য অপচয় রোধ একটি বড় চ্যালেঞ্জ। অনেক পণ্য বিক্রি না হওয়ায় নষ্ট হয়ে যায়। এ অপচয় কমাতে কার্যক্রমের সমস্যাগুলো চিহ্নিত করা এবং উন্নতির সুযোগ খুঁজে বের করা জরুরি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও এটি গুরুত্বপূর্ণ। স্বপ্নের এ উদ্যোগ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আলোচনা ও সহযোগিতার সুযোগ তৈরি করবে, যা টেকসই ব্যবসায়িক কার্যক্রম গড়ে তুলতে সহায়তা করবে।"

ড. আরিফ দৌলা বলেন, "কৃষকদের ন্যায্যতা ও ভালো সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল। শুরু থেকেই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়াতে প্রতিষ্ঠানটি ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াচ্ছে। এ প্রযুক্তির মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং মানুষের জীবনমান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হচ্ছে। প্রযুক্তি কাজে লাগিয়ে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক খুচরা বিক্রয় খাত গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।"

কেনিচিরো কাওয়ামোতো বলেন, "দীর্ঘমেয়াদে ব্যবসার সফলতার জন্য টেকসই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসিআই ও স্বপ্ন সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সচেতনতা তৈরি এবং টেকসই ব্যবসায়িক চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বপ্নের প্রথম টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ।"

ফারজানা চৌধুরী বলেন, "অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং মানুষের জীবনে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে টেকসই উন্নয়ন জরুরি। বিশেষ করে কৃষিবিমা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন সেবায় প্রবেশাধিকার বাড়ানোর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এসব উদ্যোগ বিস্তৃত করতে শক্তিশালী অংশীদারত্ব ও স্বচ্ছ প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

শাহামিন এস জামান বলেন, "দেশের খুচরা বিক্রয় খাতের উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং অর্থনীতিতে মূল্য সংযোজনে স্বপ্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রথম টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশের জন্য প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তথ্যভিত্তিক এ প্রতিবেদন স্বপ্নের বর্তমান অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যতে টেকসই উন্নয়নের অগ্রগতি পরিমাপে সহায়ক হবে।"

এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, "বাংলাদেশের খুচরা বিক্রয় খাতের ভবিষ্যৎ নির্ভর করবে অতীতের অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ওপর। গ্রাহক, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম যেন সম্মিলিত এ অগ্রযাত্রা নিয়ে গর্ব করতে পারে, সেভাবেই এগিয়ে যাওয়ার লক্ষ্য তাঁদের।"

অনুষ্ঠানে ‘ফ্রম সয়েল টু সোল: স্বপ্ন’স সাসটেইনেবিলিটি জার্নি’ শীর্ষক একটি ভিডিও প্রদর্শন করা হয়। এর আগে বক্তব্য দেন এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) পরিচালক, বিপণন ও প্রবৃদ্ধি বিভাগের মো. মাহাদি ফয়সাল। ভিডিওতে কৃষক, স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে স্বপ্নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

স্বপ্নের সঙ্গে যুক্ত কৃষক, কর্মী, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের অংশগ্রহণে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার করার পাশাপাশি দেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক খুচরা বিক্রয় খাত গড়ে তুলতে অবদান রাখার প্রত্যাশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘অনুপ্রবেশ’ আতঙ্কে ভোগা শুভেন্দুর দাবি, ‘সীমান্তে ওত পেতে রয়েছে বাংলাদেশিরা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


‘অনুপ্রবেশ’ আতঙ্কে ভোগা শুভেন্দুর দাবি, ‘সীমান্তে ওত পেতে রয়েছে বাংলাদেশিরা’

পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশিরা ওত পেতে রয়েছে। তিনি মন্তব্য করেন যে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সামান্য অসতর্কতার সুযোগ নিতেই তারা এই অবস্থায় রয়েছে।

রোববার, তিনি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের ৭৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনকালে এই বিতর্কিত মন্তব্য করেন। বাংলাদেশ-বিদ্বেষী শুভেন্দুর এই বক্তব্যের প্রেক্ষিতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী যেভাবে সাধারণত নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে উৎসব কাটান, ঠিক সেই পদাঙ্ক অনুসরণ করে দীপাবলির সময় সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সীমান্তে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি ইছামতি নদীতে স্পিডবোটে চড়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।

সীমান্ত পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শুভেন্দু বলেন, "আমি নিজে শেষ ভাসমান আউটপোস্টে গিয়ে বাইনোকুলার দিয়ে পুরো এলাকা স্ক্যান করেছি। ওপারের বাংলাদেশ অংশে আপাতদৃষ্টিতে কিছু দেখা না গেলেও তারা ওত পেতে বসে রয়েছে। বিএসএফ-এর নজর একটু এদিক-ওদিক হলেই তারা মুহূর্তের মধ্যে সীমান্ত পার হয়ে এপারে প্রবেশ করার ফিকিরে আছে।"

তিনি কথিত অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জানান যে, রাজ্য থেকে একজন অনুপ্রবেশকারীকেও ছাড় দেওয়া হবে না। বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে ইতিমধ্যে সীমান্তজুড়ে ১৫ কিলোমিটার দীর্ঘ এলাকায় চিরুনি তল্লাশি ও বিশেষ অভিযান চলছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, শুভেন্দুর এই মন্তব্যের বিরুদ্ধে বিরোধী শিবির তীব্র সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্ত সুরক্ষা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের মতো বিষয়গুলো সম্পূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফের আওতাধীন। দলটি দাবি করেছে যে, এককভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন দিঠি আনোয়ার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন দিঠি আনোয়ার

দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবিকা দিঠি আনোয়ার ‘কবি নজরুল একাডেমি চট্টগ্রাম’-এর উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্মাননা গত ৬ নভেম্বর চট্টগ্রামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে প্রদান করা হয়। অনুষ্ঠানে দিঠি আনোয়ারের সঙ্গে দেশের খ্যাতনামা নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরাসহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর দিঠি আনোয়ার তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘কবি নজরুল একাডেমি চট্টগ্রামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আমাকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করায় আমি সত্যিই ভীষণ আনন্দিত এবং গর্বিত। মাঝে মাঝে এখন মনে হয়, একজন শিল্পী হিসেবে আমি আজ সার্থক; কারণ এত এত প্রাপ্তি জীবনে যোগ হচ্ছে, যা মাঝে মাঝে বিশ্বাসই হয় না। কিছুদিন আগে ফিল্ম সার্টিফিকেশন বোর্ডেরও মেম্বার হলাম, ঠিকঠাক দায়িত্ব পালন করছি। আবার নিয়মিত গানও করছি, করছি সমাজসেবাও। সব মিলিয়েই আমি আমার ওপর অর্পিত সকল দায়িত্ব শতভাগ পালন করছি।’

এদিকে, সম্প্রতি রাজধানীর ক্যান্টনম্যান্ট এলাকায় চিত্রনায়ক রাজ্জাকের নাতির বিয়েতে উপস্থিত ছিলেন দিঠির মা জোহরা গাজী। তিনি মেয়ের কর্মব্যস্ততা নিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, দিঠি এখন এত ব্যস্ত যে মাঝে মাঝে আমি আমার কাজেও তাকে পাই না। এটা অবশ্য আমার জন্য অনেক ভালোলাগার। সে ব্যস্ত থাকলেই আমার আনন্দ। সারাটা জীবন তার বাবাও ভীষণ ব্যস্ত ছিলেন। ব্যস্ততাই আসলে প্রকৃত সুস্থতা।’

সঙ্গীত অঙ্গনেও নিয়মিত সরব রয়েছেন দিঠি আনোয়ার। কিছুদিন আগে শিল্পী মনির খানের সঙ্গে তার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন মৌলিক গান ‘তুমি আমায় আপন করিয়া’। গানটির কথা লিখেছেন রাসেল কবির এবং সুর করেছেন ম খান। এছাড়া গতকাল সকালে চ্যানেল আইয়ের এক্সক্লুসিভ অনুষ্ঠানে অপু আমানের সঙ্গে সরাসরি সঙ্গীত পরিবেশন করেন এই শিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%