০৫:৪২ পি.এম
প্রায় তিন বছর আগে রাজধানীর দক্ষিণখানে কানাডায় বসবাসকারী এক নারীকে হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনায় তার স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন।
এই আদেশটি দেন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম। আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিচার শুরু হওয়া আসামিদের মধ্যে রয়েছেন নিহত আফরোজার স্বামী আশরাফুল, শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার এবং খালাশাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার
আসামিদের মধ্যে আশরাফুল বর্তমানে কারাগারে আছেন। শুনানির পূর্বে তাকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা জামিনে থেকে আদালতে উপস্থিত ছিলেন। এদিন আদালতে অভিযোগ পড়ে শোনানোর পর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রত্যাশা করেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছিল। পরে ওই তারিখ পিছিয়ে ১৯ অক্টোবর এবং পরবর্তীতে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৬ মে রাজধানীর দক্ষিণখানের নদ্দায় স্ত্রী মোছা. আফরোজাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আশরাফুলসহ অন্যান্য আসামিরা। এ ঘটনার পর আফরোজার ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন।
আরও পড়ুন: মা প্যারালাইজড, বাবা হাসপাতালে; ১৩ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা
মামলার তথ্য অনুযায়ী, আফরোজাকে হত্যার পর আশরাফুল কানাডায় চলে যান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন