ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলিতে মা-ছেলেসহ ৪ জন নিহত


মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলিতে মা-ছেলেসহ ৪ জন নিহত

ভারতের মণিপুরে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। রাজ্যের উখরুল জেলায় একটি জাতীয় সড়কে যাত্রীবাহী দুটি গাড়ির দিকে গুলি চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এই হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে এক মা ও তার ছেলে এবং এক ভাই-বোন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উখরুল জেলার লিতান থানার নিউ হেভেন এলাকায় জাতীয় সড়ক-২০২-এ এ হামলার ঘটনা ঘটে। সড়কটি ইম্ফল ও উখরুলের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বলে পরিচিত।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে উখরুল থেকে ইম্ফলের দিকে যাচ্ছিল যাত্রীবাহী দুটি গাড়ি। এর মধ্যে একটি মারুতি সুইফট এবং অন্যটি বোলেরো পিকআপ ছিল। পথে সশস্ত্র হামলাকারীরা গাড়ি দুটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলে চার যাত্রী প্রাণ হারান।

আরও পড়ুন: মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলে অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম সফল উড্ডয়ন

হামলার পর গাড়ি দুটির সামনের কাচে একাধিক গুলির চিহ্ন দেখা যায়। পরে নিহতদের লাশ উদ্ধার করে উখরুল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ও অসম রাইফেলসের সদস্যরা। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে আশপাশের পাহাড়ি এলাকা এবং সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে উখরুলের এ হামলার মাত্র এক দিন আগে রাজ্যের কাঙপোকপি ও সেনাপতি জেলার সীমান্তবর্তী এলাকায় গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক নারী নিহত এবং আরও দুজন আহত হন। পরপর এসব হামলায় মণিপুরের পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। এ সংঘাতের ফলে রাজ্যটিতে বারবার সহিংসতা, প্রাণহানি ও জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। নতুন করে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে চার বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

আরও পড়ুন: করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে থাকা ৬ ভারতীয় নাবিকের জন্য পাকিস্তানের সহায়তা চায় দিল্লি

বিশেষ করে ব্যস্ত সড়কে যাত্রীবাহী গাড়িতে এমন হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি জাতীয় সড়কে নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধান ও হুথিদের সামরিক অভিযান বন্ধের আহ্বান যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধান ও হুথিদের সামরিক অভিযান বন্ধের আহ্বান যুক্তরাজ্যের

যুক্তরাজ্য ইয়েমেনের চলমান সংকটের কূটনৈতিক সমাধানের জন্য আহ্বান জানিয়েছে। একইসাথে, লন্ডন হুথিদের প্রতি দেশটিতে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়। সংকট সমাধানে জাতিসংঘের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ায় সমর্থন প্রদান করার জন্যও গোষ্ঠীটির প্রতি অনুরোধ করা হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি এই বিষয়গুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইয়েমেনে নতুন সংঘাতের সূচনা হওয়ায় দেশটির মানবিক সংকট আরও গভীরতর হয়েছে। এর ফলে ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিনিধি জানান, হুথিদের অব্যাহত অবরোধের কারণে ইয়েমেনের তাইজ শহরে খাদ্যের দাম অন্তত ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায়, দ্রুত এবং বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এছাড়া, জাতিসংঘ ও মানবিক সহায়তা সংস্থার কর্মীদের আটক রাখার ঘটনায় যুক্তরাজ্য হুথিদের নিন্দা জানিয়েছে। আটক অবস্থায় জাতিসংঘের কর্মী মোহাম্মদ আল-শামির মৃত্যুর ঘটনায় একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে দেশটি।

নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি বলেন, ‘ইয়েমেনের পরিস্থিতির কূটনৈতিক সমাধান প্রয়োজন।’

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধানে যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতা হতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং ইয়েমেনের জনগণের নেতৃত্বে ও মালিকানায় পরিচালিত।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান সংস্কারে ১১ দলের বিরোধী কমিটি, বিএনপির আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


সংবিধান সংস্কারে ১১ দলের বিরোধী কমিটি, বিএনপির আপত্তি

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সংবিধান সংস্কারের জন্য বিরোধী দলের সংসদ সদস্য, শীর্ষ নেতা ও সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করার পরিকল্পনা করছে। তবে বিএনপি এই উদ্যোগকে অপ্রয়োজনীয় মনে করছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ভাঙন সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছে।

গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় সই করে। পরে গণফোরাম ও জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) এই সনদে স্বাক্ষর করে। তবে বামধারার চারটি দল ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিলেও সনদে স্বাক্ষর করেনি।

সনদে স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রকাঠামো সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের একটি ভিত্তি তৈরি হলেও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে।

বিএনপি সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নে উদ্যোগী হয়েছে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দাবি, মৌলিক সংস্কারের প্রয়োজন রয়েছে, শুধু সংবিধান সংশোধন যথেষ্ট নয়। এ নিয়ে সংসদে এবং বাইরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

সংবিধান সংশোধনে উদ্যোগী সরকার

সংশোধন এবং সংস্কার বিতর্কের মধ্যে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটি পেশাজীবীদের সঙ্গে ১০টি বৈঠক সম্পন্ন করেছে। এসব বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে সংসদে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রস্তাবগুলো নিয়ে আবারও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংস্কারের দাবিতে অনড় বিরোধী দল

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্য গত সেপ্টেম্বর থেকে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এবার বিরোধী জোট সরকারের গঠিত কমিটিকে জনগণের আকাঙ্ক্ষাবিরোধী আখ্যা দিয়ে পাল্টা সংবিধান সংস্কার বাস্তবায়ন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।

বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য, শীর্ষ নেতা এবং সংবিধান বিশেষজ্ঞদের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের এই কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা সরকারের কাছে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

বিএনপি এবং জামায়াতের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। তিনি সরকারের পদক্ষেপকে এখতিয়ারবহির্ভূত আখ্যা দিয়ে বলেন, ‘সংবিধান নিয়ে সরকার যে সংশোধনের পথে যাচ্ছে, এটা এখতিয়ারবহির্ভূত। এই সংসদকে জনগণ সেই রায় দেয়নি। আলাদা একটা ফোরাম করে সংস্কার করার কথা বলা হয়েছে। তাই আমরা সংস্কার প্রক্রিয়া শুরুর জন্য আলাদা একটা কমিটি গঠন করব।’

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিরোধী দলের আলাদা কমিটি গঠনের উদ্যোগকে অপ্রয়োজনীয় মনে করেন। তিনি বিরোধী দলকে সংসদে উপস্থিত হয়ে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

আলাল বলেন, ‘যদি তারা (১১ দলীয় ঐক্য) আন্দোলন না করে বরং সংসদে গিয়ে উপস্থিত হন, তাহলে বলটা তাদের কোর্টে চলে আসে। তখন তারা বলতে পারেন, আমরা সংস্কারই চাই, এই সংশোধন শব্দটা মানব না। যদি বিএনপি নেতিবাচক হয়, তখন দোষারোপ করা যায়।’

তিনি আরও বলেন, ‘বিরোধীরা হাজির না হলে কাকে উদ্দেশ্য করে আমি কথা বলব বা কার কাছে প্রস্তাবনা চাইব?’ ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে এবং ঐক্য গড়তে সংসদীয় কমিটিতে উপস্থিত হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটেনে সামরিক ঘাঁটির আকাশে সন্দেহজনক ড্রোন, মার্কিন বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


ব্রিটেনে সামরিক ঘাঁটির আকাশে সন্দেহজনক ড্রোন, মার্কিন বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ব্রিটেনের একটি সামরিক ঘাঁটির আকাশে অনুমতি ছাড়া ড্রোন উড়ানোর সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে শুক্রবার ব্যবস্থা গ্রহণ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

এটি সাম্প্রতিক সময়ে দেশটিতে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধবিমান নিয়ে একটি ঘাঁটিতে ঘটে যাওয়া সর্বশেষ নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র বিবৃতিতে জানান, আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে এই ঘটনার ফলে কোনো সামরিক সদস্য, উড়োজাহাজ বা অবকাঠামোর ক্ষতি হয়নি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘আমরা স্বাগতিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি, যাতে মার্কিন সেনাসদস্য, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক দেশের বেসামরিক নাগরিক, ঠিকাদার এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও মার্কিন বিমানবাহিনীর বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বর্তমান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।’

এর আগে চলতি সপ্তাহে আরএএফ লেকেনহিথের সরকারি ফেসবুক পেজে একটি পোস্টে অনুমতি ছাড়া ড্রোন উড়ানোর মতো যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘সতর্ক ও সচেতন স্থানীয় জনগণই আমাদের নিরাপত্তার সবচেয়ে বড় শক্তি।’

লেকেনহিথ ঘাঁটিতে ড্রোন-সংক্রান্ত এই সন্দেহজনক ঘটনার কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আরেকটি ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএফ ফেয়ারফোর্ডে কথিত সন্ত্রাসী পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করার কথা জানায়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের ‘ইরানি অপারেটিভ’ হিসেবে চিহ্নিত করেছেন।

অভিযোগ অনুযায়ী, ওই তিন ব্যক্তি সেপ্টেম্বরে ঘাঁটিটিতে সংঘটিত একটি ঘটনার পরিকল্পনা ও নির্দেশনায় সহায়তা করেছিলেন। স্থানীয় এক কৃষক কয়েকটি সাদা ভ্যান নিয়ে একদল ব্যক্তির সন্দেহজনক কর্মকাণ্ড দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বিষয়টি সামনে আসে।

ইরান যুদ্ধের প্রভাব

যুক্তরাষ্ট্রের আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, মোহাম্মদ আলী আল-হাসানি নামে এক ব্যক্তি কয়েকজনকে ভ্যান নিয়ে ওই সামরিক ঘাঁটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ভ্যানগুলোর কয়েকটিতে জ্বালানিভর্তি ড্রাম ছিল। অভিযোগে আরও বলা হয়েছে, এর আগে তিনি ওই ব্যক্তিদের এমন কিছু ধাতব বস্তু কেনার জন্য অর্থ দিয়েছিলেন, যেগুলো বিস্ফোরণের সময় ছিটকে গিয়ে আঘাত হানতে সক্ষম খণ্ডাংশ (শ্র্যাপনেল) হিসেবে ব্যবহার করা সম্ভব।

এর কয়েক দিন পর যুক্তরাষ্ট্র ওই ঘাঁটি থেকে তাদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়।

এদিকে, গত মাসে আরএএফ ফেয়ারফোর্ডের ওই ঘটনার সঙ্গে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত অপরাধের অভিযোগে দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে মামলা করে দেশটির পুলিশ।

তাদের একজনের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ আনা হয়েছে, যা ইরানের বলে ধারণা করা হচ্ছে। অন্যজনের বিরুদ্ধে যুক্তরাজ্যের স্বার্থের পরিপন্থি উদ্দেশ্যে একটি নিষিদ্ধ স্থানে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ফ্লাইট চলাচল পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য থেকে জানা গেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্রিটেনের আরেকটি বিমানঘাঁটি আরএফ মিলডেনহল থেকে অন্তত ১২টি উড়োজাহাজ সরিয়ে নিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের পক্ষ থেকে হুমকির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটেনের বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করে আসছে মার্কিন বাহিনী। ওই যুদ্ধের জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে।

বুধবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা চালাতে এসব ঘাঁটি ব্যবহার করে, তাহলে মধ্যপ্রাচ্যের বাইরেও ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হতে পারে।

এর আগেও ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে সংঘাতের বিস্তৃতি আরও বাড়ানো হবে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একজন উপদেষ্টা প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, এই যুদ্ধ আরও বিস্তৃত হয়ে ভারত মহাসাগর এবং সম্ভবত তার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফ্রিকান কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


আফ্রিকান কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে অবস্থান করছেন। তৃতীয় কোনো দেশে তাকে পাঠানোর পরিকল্পনা করছিল ভারত। কিন্তু, আফ্রিকান কোনো দেশও তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। শুক্রবার (১৩ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেছেন, ‘যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতার- এমনকি আফ্রিকার কোনো দেশও গণহত্যাকারীকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর ইস্যু হয়ে উঠছে, এটি এখন আর গোপন কোনো বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে- গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন কেন আশ্রয় দিয়ে রেখেছে?’

বিবিসির একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া। এ নিয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও সেই চেষ্টা সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প। অর্থাৎ, হাসিনার সামনে একের পর এক পথ বন্ধ হয়ে আসছে। সর্বশেষ চেষ্টা হিসেবে এখন সেই তৃণমূলের নেতাকর্মীদের রক্তের ওপর ভর করেই বাংলাদেশে ফিরতে চায় গণহত্যাকারী পলাতক শেখ পরিবার!’

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, পালিয়ে গিয়ে হাসিনা লাখো নেতাকর্মীকে মৃত্যুর মুখে ফেলে গেছেন। তার ভাষ্য, ‘ক্ষমতা ছেড়ে পালানোর সময় এই নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফেলে রেখে নিজের পরিবারের সদস্যদের আগেভাগে দেশের বাইরে পাঠিয়ে নিজেও পালিয়েছে। আর দেশত্যাগের পর হাসিনাপুত্রের বক্তব্য ছিল, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই’ এমনই দায়িত্বহীন অবস্থান।’

পলাতক অবস্থান থেকে একের পর এক কার্যক্রমের ঘোষণা দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এতে করে আবারও দেশে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে দলটি, এমন অভিমত ব্যক্ত করেছেন নাজমুল।

দেশে থাকা আওয়ামী নেতাকর্মীদের সতর্ক করে তিনি লিখেছেন, ‘যে পরিবার ক্ষমতায় থাকতে নেতাকর্মীদের ব্যবহার করেছে, বিপদের সময় তাদের ফেলে পালিয়েছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আবারও তৃণমূলের নেতাকর্মীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগকে যারা এখনো ধর্মের মতো মনে করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, একবার চিন্তা করুন। নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%