ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বান্দার হক আদায় না করার পরিণতি সম্পর্কে আলোচনা


বান্দার হক আদায় না করার পরিণতি সম্পর্কে আলোচনা

ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ ও জাকাতের ধর্ম নয়; এটি মানুষের অধিকার, ন্যায়বিচার, সততা ও মানবিক মর্যাদা রক্ষার ধর্মও। একজন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে, নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, দান-সদকা করে; তবে যদি সে অন্যের সম্পদ আত্মসাৎ করে, কারও পাওনা আটকে রাখে, প্রতারণা করে, সম্মানহানি করে অথবা অন্যের ওপর জুলুম করে, তাহলে তার ইবাদত তাকে বান্দার হকের দায় থেকে মুক্ত করতে পারবে না।

কারণ, আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন; কিন্তু বান্দার হকের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তির অধিকার ও ক্ষমার সঙ্গে জড়িত। তাই ইসলামে অন্যের অধিকার নষ্ট করা অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।

সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, দুনিয়াতে হয়তো ক্ষমতা, অর্থ কিংবা প্রভাবের কারণে কারও অধিকার কেড়ে নেওয়া সম্ভব; কিন্তু কিয়ামতের দিন কোনো ক্ষমতা, প্রভাব, অর্থ কিংবা সুপারিশ দিয়ে অন্যের হক থেকে সহজে রেহাই পাওয়া যাবে না। সেদিন নিজের উপার্জিত নেক আমল দিয়ে হলেও বান্দার হক আদায় করতে হবে।

আরও পড়ুন: বাহাউদ্দীন যাকারিয়া আল্লামা আরশাদ মাদানির সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১. বান্দার হক নষ্ট করা ইসলামে মহাপাপ

অন্যের সম্পদ, সম্মান, অধিকার কিংবা প্রাপ্য কোনো কিছু অন্যায়ভাবে ভোগ করা জুলুমের অন্তর্ভুক্ত। ইসলাম এ ধরনের অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। আল্লাহ তাআলা বলেন—

لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ

‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৮৮)

আরও পড়ুন: ১৬ বছর বিনা বেতনে দায়িত্ব পালন করা মুয়াজ্জিন সৈয়দ আলীকে আবেগঘন বিদায়

কারও সম্পদ আত্মসাৎ করা, প্রতারণার মাধ্যমে সম্পদ নেওয়া, পাওনা আটকে রাখা কিংবা অন্যায়ভাবে কারও সম্পদের অধিকার নষ্ট করা আল্লাহর নিষেধের অন্তর্ভুক্ত।

২. কিয়ামতের দিন নেক আমল দিয়ে অন্যের হক পরিশোধ করতে হবে

বান্দার হক নষ্ট করার সবচেয়ে ভয়াবহ পরিণতি হলো, কিয়ামতের দিন নিজের নেক আমল দিয়ে অন্যের পাওনা পরিশোধ করতে হবে। রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো, নিঃস্ব ব্যক্তি কে? সাহাবিগণ বললেন, আমাদের মধ্যে যার কোনো দিরহাম বা সম্পদ নেই, সেই নিঃস্ব। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন—

إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ...

আরও পড়ুন: পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে ভাতা দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

‘আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব ব্যক্তি হলো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে। কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারও সম্পদ ভক্ষণ করেছে, কারও রক্তপাত করেছে এবং কাউকে প্রহার করেছে। ফলে তার নেক আমল থেকে এ ব্যক্তিকে দেওয়া হবে, ও ব্যক্তিকে দেওয়া হবে। এভাবে পাওনাদারদের হক আদায়ের আগেই যদি তার নেক আমল শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (মুসলিম ২৫৮১)

এই হাদিস থেকে বোঝা যায়, শুধু নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত করলেই বান্দার হকের দায় থেকে মুক্ত হওয়া যাবে না। কিয়ামতের দিন অন্যের অধিকার নষ্ট করার কারণে নিজের অর্জিত নেক আমলও হারাতে হতে পারে।

৩. নেক আমল শেষ হলে অন্যের পাপ নিজের কাঁধে নিতে হবে

কিয়ামতের দিন বান্দার হক আদায়ের জন্য প্রথমে জালিমের নেক আমল থেকে মজলুমকে দেওয়া হবে। কিন্তু নেক আমল যদি পাওনাদারদের অধিকার পূরণ করার জন্য যথেষ্ট না হয়, তাহলে মজলুমের পাপ জালিমের ওপর চাপিয়ে দেওয়া হবে। এটি অত্যন্ত ভয়াবহ পরিণতি!

আরও পড়ুন: ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলের ২১ শিক্ষার্থী কুরআনের ছবক গ্রহণ করেছে

একবার চিন্তা করুন, যে মানুষটি সারাজীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান-সদকা করেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন নেক আমল করেছে—সেই মানুষটিই অন্যের অধিকার নষ্ট করার কারণে কিয়ামতের দিন নিজের নেক আমল হারাবে এবং অন্যের পাপের বোঝা বহন করবে!

তাই কারও সম্পদ, সম্মান কিংবা অধিকার নষ্ট করার আগে কিয়ামতের সেই কঠিন দিনের কথা স্মরণ করা উচিত।

৪. বান্দার হক আদায় না করে মৃত্যু হলে বিপদ আরও কঠিন

অনেক মানুষ অন্যের কাছ থেকে টাকা ধার নেয়, কারও সম্পদ আত্মসাৎ করে, কারও পাওনা আটকে রাখে কিংবা কারও অধিকার নষ্ট করে; কিন্তু তা পরিশোধ করার কোনো উদ্যোগ নেয় না। কেউ কেউ আবার মনে করে, পরে দিয়ে দেব, ক্ষমা চেয়ে নেব কিংবা কোনো একসময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই সময় আসার আগেই যদি মৃত্যু এসে যায়, তাহলে বিষয়টি আরও কঠিন হয়ে দাঁড়ায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

আরও পড়ুন: বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষ পঁচিশের পরিচিতি প্রকাশ

مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ، قَبْلَ أَنْ لَا يَكُونَ دِينَارٌ وَلَا دِرْهَمٌ

‘যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মানহানি করেছে কিংবা অন্য কোনো বিষয়ে তার ওপর জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়; সেই দিন আসার আগে, যেদিন কোনো দিনার বা দিরহাম থাকবে না।’ (বুখারি ২৪৪৯)

দুনিয়াতে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কিয়ামতের দিন টাকা-পয়সা দিয়ে কারও পাওনা পরিশোধ করা যাবে না; বরং নেক আমল দিয়ে হিসাব মেটানো হবে।

৫. অন্যের হক ভোগ করলে দোয়া কবুলে বাধা সৃষ্টি হয়

আরও পড়ুন: সন্তানকে ঈমান, তাকওয়া ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

মানুষ যখন অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, তখন তা তার জন্য হারাম কাজে জড়িত হয়। এটি তার দোয়া কবুলের পথে বড় বাধা সৃষ্টি হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ: يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟

‘এরপর রাসুলুল্লাহ (সা.) এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফর করে, এলোমেলো চুল ও ধুলোমলিন শরীর নিয়ে আকাশের দিকে হাত তুলে বলে, ‘হে আমার রব! হে আমার রব!’ অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে। তাহলে কীভাবে তার দোয়া কবুল হবে?’ (মুসলিম ১০১৫)

এ হাদিস থেকে বোঝা যায়, হারামভাবে অন্যের সম্পদ ভোগ মানুষের দোয়া কবুলের ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা।

৬. দুনিয়াতেও জুলুমের পরিণতি ভয়াবহ হতে পারে

অন্যের অধিকার নষ্ট করার পরিণতি শুধু আখিরাতেই সীমাবদ্ধ নয়। দুনিয়াতেও জুলুমের কারণে মানুষ নানা ধরনের বিপদ, অশান্তি, সামাজিক বিরোধ ও অপমানের সম্মুখীন হতে পারে। যেমন—

তবে মনে রাখতে হবে, প্রত্যেক জুলুমের শাস্তি দুনিয়াতে দৃশ্যমান হবেই—এমন নয়। অনেক জালিমকে দুনিয়াতে স্বচ্ছন্দে জীবন কাটাতে দেখা যায়। কিন্তু দুনিয়ার অবকাশ কখনোই আখিরাতের জবাবদিহি থেকে মুক্তির নিশ্চয়তা নয়।

বান্দার হক থেকে মুক্তির উপায় কী?

কারও হক নষ্ট করে থাকলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। বরং জীবিত থাকতেই তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। আন্তরিক তওবার পাশাপাশি যার অধিকার নষ্ট করা হয়েছে, তার অধিকার ফিরিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে করণীয়গুলো হলো—

১. অন্যের সম্পদ ও পাওনা ফিরিয়ে দেওয়া

কারও টাকা, জমি, সম্পদ কিংবা অন্য কোনো আর্থিক অধিকার নষ্ট করে থাকলে তা যথাসম্ভব দ্রুত প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে হবে। যদি মালিকের কাছে সরাসরি পৌঁছানো সম্ভব না হয়, তাহলে তাকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করতে হবে। মালিক মারা গেলে তার বৈধ উত্তরাধিকারীদের কাছে পাওনা পৌঁছে দিতে হবে। আর মালিককে কোনোভাবেই খুঁজে পাওয়া না গেলে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুযায়ী করণীয় নির্ধারণ করতে হবে।

২. যার মনে কষ্ট দিয়েছি, তার কাছে ক্ষমা চাওয়া

কাউকে গালি দিয়ে থাকলে, অপমান করলে, অপবাদ দিলে, গিবত করলে কিংবা মানসিক ও শারীরিকভাবে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। বিশেষ করে কারও সম্মানহানি করে থাকলে তা সংশোধনের চেষ্টা করতে হবে। তবে গিবতের বিষয়টি জানালে যদি নতুন করে শত্রুতা বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে কীভাবে তার অধিকার পূরণ করা যায় সে বিষয়ে আলেমের পরামর্শ নেওয়া ভালো। তার জন্য দোয়া করা, তার সুনাম ও ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরা এবং যেখানে অপবাদ দেওয়া হয়েছে সেখানে যথাসম্ভব সত্য প্রতিষ্ঠা করাও জরুরি।

৩. আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা

নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত হতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে আর কখনো এমন অন্যায় না করার দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহ তাআলা বলেন—

وَلَا تَيْأَسُوا مِن رَّوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ

‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই কাফির সম্প্রদায় ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।’ (সুরা ইউসুফ: আয়াত ৮৭)

তাহলে বান্দার হক নষ্ট করে থাকলে তা আদায় করার পাশাপাশি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করতে হবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না।

৪. পাওনা পরিশোধে অক্ষম হলে পাওনাদারের সঙ্গে সমঝোতা করা

কারও টাকা বা সম্পদ ফেরত দেওয়ার সামর্থ্য না থাকলে বিষয়টি গোপন না রেখে পাওনাদারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সময় চাওয়া, কিস্তিতে পরিশোধ করা কিংবা তার সম্মতিতে কোনো সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করতে হবে। অন্যের অধিকার আটকে রেখে নিশ্চিন্তে জীবন কাটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন শুধু অর্থ-সম্পদ, ক্ষমতা কিংবা সামাজিক মর্যাদা নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের অধিকার রক্ষা করা। মনে রাখবেন, আপনি হয়তো কারও টাকা মেরে দিয়ে দুনিয়াতে লাভবান হয়েছেন, কারও জমি দখল করে সম্পদের মালিক হয়েছেন, কারও সম্মানহানি করে নিজেকে বড় মনে করেছেন কিংবা কারও পাওনা আটকে রেখে নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন। কিন্তু এসব অন্যায়ের হিসাব একদিন আপনাকে দিতেই হবে। তাই দুনিয়াতেই মানুষের হক বুঝিয়ে দিন, আখিরাতে নিঃস্ব হবেন না।

সেদিন কোনো টাকা-পয়সা কাজে আসবে না, কোনো ক্ষমতা কাজে আসবে না, কোনো প্রভাব-প্রতিপত্তি কাজে আসবে না। আপনার অর্জিত নেক আমল দিয়েই অন্যের অধিকার পরিশোধ করতে হতে পারে।

তাহলে সময় থাকতে মানুষের হক ফিরিয়ে দিন। কারও সম্পদ আত্মসাৎ করে থাকলে ফেরত দিন, কারও পাওনা আটকে রাখলে পরিশোধ করুন, কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে আন্তরিক তওবা করুন।

মনে রাখবেন, দুনিয়াতে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া অনেক সহজ; কিন্তু কিয়ামতের দিন নিজের নেক আমল হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার পর আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না।

আসুন, আমরা এমন জীবন গড়ে তুলি, যেখানে আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের অধিকারও যথাযথভাবে রক্ষা করা হয়। কারণ প্রকৃত সফলতা শুধু নেক আমল অর্জনে নয়, বরং কারও হক নষ্ট না করে আল্লাহর দরবারে হাজির হতে পারার মধ্যেও নিহিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের অধিকার রক্ষা করার, কারও ওপর জুলুম না করার এবং জীবিত থাকতেই মানুষের সব পাওনা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ‘অবিলম্বে ও বাধাহীন’ ত্রাণ সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলকে ইইউর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


গাজায় ‘অবিলম্বে ও বাধাহীন’ ত্রাণ সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলকে ইইউর আহ্বান

গাজাবাসীর সহায়তায় ভয়াবহ বন্যার প্রভাব মোকাবেলার জন্য ত্রাণ সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে জোরালোভাবে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া, অবরুদ্ধ এই অঞ্চলের সব সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার দাবি করেছে জোটটি।

শনিবার (১৪ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে ইইউ উল্লেখ করেছে, “আমরা ইসরায়েলকে আহ্বান জানাচ্ছি যেন তারা গাজায় ব্যাপক মানবিক সহায়তা ও প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রমের অবিলম্বে, বাধাহীন প্রবেশ এবং নিরবচ্ছিন্ন বণ্টনের অনুমতি দেয়। একই সঙ্গে গাজার সব সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

গত সপ্তাহে ইসরায়েলি সামরিক সংস্থা ‘কোগাট’ (COGAT) দাবি করেছিল, ভারী বর্ষণের পূর্বে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজার পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে তারা পদক্ষেপ জোরদার করেছে।

অন্যদিকে, গাজায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, কোগাটের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো মূলত ‘হামাসের দায়বদ্ধতা থেকে সবার দৃষ্টি সরিয়ে নেওয়ার’ একটি প্রচেষ্টা। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ

জাতীয় সংসদের হুইপ জি কে গউছ মন্তব্য করেছেন যে, "রডের বদলে বাঁশ" এই ধরনের ঘটনা যদি তার এলাকায় ঘটে, তাহলে তাকে কোনো বাধা আটকাতে পারবে না। তিনি বলেন, "যত গভীরে যেতে হয়, আমি তার জন্য যাব।" তিনি আরও উল্লেখ করেন যে, কোনো দুর্নীতিবাজ বিএনপির কর্মী হতে পারেন না এবং দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই তার ডানে-বামে।

তিনি বলেন, "সরকারের সব বিভাগকে আমাদের অনুরোধ, বর্তমান সরকার শহীদদের রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছে।" তিনি জানান, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা সম্ভব নয়।

গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন হুইপ জি কে গউছ।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

হুইপ বলেন, "একবেলা ভাত খাওয়ার জন্য পাঁচ হাজার টাকার প্রয়োজন হয় না।" তিনি উল্লেখ করেন, যারা অন্যায় করেছেন, মানুষের ওপর জুলুম করেছেন এবং সম্পদ লুণ্ঠন করেছেন, তাদের অনেকেই বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করছেন। কিন্তু তাদের জানাজা কোথায় হবে, দাফন-কাফন কোথায় হবে, তা নিয়ে পরিবার চিন্তিত। কারণ, তারা খুনের মামলার আসামি এবং দুর্নীতির মামলার আসামি।

আইডিইবির জেলা সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনসুর রশিদ কাজলের পরিচালনায় অনুষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীরা বক্তব্য দেন। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখছেন ডা. আশরাফুল আমিন চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখছেন ডা. আশরাফুল আমিন চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) পদে অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আশরাফুল আমিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার।

অভিযোগে বলা হয়েছে, তিনি প্রতি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। সপ্তাহের অন্যান্য দিনেও দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগ রয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তার সরকারি দায়িত্ব পালন করার কথা। এই সময়ে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার সুযোগ নেই।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তার সরকারি চেম্বারে গিয়ে দেখা যায়নি তাকে। তবে একই সময়ে নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে পাওয়া যায়। সেখানে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ভিডিও ধারণেও বাধা দেন চিকিৎসক আশরাফুল আমিন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে সরেজমিন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়েও তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, সেদিনও সরকারি কর্মঘণ্টার মধ্যে তিনি বেসরকারি চেম্বারে রোগী দেখছিলেন।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা কয়েকজন জানান, এখানে তিনজন চিকিৎসক থাকার কথা থাকলেও পদায়ন করা হয়েছে মাত্র একজনকে। কিন্তু প্রায়ই কেন্দ্রে এসে চিকিৎসককে পাওয়া যায় না। দূরদূরান্ত থেকে এসেও চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় অনেককে।

চিকিৎসা নিতে আসা মিজান মিয়া বলেন, সকাল ১১টার দিকে স্ত্রীকে চিকিৎসক দেখাতে এসে তিনি দেখেন, ডা. আশরাফুল আমিন চৌধুরীর কক্ষের দরজা বন্ধ। পরে হাসপাতালের একজন কর্মী জানান, চিকিৎসক মাঠপর্যায়ে কাজে গেছেন। এর আগেও কয়েক দিন চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে।

কেন্দ্রের অফিস সহায়ক মো. এরশাদ বলেন, স্যার আজকে আসেননি। অন্য কোথাও হয়তো গিয়েছেন। তিনি সদর, বিজয়নগর ও আখাউড়ার দায়িত্বেও আছেন।

সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার বিষয়ে জানতে চাইলে ডা. আশরাফুল আমিন চৌধুরী বলেন, "আমি অসুস্থ থাকায় আজকে ছুটিতে আছি। উপপরিচালক স্যারকে বলে মাঝেমধ্যে শনিবারে আমি একটু ছুটিতে থাকি। কেউ হয়তো শত্রুতা করে আপনাদের জানিয়েছে।"

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, "অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে সরকারি কর্মঘণ্টায় বেসরকারি চেম্বারে রোগী দেখার সুযোগ নেই। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের জলবায়ু মন্ত্রী কেন ভারত সফরে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


পাকিস্তানের জলবায়ু মন্ত্রী কেন ভারত সফরে যাচ্ছেন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সফরের জন্য পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক যাচ্ছেন, যা দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যে একটি বিরল ঘটনা।

তিনি আগামী সপ্তাহে আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। গত বছর দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এটি হবে পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শনিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মুসাদিক মাসুদ মালিক।

এর আগে ২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এবারই প্রথম পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা দীর্ঘকাল ধরে বিদ্যমান। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর অঞ্চল নিয়ে দেশ দুটি একাধিকবার যুদ্ধে জড়িয়েছে। উভয় দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে।

গত বছরের মে মাসে কাশ্মীরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় হিন্দু ধর্মাবলম্বীসহ দুই ডজনের বেশি পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তান নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে। নয়াদিল্লি অভিযোগ করে যে ওই হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে, কিন্তু ইসলামাবাদ এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

হামলার পর দুই দেশ পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে। এক পর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছে যায় এবং দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা ব্যবহারের মাধ্যমে সামরিক সংঘাত শুরু হয়। চার দিন ধরে চলা ওই সংঘাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদ সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%