০৫:৪২ পি.এম
রাজধানীর চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) অতিরিক্ত তাপে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া নবজাতক মারা গেছে। শিশুটি বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে।
ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের এনআইসিইউতে শিশুটি লাইফ সাপোর্টে ছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, নবজাতকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর চিকিৎসকেরা তাকে এনআইসিইউতে রাখার পরামর্শ দেন। কিন্তু ঢামেক হাসপাতালে এনআইসিইউতে শয্যা খালি না থাকায় হাসপাতালের মতিউর নামের এক ব্যক্তির পরামর্শে শিশুটিকে চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে রায় ১৯ নভেম্বর
শিশুটির বাবা গোলাম রাব্বানী অভিযোগ করেছেন, রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর অতিরিক্ত তাপের কারণে তার সন্তানের মাথা, পিঠ ও পায়ের কিছু অংশ পুড়ে যায়। এ সময় হাসপাতালের ভেতরে চিৎকার শুনে আগুন লাগার বিষয়টি তারা জানতে পারেন। পরে হাসপাতালটিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
গোলাম রাব্বানী জানান, শিশুটিকে পরে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনআইসিইউতে লাইফ সাপোর্টে রেখে তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন