ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রসৈকত বন্ধ


ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রসৈকত বন্ধ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উম্ম আল কুয়াইন উপকূলে একটি তেলবাহী ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ার কারণে সমুদ্র দূষণের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ এ ঘটনায় দূষণ নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সব সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয় জানায়, তাদের কারিগরি পর্যবেক্ষণ ও পরিবেশগত মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে এমবি ইবা নামের ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি শনাক্ত করা হয়। এরপর স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের সমন্বয়ে দূষণ নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু হয়।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দূষণ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দূষণ নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘিরে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মামলা

এদিকে শারজাহ ও আজমানেও তেলের গন্ধ পাওয়ার খবর পাওয়া গেছে। তবে মন্ত্রণালয় বাসিন্দাদের আশ্বস্ত করেছে যে, এ গন্ধে তাদের স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই।

কর্তৃপক্ষ জানায়, উম্ম আল কুয়াইনের সৈকত ও উপকূলীয় এলাকাগুলো কারিগরি দলগুলোর মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। জননিরাপত্তা এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের পর এসব এলাকা পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দূষণের ক্ষয়ক্ষতি কমাতে ইতোমধ্যে তেল অপসারণ ও পরিবেশ পুনরুদ্ধারের কাজ চলছে। পাশাপাশি উপকূলজুড়ে জরিপ, নিয়মিত পর্যবেক্ষণ এবং কারিগরি মূল্যায়নের মাধ্যমে দূষণের বিস্তৃতি ও সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর এর প্রভাব নিরূপণ করা হচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে তেল দূষণ নিয়ে উদ্বেগ

আরও পড়ুন: মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলে অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম সফল উড্ডয়ন

উপসাগরীয় অঞ্চলে চলতি বছর তেল ছড়িয়ে পড়ার একাধিক ঘটনার পর নতুন এই দূষণ সামুদ্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর ওই অঞ্চলে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এবং ট্যাংকারে হামলার ঘটনাও বেড়েছে।

গত জুনে ক্যারোলিন বেজেঙ্গি নামের একটি ট্যাংকার ওমানের হালানিয়াত দ্বীপপুঞ্জের কাছে আটকে গিয়ে দেশটির দক্ষিণ উপকূলের পানিতে রুশ অপরিশোধিত তেল ছড়িয়ে দেয়। আগস্টের মাঝামাঝি সময়ে স্যাটেলাইট চিত্রে দেখা যায়, তেল ছড়িয়ে উপকূলের প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।

এছাড়া গত ৩ আগস্ট হরমুজ প্রণালির কাছে মিনোয়ান পাইওনিয়ার নামের একটি পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের কেশম দ্বীপেও তেল দূষণ ছড়িয়ে পড়ে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র অনুযায়ী, কেশম ও পার্শ্ববর্তী হেঙ্গাম দ্বীপের কাছে প্রায় ১০০ বর্গকিলোমিটার জলভাগে তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছিল।

জাতিসংঘ বিশ্ববিদ্যালয় সতর্ক করে বলেছে, এ ধরনের তেল দূষণের পরিবেশগত প্রভাব দীর্ঘ সময় স্থায়ী হতে পারে। তেল উৎসস্থল থেকে বহুদূরে ছড়িয়ে পড়তে পারে এবং দৃশ্যমান তেলের আস্তরণ মিলিয়ে যাওয়ার পরও ম্যানগ্রোভের শিকড় ও উপকূলীয় পলিতে আটকে থাকতে পারে।

আরও পড়ুন: করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে থাকা ৬ ভারতীয় নাবিকের জন্য পাকিস্তানের সহায়তা চায় দিল্লি

উম্ম আল কুয়াইনে চলমান পরিচ্ছন্নতা অভিযান ও সামুদ্রিক জরিপের মাধ্যমে সর্বশেষ দূষণের প্রকৃত বিস্তৃতি এবং পরিবেশগত ক্ষতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: এএনআই ও ইকোনমিক টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশি

ইউরোপের তিনটি দেশ, ইতালি, গ্রিস এবং সাইপ্রাস, থেকে ৩৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তারা ঢাকায় পৌঁছান। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৯ জন ইতালি, ১০ জন গ্রিস এবং ৬ জন সাইপ্রাস থেকে রয়েছেন।

ঢাকার ইতালি দূতাবাস এক ঘোষণায় জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের তত্ত্বাবধানে শুক্রবার এই প্রত্যাবাসন ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মাধ্যমে তিনটি দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ইউরোপে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল এবং বৈধ অভিবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

দূতাবাস আরও জানায়, যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী, দালাল বা চোরাকারবারিদের অর্থ প্রদান করা অবৈধ। এ ধরনের পদক্ষেপের ফলস্বরূপ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে এবং শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী সেলিম হাওলাদার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


মাদারীপুরে পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী সেলিম হাওলাদার নিহত

মাদারীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম মাদারীপুর পৌরসভার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের পুত্র। তিনি পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল মেট্রো নামে একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সেলিম নিজ মালিকানাধীন প্রাইভেটকার চালিয়ে কালকিনির ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন। তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার কাজে নিয়োজিত পার্কিং করা হাইওয়ে পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে সেলিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, শুক্রবার সকালে নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামান্তা শারমিনের পদাবনতি: পুনর্গঠিত এনসিপিতে কার স্থান কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


সামান্তা শারমিনের পদাবনতি: পুনর্গঠিত এনসিপিতে কার স্থান কোথায়?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. নাহিদ ইসলাম আহ্বায়ক পদে এবং আখতার হোসেন সদস্যসচিব পদে পুনর্বহাল রয়েছেন। তবে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার পদ-পদবিতে পরিবর্তন ঘটেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এনসিপির দফতর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সিই দ্বারা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পৌনে দুই বছর পার হলেও দলটি এখনও জাতীয় সম্মেলন করতে সক্ষম হয়নি। তবে দলের কৌশলগত অবস্থান ও অভ্যন্তরীণ রাজনীতিতে গতি ফিরিয়ে আনতে শীর্ষ দলীয় পদে কিছু পরিবর্তন করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ নিয়োগ পেয়েছেন। এর আগে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, দলের সাবেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সাবেক মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নতুন কমিটিতে ‘সিনিয়র যুগ্ম সদস্যসচিব’ পদে পদায়ন করা হয়েছে।

জুলাইয়ের অভ্যুত্থান-পরবর্তী সময়ে এনসিপির অন্যতম নীতিনির্ধারক নেতা সামান্তা শারমিন, যিনি শুরুতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন, পুনর্গঠিত কমিটিতে তাকে কেবল যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।

এনসিপির ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সমন্বয় ও বিভিন্ন বিভাগীয় ও সম্পাদকমণ্ডলীর পদেও নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে:

যুগ্ম আহ্বায়ক: অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা।

যুগ্ম সদস্যসচিব: আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

সম্পাদকমণ্ডলী: আন্তর্জাতিক সম্পাদক তাহসীন রিয়াজ (সহ-আন্তর্জাতিক: আশরেফা খাতুন), দফতর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা (সহ-দফতর: ইফতেখারুল ইসলাম), আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা (সহ-আইন: অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ), প্রচার সম্পাদক জয়নাল আবেদীন শিশির (সহ-প্রচার: মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন), এবং শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত (সহ-শিক্ষা: সাকিব শাহরিয়ার)।

অন্যান্য বিষয়ভিত্তিক সম্পাদক: নারীবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত, ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, গণশিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান, সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল, তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেল উল আলম, এবং প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: ঢাকা বিভাগ (উত্তর)-এ সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ)-এ এ এস এম সুজাউদ্দীন, রাজশাহী বিভাগে ইমরান ইমন, চট্টগ্রাম বিভাগ (উত্তর)-এ নাভিদ নওরোজ শাহ, রংপুর বিভাগে ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, সিলেট বিভাগে প্রকৌশলী কামরুল আরিফ, খুলনা বিভাগে শাহরিন ইরা, বরিশাল বিভাগে ড. শামীম হামিদী, ময়মনসিংহ বিভাগে মিয়াজ মেহেরাব তালুকদার, এবং ঢাকা বিভাগ (দক্ষিণ)-এ আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া ডায়াস্পোরা সাংগঠনিক সম্পাদক হিসেবে রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজাকে নিয়োগ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে এনসিপি তাদের তৃণমূল সংগঠন ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি জোরদার করার লক্ষ্যে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের দাবি, ১১ দলীয় ঐক্য ভাঙার খবর ভিত্তিহীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


জামায়াতের দাবি, ১১ দলীয় ঐক্য ভাঙার খবর ভিত্তিহীন

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে যে, হেফাজতে ইসলামের উদ্যোগে সমমনা সাত দলের নতুন জোট গঠনের পর ‘১১ দলীয় ঐক্য ভেঙে গেছে’ বা ‘দলগুলো বেরিয়ে গেছে’ বলে যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ১১টি দল রয়েছে এবং ভবিষ্যতেও তারা থাকবে।

শুক্রবার বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি এই কথা বলেন।

তিনি আরও জানান, যারা কওমি ধারার সাত দলের বৈঠক বা অন্যান্য জোটে অংশগ্রহণ করেছেন, তারা আজও ১১ দলের প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন। তাদের এই সশরীরে উপস্থিতি প্রমাণ করে যে, জোট অটুট রয়েছে এবং এতে কোনো ফাটল ধরেনি। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে যে ঐক্য গড়ে উঠেছে, তা নিয়েই ১১ দল সামনের দিকে এগিয়ে যাবে।

হামিদুর রহমান আযাদ বলেন, সরকার জনগণের গণরায়কে উপেক্ষা করে সংসদীয় গণতন্ত্রের ওপর চপেটাঘাত করছে। সংবিধান সংশোধন কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই ক্ষমতায় এসেছে বিএনপি। উল্টো আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে মিথ্যাচার করছে তারা।

প্রতিযোগিতার ভিত্তিতে এখন দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে যদি ইঞ্জিনিয়ারিং করা হয়, তবে সরকারের পরিণতি খারাপ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%