ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

রাউজানের কৃষকরা উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি, মানববন্ধন ও বিক্ষোভ


রাউজানের কৃষকরা উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি, মানববন্ধন ও বিক্ষোভ

চট্টগ্রামের রাউজানের প্রান্তিক কৃষকেরা উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়ায় চরম লোকসানের সম্মুখীন হয়েছেন। কৃষকদের অভিযোগ, প্রতি মণ ধান উৎপাদনে তাঁদের খরচ প্রায় ১ হাজার ৩৬৪ টাকা। কিন্তু খোলাবাজারে মানভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ৯০০ টাকায়। ফলে, তাঁরা প্রতি মণে ৪০০ থেকে ৫০০ টাকা লোকসান গুনছেন। ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরকারি ক্রয়প্রক্রিয়া সহজ করা এবং কৃষি উপকরণের মূল্য কমানোসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রাউজানের পাহাড়তলী ও মহমুনি এলাকার কয়েকশ কৃষক।

রবিবার (১ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনীতে "প্রদীপ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের" উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকেরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। তাঁরা বক্তব্যের মাধ্যমে কৃষির বর্তমান উৎপাদন ব্যয়, ধানের বাজারমূল্য এবং সরকারি সংগ্রহব্যবস্থায় বিদ্যমান সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক দীপঙ্কর বড়ুয়া, মো. সোহেল রানা, সংগঠক মো. জুয়েল, কৃষক মো. ফারুক, সত্য বৈদ্য, সান্তুু দেয়সহ আরও অনেকেই।

মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল পাহাড়তলী চৌমুহনী বাজার প্রদক্ষিণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক, ডিজেল, সেচ ও কৃষিশ্রমিকের মজুরিসহ উৎপাদনের প্রায় সব উপকরণের দাম বেড়েছে। ফলে, ধান উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেলেও বাজারে সেই অনুপাতে দাম বাড়েনি। কৃষকেরা জানান, তাঁদের হিসাব অনুযায়ী প্রতি কেজি ধান উৎপাদনে ব্যয় হচ্ছে প্রায় ৩৪ টাকা ১১ পয়সা। সে হিসাবে প্রতি মণে উৎপাদন খরচ দাঁড়ায় প্রায় ১ হাজার ৩৬৪ টাকা। অথচ বাজারে ধানের দাম পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৯০০ টাকা। এতে উৎপাদন খরচও তুলতে পারছেন না তাঁরা। বিশেষ করে মহামুনিসহ এলাকার প্রান্তিক কৃষকেরা এ পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি দুর্ঘটনায় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

কৃষকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, সরকারি নির্ধারিত প্রতি মণ ধানের সংগ্রহমূল্য ১ হাজার ৪৪০ টাকা প্রকৃত প্রান্তিক কৃষকের কাছে পৌঁছানো এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা; সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির ক্ষেত্রে প্রশাসনিক হয়রানি বন্ধ করে ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়নে উন্মুক্ত ধান ক্রয়কেন্দ্র স্থাপন; চাতাল ও বড় মিল মালিকদের অবৈধ মজুতদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; ডিজেল, সার ও বিদ্যুতের মূল্য কমিয়ে উৎপাদন ব্যয় হ্রাস; কৃষি উপকরণের সরবরাহ বাড়িয়ে দাম কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং ইউনিয়নভিত্তিক প্রান্তিক কৃষকদের জন্য মাসিক অথবা ত্রৈমাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

এ বিষয়ে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, ‘কৃষকদের দাবিগুলোর বিষয়ে আমরা জেনেছি। তবে তাঁরা এখনো আমাদের কাছে আসেননি। কৃষকের উৎপাদন ব্যয় কমাতে মাঠপর্যায়ে উঠান বৈঠক করা হচ্ছে। এসব বৈঠকে দেখা যায়, অনেক কৃষক প্রয়োজনের তুলনায় বেশি কীটনাশক ও সার ব্যবহার করেন। সচেতনতার মাধ্যমে এসব অপ্রয়োজনীয় ব্যয় কমানো সম্ভব। প্রশিক্ষণে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।’

ধানের সরকারি সংগ্রহমূল্য প্রসঙ্গে তিনি বলেন, ধানের সংগ্রহমূল্য সরকার নির্ধারণ করে। এবার বোরো মৌসুমে প্রতি মণ ধান ১ হাজার ৪৪০ টাকা দরে সংগ্রহ করা হয়েছে। খাদ্যগুদামের ধারণক্ষমতা ও চাহিদার ভিত্তিতে কৃষি বিভাগকে সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। সে অনুযায়ী ইউনিয়নভিত্তিক উৎপাদনের হার বিবেচনায় প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করা হয়। একজন কৃষকের কাছ থেকে এক থেকে তিন টন পর্যন্ত ধান সংগ্রহ করা হয়।

কৃষকদের দাবি, উৎপাদন ব্যয় ও বাজারমূল্যের ব্যবধান কমাতে কার্যকর উদ্যোগ না নিলে কৃষিকাজে আগ্রহ হারাবেন অনেক প্রান্তিক চাষি। এতে স্থানীয় কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাই তাঁদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: ৩৬ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে, চট্টগ্রামে গ্যাসের চাপ কমতে পারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট, প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগানোর আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট, প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগানোর আলোচনা

প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ, অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে ঢাকায় আগামী দুই দিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সম্মেলন আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের তথ্যাদি রবিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়। আয়োজকেরা সম্মেলনের লক্ষ্য, পরিকল্পনা ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহীদুজ্জামান টরিক সংবাদ সম্মেলনে বলেন, "প্রবাসী বাংলাদেশিরা তাদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।" তিনি জানান, এনআরবি ওয়ার্ল্ড এই সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও জানান, ২০১৪ সালে সিঙ্গাপুরের শাংগ্রি-লা হোটেলে সংগঠনটির যাত্রা শুরু হয়। এরপর বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দুবাইসহ বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৫০টির বেশি দেশে এনআরবি ওয়ার্ল্ডের নেটওয়ার্ক রয়েছে। এবারের সম্মেলনে বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীর অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকেরা।

আয়োজকেরা জানান, দুই দিনের এ সম্মেলনে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি ও টেকসই উন্নয়নসহ দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ‘গ্লোবাল হেলথ সামিট ২০২৬’ অনুষ্ঠিত হবে, যেখানে স্বাস্থ্যসেবা, চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হবে।

সম্মেলনের অন্যতম লক্ষ্য প্রবাসী বাংলাদেশি ও দেশের উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ তৈরি করা। এ উদ্দেশ্যে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিং, বিনিয়োগ আলোচনা এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী নারীদের নেতৃত্ব ও অবদান নিয়েও বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে কার্যকর কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বিনিয়োগ সহায়তা ও কমিশনভিত্তিক প্রস্তাবসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে।

আন্তর্জাতিক পরিসরে সম্মেলনের প্রচার ও অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে বিভিন্ন দেশে কার্যক্রম চালানো হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, অবদান ও সম্ভাবনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেও বিভিন্ন প্রকাশনা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশে তাদের বিনিয়োগ ও অংশগ্রহণের সুযোগ তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, পরিচালক আনিসুল কবির জাসির ও রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান উপস্থিত ছিলেন।

আয়োজকদের আশা, এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ প্রবাসী বাংলাদেশি ও দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা, বিনিয়োগ, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের পূর্ব উপকূলে জোয়ার-ভাটায় সামুদ্রিক প্রাণের বিস্ময়কর জগৎ উন্মোচিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


ভারতের পূর্ব উপকূলে জোয়ার-ভাটায় সামুদ্রিক প্রাণের বিস্ময়কর জগৎ উন্মোচিত

ভারতের পূর্ব উপকূলে জোয়ার-ভাটার প্রভাবে তৈরি হওয়া ছোট ছোট জলাশয়ে বিস্ময়কর সামুদ্রিক প্রাণের সন্ধান পাওয়া যাচ্ছে। বিচিত্র এসব প্রাণী ও তাদের আবাসস্থল সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশটির পরিবেশবাদী সংগঠন ইস্ট কোস্ট কনজারভেশন টিম (ইসিসিটি) উদ্যোগ গ্রহণ করেছে।

সংগঠনটি গত ছয় বছরে পাঁচ শাতাধিক সামুদ্রিক প্রজাতির সন্ধান ও নথিভুক্ত করেছে। উপকূলের জীববৈচিত্র্য তুলে ধরার উদ্দেশ্যে সংগঠনটি বিশেষ উপকূলীয় পদযাত্রার আয়োজন করছে।

নিক্কেই এশিয়ার খবরে উল্লেখ করা হয়েছে, ভারতের পূর্ব উপকূলের বিশাখাপত্তনমের তেনেতি পার্কসংলগ্ন সৈকতে ভাটার সময় পাথরের খাঁজে ও গর্তে ছোট ছোট জলাশয় তৈরি হয়। এসব জলাশয়ে দেখা মেলে সামুদ্রিক তারামাছ, কাঁকড়া, ছোট মাছ, সামুদ্রিক শামুক, স্পঞ্জ, সামুদ্রিক শৈবালসহ নানা প্রাণের। আপাতদৃষ্টিতে প্রাণহীন মনে হওয়া পাথুরে উপকূলেই লুকিয়ে রয়েছে সমৃদ্ধ এক সামুদ্রিক বাস্তুতন্ত্র।

সংগঠনটির ব্যবস্থাপনা ট্রাস্টি প্রিয়াঙ্কা ভেদুলা জানান, ভারতের পূর্ব উপকূলের এই অঞ্চল ভৌগোলিকভাবে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। বিশাখাপত্তনমে উপকূল থেকে মাত্র চার থেকে ছয় কিলোমিটার দূরেই মহীসোপানের শেষ প্রান্ত ও মহীঢাল শুরু হয়েছে। ফলে গভীর সমুদ্রে বসবাসকারী অনেক প্রাণীও উপকূলের কাছাকাছি চলে আসে।

গত ছয় বছরে বিশাখাপত্তনম উপকূলে ৫০০টির বেশি সামুদ্রিক প্রজাতির সন্ধান ও নথিভুক্ত করেছে ইসিসিটি। ২০২৫ সালের জানুয়ারিতে রাতের একটি উপকূলীয় পদযাত্রায় সামুদ্রিক স্লাগের একটি প্রজাতির ছবি তোলেন সামুদ্রিক জীববিজ্ঞানী শ্রীচক্র প্রণব। পরে বিশেষজ্ঞদের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, এটি ‘ফিডিয়ানা ইউনিলিনিয়াটা’ প্রজাতি। ১৮৬৪ সালে বিশাখাপত্তনম থেকেই প্রজাতিটির প্রথম বর্ণনা দিয়েছিলেন ব্রিটিশ প্রাণিবিদেরা। এরপর বিশ্বে আর কোথাও এর ছবি পাওয়া যায়নি। ফলে আবিষ্কারটিকে প্রজাতিটির পুনরাবিষ্কার হিসেবে দেখা হচ্ছে।

২০২০ সাল থেকে ইসিসিটি ৩০০টির বেশি উপকূলীয় পদযাত্রার আয়োজন করেছে। এতে অংশ নিয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। এসব আয়োজনের মাধ্যমে ১৫০ জনের বেশি অংশগ্রহণকারী আন্তর্জাতিক নাগরিক বিজ্ঞান প্ল্যাটফর্ম আইন্যাচারালিস্টে যুক্ত হয়েছেন। তারা সামুদ্রিক প্রাণের ১০ হাজারের বেশি পর্যবেক্ষণ নথিভুক্ত করেছেন।

বিশেষজ্ঞদের মতে, জোয়ার-ভাটার মধ্যবর্তী অঞ্চল ছোট মাছ, কাঁকড়া ও চিংড়ির নিরাপদ প্রজনন ও বেড়ে ওঠার ক্ষেত্র। পাশাপাশি শৈবাল ও অণুজীবের মাধ্যমে এসব অঞ্চল সামুদ্রিক প্রাণের গুরুত্বপূর্ণ খাদ্য জোগায়।

উপকূলীয় এই বাস্তুতন্ত্র ধ্বংস হলে বহু প্রজাতির খাদ্য ও প্রজননক্ষেত্র হারিয়ে যাবে, যার প্রভাব পড়তে পারে বৃহত্তর সামুদ্রিক পরিবেশের ওপর। তাই উন্নয়ন কর্মকাণ্ডে এসব আবাসস্থল ধ্বংস হওয়ার আগেই সংরক্ষণ জরুরি বলেও মনে করছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহবাগে ভবঘুরে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


শাহবাগে ভবঘুরে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর শাহবাগ থানার বিভিন্ন স্থান থেকে এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, উভয়ই ভবঘুরে হিসেবে চিহ্নিত হয়েছেন।

রবিবার (১ নভেম্বর) বিকেল বেলায় শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নম্বর ফটকের কাছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (২৫) মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেন পুলিশের সহকারী উপপরিদর্শক রাজিব।

পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উভয় মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের চুক্তি

বাংলাদেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক এবং এনআরবিসি ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এনআরবিসি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম, এফসিএমএ, খান উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. শাহীন হাওলাদার, এসএমই এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের আওতায় গঠিত এই প্রাক-অর্থায়ন স্কিমের মাধ্যমে চামড়া ও চামড়াজাত শিল্প খাতে প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রদান করা হবে। এর ফলে এই খাতের উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধি পাবে এবং শিল্পটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%