১০:৪৩ পি.এম
নিজ দেশে নিষেধাজ্ঞা এবং প্রবাস জীবন কাটানোর পরও বৈশ্বিক পরিমণ্ডলে প্রখ্যাত ইসলামি দাঈ ডা. জাকির আবদুল করিম নায়েকের প্রভাব কমেনি।
জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের (১৮তম বার্ষিক) সংস্করণে তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় পুনরায় স্থান করে নিয়েছেন।
প্রতিবেদনটি এমন একটি সময়ে প্রকাশিত হয়েছে, যখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) আওতায় ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে। আইনি বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক মুসলিম বিশ্বে তাঁর আদর্শিক ও ডিজিটাল প্রভাবের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে আরআইএসএসসি।
আরও পড়ুন: আত্মশুদ্ধির শ্রেষ্ঠ স্থান আউলিয়াদের দরবার: কাদের গনি চৌধুরী
‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সংস্করণে ডা. জাকির নায়েক শীর্ষ ৫০-এর ঠিক পরের বিশেষ সম্মাননাসূচক শ্রেণি ‘অনারেবল মেনশনস’ (Honourable Mentions)-এ স্থান পেয়েছেন। এছাড়াও, মূল ৪৫০ জনের তালিকার ‘প্রিচার্স অ্যান্ড স্পিরিচুয়াল গাইডস’ (ধর্মপ্রচারক ও আধ্যাত্মিক রাহবার) বিভাগেও তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে। প্রকাশনাটির সম্পাদকীয় পর্ষদ জানিয়েছে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর সাংস্কৃতিক, আদর্শিক ও গণমাধ্যমভিত্তিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়। তবে প্রকাশকরা স্পষ্ট করেছেন যে, তালিকায় কারও নাম অন্তর্ভুক্তির অর্থ তাঁর মতামত বা কর্মকাণ্ডের প্রতি অনুমোদন নয়; বরং মুসলিম বিশ্বে তাঁর প্রভাবের একটি পরিমাপমাত্র।
পেশায় চিকিৎসক (এমবিবিএস) মুম্বাইয়ে জন্মগ্রহণকারী ডা. জাকির নায়েক তুলনামূলক ধর্মতত্ত্ব ও ইসলামী বক্তৃতার মাধ্যমে উপমহাদেশসহ বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তবে ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে অর্থপাচার ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগ এনে ভারত সরকার তদন্ত শুরু করে। ওই বছরেই তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় চলে যান এবং পরবর্তীতে সেখানে স্থায়ী বসবাসের অনুমতি পান।
২০১৬ সালের নভেম্বরে প্রথমবার তার সংস্থা আইআরএফ-কে নিষিদ্ধ ঘোষণা করে নয়াদিল্লি, ২০২১ সালে এবং সর্বশেষ ২০২৬ সালের নভেম্বরে আরও পাঁচ বছরের জন্য নবায়ন করা হয়। একইসাথে, তাঁর পরিচালিত স্যাটেলাইট চ্যানেল ‘পিস টিভি’র সম্প্রচার ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য ও কানাডাসহ একাধিক দেশে বন্ধ রয়েছে। ভারত সরকার একাধিকবার মালয়েশিয়ার কাছে তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানালেও পর্যাপ্ত প্রমাণের অভাবে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে অস্বীকৃতি জানায় এবং কুয়ালালামপুরও আইনি প্রক্রিয়ার কারণে তাঁকে হস্তান্তর করেনি।
মূলধারার গণমাধ্যম ও নিজ দেশে নিষিদ্ধ থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব এবং আন্তর্জাতিক সেমিনারের মাধ্যমে কোটি অনুসারীর কাছে নিজের দাওয়াতি বক্তব্য পৌঁছে দিচ্ছেন ৬১ বছর বয়সী এই ইসলামী চিন্তাবিদ ও দাঈ। প্রবাস জীবনে থেকেও বিভিন্ন মুসলিম দেশে রাষ্ট্রীয় ও বেসরকারি আমন্ত্রণে বক্তৃতা দিয়ে আলোচনায় রয়েছেন তিনি।
আরও পড়ুন: সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে: শায়খ আব্দুল কাইয়ুম
আরআইএসএসসি-র প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষের ধর্মীয় চিন্তায় প্রভাব বিস্তারের সক্ষমতাই তাঁকে পুনরায় বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা করে দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন