০৫:৩৯ পি.এম
বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং মাঠে মিডফিল্ডারদের প্রকৃত অবদান সম্পর্কে ভক্ত-সমর্থকদের ভুল ধারণার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি আক্রমণাত্মক তৃতীয়াংশে নিজের ভূমিকা না রাখা বা অনেক সময় ম্যাচে নিজের উপস্থিতি কম থাকার মতো পুরনো সমালোচনার জবাব দিতে গিয়ে এবার সরাসরি ফুটবল সমর্থকদের ম্যাচ বোঝার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার স্পষ্টভাবে বলেছেন, “মানুষ আসলে ঠিকমতো ম্যাচ দেখে না। খুব কম মানুষই পুরো ৯০ মিনিট ধরে ম্যাচ উপভোগ করে।”
মাঠের ভেতরের ট্যাকটিক্যাল লড়াই এবং অদৃশ্য অবদান সাধারণ দর্শকের চোখে ধরা পড়ে না উল্লেখ করে ডি ইয়ং আরও যোগ করেছেন, “মাঠে ঠিক কী ঘটছে বা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, সাধারণ দর্শকরা তা বোঝেন না। তাদের কাছে একজন খেলোয়াড়কে মূল্যায়ন করার সবচেয়ে সহজ উপায় হলো সে কয়টি গোল করল বা কয়টি অ্যাসিস্ট করল, সেদিকে তাকানো। আর স্বাভাবিকভাবেই আমার (মিডফিল্ডার) ক্ষেত্রে সেই সংখ্যাগুলো অনেকটাই কম।”
আরও পড়ুন: আজকের খেলা: ১২ নভেম্বর ২০২৬
এছাড়া, সাবেক আয়াক্স তারকা ডি ইয়ং সবসময়ই দাবি করে এসেছেন যে, যারা ফুটবল সত্যিকারের অর্থে বোঝেন, তারা প্রতি সপ্তাহে মাঠে তার পরিবেশন করা “অদৃশ্য ও ট্যাকটিক্যাল” কাজগুলো ঠিকই উপলব্ধি করতে পারেন। গোল বা অ্যাসিস্টের ঝলক না থাকলেও দলের ভারসাম্য রক্ষায় তার মতো মিডফিল্ডারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা স্মরণ করিয়ে দেন এই বার্সেলোনা তারকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন